মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলা শহরে বাউল শিল্পীগোষ্ঠী ও স্থানীয় তাওহিদী জনতার মধ্যে এক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৩ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ও স্টেডিয়াম রোড এলাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এই সংঘর্ষের জন্য আলেম–ওলামা আয়োজকরা কতিপয় অতি উৎসাহী দুষ্কৃতিকারীদের দায়ী করে জানিয়েছেন, এই মারামারির সঙ্গে আলেম–ওলামার কোনো সম্পর্ক নেই।
জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই দিন সকাল ৯টায় মানিকগঞ্জের সর্বস্তরের আলেম–ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে আপামর জনসাধারণ আবুল সরকারের শাস্তির দাবিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমবেত হন। সহস্রাধিক তাওহিদী জনতার অংশগ্রহণে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মানিকগঞ্জ পোস্ট অফিসের গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে আলেম–ওলামারা আল্লাহর প্রতি কটূক্তি করার দায়ে বাউল গায়ক আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
অন্যদিকে একই দিনে এবং একই সময়ে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানিকগঞ্জ প্রেসক্লাব এলাকায় কর্মসূচির ডাক দেন আবুল সরকার সমর্থকেরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন বাউলদের কর্মসূচি পালনে বাধা দেয় এবং বেলা ১১টায় জেলা শহরের প্রেসক্লাব এলাকায় তাদের কর্মসূচির অনুমতি দেয়। কিন্তু সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বাউল সমর্থক ও ভক্তবৃন্দ জড়ো হতে থাকেন।
জানা যায়, বাউল সমর্থকদের একটি অংশ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এলাকায় অবস্থান করছিল। এই পরিস্থিতিতেই কতিপয় তাওহিদী জনতার সাথে পথচারীদের বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এক রিকশাচালক তাওহিদী জনতাকে সড়ক উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ জানালে উত্তেজনা আরও বাড়ে।
ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দেওয়ান আবুল বাশার নামে এক ভিডিও নির্মাতার সাথে এক বাউল নেতার বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। আবুল বাশার ওই বাউল নেতাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন, “আজকে এক পক্ষ অলরেডি এখানে কর্মসূচি দিয়েছে, আজকেই আপনাদের কর্মসূচি দেওয়ার কারণ কী? একদিন আগে দিতেন বা পরে দিতেন। আপনারা কি পরিকল্পিতভাবে শহরে ঝামেলা সৃষ্টি করতে এগুলো করছেন?” উত্তরে ওই বাউল নেতা আপত্তিকর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আরেক ভিডিওতে দেখা যায়, ওই বাউল নেতার সাথে থাকা আরেক ব্যক্তির সঙ্গে তাওহিদী জনতার বাগ্বিতণ্ডা শুরু হয়, এবং ঠিক এর পরপরই ধাওয়া–পাল্টাধাওয়ার সূত্রপাত হয়।
এদিকে তাওহিদী জনতা জানান, বাউলদের সঙ্গে মিশে থাকা কিছু ব্যক্তি প্রথমে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে এবং বেশ কয়েকজনকে আহত করে। এর পরই তাওহিদী জনতা আত্মরক্ষার্থে ও হামলার জবাবে এই ধাওয়া–পাল্টাধাওয়া শুরু করে।
সংঘর্ষের সময় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ভাইরাল ভিডিওতে মানিকগঞ্জ সদর থানার ওসিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।
এ ব্যাপারে মানিকগঞ্জের অন্যতম মান্য আলেম মুফতি আব্দুল হান্নান অত্যন্ত স্পষ্টভাবে বলেন, “যে দুর্ঘটনা বা মারামারি ঘটেছে, তা আমরা কখনোই চাই না ও সমর্থন করি না। আমাদের আয়োজকদের পক্ষ থেকে কেউ জানতেন না এমন পরিস্থিতি তৈরি হবে। এটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।”
তিনি বলেন, মানিকগঞ্জ জেলায় বাউল মেলা হয়। এ যাবৎকালে মানিকগঞ্জে কোনো বাউলের ওপর হামলার ঘটনা ঘটেনি। কোনো সম্প্রদায়ের ওপর আমাদের কোনো আক্রোশ নেই, আমরা সহাবস্থানে বিশ্বাসী। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের পর জনতা প্রতিবাদ মুখর হয়েছে।
তিনি আরও বলেন, “যারা মারামারি করেছে, তারা ব্যক্তিগত দায়িত্বে করেছে। মারামারির বিষয়ে আলেমদের কোনো সম্পর্ক নেই। তাদের দায়–দায়িত্ব আলেমরা নেবেন না।”
মুফতি হান্নান আশঙ্কা প্রকাশ করেন, কতিপয় ব্যক্তি অতি উৎসাহী হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এই শান্তিপূর্ণ সমাবেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো উচ্ছৃঙ্খল লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো করে থাকতে পারে। তিনি মনে করেন, দুষ্কৃতিকারীরাই এই কাজ ঘটিয়েছে—তারা যেকোনো শান্তিপূর্ণ কাজে অশান্তি সৃষ্টি করতে পায়তারা করে।
আয়োজকদের মধ্যে ক্বারী ওবায়দুল্লাহ জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য অতি দ্রুতই জেলার আলেমদের নিয়ে বসে একটি বিবৃতি বা সিদ্ধান্ত জানানো হবে।
এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ একতরফাভাবে তাওহিদী জনতাকে দায়ী করছেন, আবার অনেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছেন।
শামিম রেজা নামে এক ব্যক্তি লিখেছেন, “যাদের কাছে আল্লাহর সম্মানের চেয়ে বাউলের সম্মান বেশি, তাদের মানসিক ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছি।”
তৌফিক আহমেদ নির্জন নামে আরেক ব্যক্তি তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আবুল সরকার যা বলেছে, তা কি গ্রহণযোগ্য? আমার ধর্ম রে ছোট করবা, আমার আল্লাহকে নিয়ে বাজে কথা কইবা আর তোমাগো আমরা ছাইড়া দিমু—তা কেমনে ভাবো? কিছু ফেসবুক পেইজ দেখি ন্যাকা কান্না করছে বাউলদের ওপর হামলা হওয়ায়! ধিক্কার জানাই ঐ সকল পেইজকে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ বলেন, “আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে।”
সাইফুল নামে এক গণমাধ্যমকর্মী ফেসবুকে লিখেন, “হুমকি–সংকেত থাকা সত্ত্বেও প্রশাসন দুই পক্ষের কর্মসূচি পৃথক সময়ে নির্ধারণ করলেও সময়টি ছিল প্রায় পাশাপাশি। যেখানে সামান্য ভুল বোঝাবুঝিতেই উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে, সেখানে এমন সময় নির্ধারণ কতটা বিচক্ষণতার পরিচয় দেয়? সংঘাতের পর পুলিশ তৎপর হলেও ঘটনার আগে দৃশ্যমান কোনো কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল না—এটা নিঃসন্দেহে প্রশাসনিক ত্রুটি বা অবহেলার ইঙ্গিত করে। ধর্মীয় সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে প্রশাসন কি ১৪৪ ধারা জারি করে উভয় পক্ষের জমায়েত নিষিদ্ধ করতে পারত না? যদি তা করা হতো, তাহলে কি এই সংঘর্ষ এড়ানো যেত না? প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখা সময় এসেছে।”
তিনি আরও লেখেন, “একজন মানুষ ভুল করতেই পারে। কিন্তু ভুলকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা আরেকটি বড় ভুল। আবুল সরকার অনুষ্ঠানের শুরুতেই সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ব স্বীকার করলেও পরে পালার তর্কে অনুচিত মন্তব্য করেছেন—এটি ভুল, এবং ভক্তদের তা সমর্থন করা আরও বড় ভুল। একজন শিল্পী ভুল করলে তা স্বীকার করে ক্ষমা চাওয়া লজ্জার নয়, বরং দায়িত্বশীলতার পরিচয়। ধর্ম নিয়ে বিতর্কের নামে স্রষ্টাকে অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা সত্যিই ইসলামকে মানেন, তারা কখনোই এমন বক্তব্যকে সমর্থন করতে পারেন না।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বলেন, “আবুল সরকার অনুষ্ঠানে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ব স্বীকার করলেও পালার তর্কে যে অনুচিত মন্তব্য করেছেন—তা নিঃসন্দেহে ভুল। এবং তাঁর ভক্তদের সেই ভুলকে সমর্থন করা আরও গুরুতর ভুল। একজন দায়িত্বশীল শিল্পীর উচিত ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া, যা লজ্জার নয় বরং নৈতিক দায়িত্বশীলতার প্রতীক। ধর্ম নিয়ে বিতর্কের নামে স্রষ্টাকে অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এবং যারা সত্যিই ইসলামকে হৃদয়ে ধারণ করেন, তারা কখনোই এমন বক্তব্যকে সমর্থন করতে পারেন না।”
স্থানীয় জনসাধারণ বলেন, “আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই। ধর্ম নিয়ে অপব্যাখ্যা, পাল্টা উত্তেজনা সৃষ্টি এবং জনতা বনাম জনতা—এই ধরনের সংঘাতময় পরিস্থিতি আমাদের সমাজকে কেবল গভীরভাবে বিভক্ত করে তোলে, যা রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে, আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এবং সঠিক যুক্তি ও প্রজ্ঞার মাধ্যমে দ্বন্দ্বের সমাধান করাই আমাদের একমাত্র পথ হওয়া উচিত। ধর্মতত্ত্বের মূল শিক্ষা হলো শান্তি, আর সমাজের প্রকৃত উন্নতি নির্ভর করে সেই শান্তিময় পরিবেশের ওপর। তাই তর্ক–বিতর্ক নয়, এই পরিস্থিতিতে প্রয়োজন সর্বোচ্চ সহনশীলতা, সংযম ও পারস্পরিক শ্রদ্ধা। উভয় পক্ষকেই আজ এই চরম সত্যটি মনে রাখতে হবে: ইসলামকে যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, তবে তা করতে হবে সঠিক রেফারেন্স ও যুক্তির মাধ্যমে—কোনো ধরনের সহিংসতা বা সংঘাতের পথে নয়, যা ইসলামের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। একই সাথে আত্মসমালোচনার প্রয়োজন: একজন মানুষ ভুল করতেই পারে। কিন্তু ভুলকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করা আরও বড় নৈতিক স্খলন।”
মানিকগঞ্জ সদর থানার ওসি সাংবাদিকদের জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
