বর্তমান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বিশ্বে ইলেক্ট্রনিক্স বা ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশের মতো অনুন্নত দেশেও সৃষ্টি করেছে মারাত্মক জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় উঠে এসেছে, রাজধানী ঢাকার অপ্রাতিষ্ঠানিক ই-বর্জ্য হট স্পটগুলো থেকে বছরে এক হাজার ১৭৩ টন ই-বর্জ্য সংগ্রহ করা হয়। দুঃখজনক হলো দেশে এখন পর্যন্ত সরকারি বা স্বীকৃত ই-বর্জ্য সংগ্রহ কেন্দ্র গড়ে ওঠেনি। ফলে ৯৭ শতাংশ ই-বর্জ্য অপ্রাতিষ্ঠানিক খাতে ব্যবস্থাপনা হচ্ছে। তদুপরি ৭২ শতাংশ মানুষ অচল ইলেক্ট্রনিক পণ্য বাসায় ফেলে রাখে অজ্ঞতার কারণে। ১৫ শতাংশ বিক্রি করে দেয় ভাঙাড়িদের কাছে।\r\nই-বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না উঠলেও দেশে এই খাতে ই-বর্জ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে।
দুঃখজনক হলো, নিষেধাজ্ঞা থাকলেও ২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে ১৪ হাজার ৯৮৫ টন ই-বর্জ্য উপাদান আমদানি করা হয়েছে বেসরকারি উদ্যোগে। এ খাতে সরকারের কোন নজরদারিও নেই। ই-বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর কোনো অবকাঠামো গড়ে না উঠলেও অননুমোদিত আমদানির ফলে ক্রমাগত বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, পরিবেশ দূষণ সর্বোপরি দুর্নীতি। টিআইবির মহাপরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ই-বর্জ্য খাতে প্রবল সুশাসনের ঘাটতি থাকায় বেড়েছে আমদানি। পরিবেশগত ছাড়পত্র নিতে অবাধে চলছে অবৈধ লেনদেন ও দুর্নীতি। তদুপরি সরকারের ব্যর্থতার কারণে এ খাতে চলছে চরম অরাজকতা। এর জন্য দেশে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি বাড়ছেই, যা রীতিমতো উদ্বেগজনক।\r\nদেশে বৈদ্যুতিক ও ইলেক্ট্রনিক যন্ত্রপাতির ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে। বিশেষ করে বিদ্যুৎ সাশ্রয়ী বাতি, টিভি, রেফ্রিজারেটর, কম্পিউটার, প্রিন্টার, মুঠোফোন, বিচিত্র ধরনের ইলেক্ট্রনিক খেলনা এখন আধুনিক মানুষের দৈনন্দিন ব্যবহার্য যন্ত্রপাতি। এসব পণ্য ব্যবহারের পর এক সময় নষ্ট হয়ে যায়। বিক্রি করা হয় পরিত্যক্ত জিনিসের ভ্রাম্যমাণ ক্রেতা তথা ভাঙাড়ির কাছে। কখনো ফেলে দেয়া হয় বাড়ির আশপাশে। কখনো বছরের পর বছর পড়ে থাকে মেরামতকারী প্রতিষ্ঠান ও ভাঙাড়ির দোকানে। এসব বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো ডাস্টবিন কিংবা ভাগাড় নেই। এসব বর্জ্যরে নামকরণ করা হয়েছে ই-ওয়েস্ট বা ই-বর্জ্য। এগুলোর ব্যবস্থাপনার বিষয়ে এ দেশের ব্যবহারকারীদের ধারণা ও সচেতনতা খুবই সীমিত।
