মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলে বিশ্বব্যাপী তেলের যে সংকট তৈরি হয়েছে, তাতে জ্বালানি সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে সরকার। জ্বালানি সংগ্রহে রেশনিং পদ্ধতি চালু করার পর থেকে পাম্পে তেল সংগ্রহে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট ভয়াবহ হতে পারে। এ পরিপ্রেক্ষিতে জ্বালানিবান্ধব বাহন হিসেবে সাইকেলের কদর বাড়বে। দুই চাকার এ বাহন অনেকের পছন্দের হলেও সাইকেলবান্ধব পরিবেশ না থাকায় শহরে চালানো ঝুঁকিপূর্ণ। জ্বালানি সাশ্রয়ী নীতি গ্রহণের পাশাপাশি যানবাহন হিসেবে সাইকেল অগ্রাধিকার পেলে সংকট কাটানো সহজ হবে।

২০২০ সালে করোনা মহামারির পর থেকে নিয়মিত সাইকেল আরোহী হিসেবে আমি দেখেছি, এ বাহন কতটা স্বস্তিদায়ক। রাজধানীতে সড়ক ও যানবাহনের অব্যবস্থাপনাজনিত ঝুঁকি থাকা সত্ত্বেও সাইকেল চালিয়ে অফিস করা এবং বাসায় ফেরার সুবিধা অনেক। মোটামুটি সাইকেলবান্ধব শহর গড়তে পারলে জ্বালানি যেমন সাশ্রয় হবে, তেমনি নগরের পরিবেশ ও স্বাস্থ্যের উন্নতিতে বড় প্রভাব ফেলতে পারে। করোনার সময়ে সাইকেল নিয়ে লেখায় আমি গোটা রাজধানীর পরিবহন কাঠামো পরিবর্তনের কথা বলেছিলাম (সাইকেলের ‘স্বর্ণযুগে’ আমাদের দুর্দশা, সমকাল, ২১ সেপ্টেম্বর ২০২০)। আমাদের প্রাইভেটকার আর গাড়িনির্ভর শহরে যানজট, শব্দ ও বায়ুদূষণ এবং সময় অপচয়ের অন্তহীন সমস্যার সমাধান হতে পারে সাইকেল।

ডেনমার্কের কোপেনহেগেনকে বিশ্বের অন্যতম সাইকেলবান্ধব শহর হিসেবে বিবেচনা করা হয়। সেখানকার ৬২ শতাংশ অধিবাসীই সাইকেল চালান। অথচ আমাদের সাইকেলের পথই নেই। দেশের রাজধানীর পরিবহন ব্যবস্থার উন্নয়নে উড়াল সেতু হয়েছে, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে কিন্তু সাইকেল নিয়ে কোনো পরিকল্পনা দৃশ্যমান নয়। ঢাকায় কেবল আগারগাঁওয়ে ৯ কিলোমিটারের একটি সাইকেল লেন হয়েছে। তবে সেনানিবাসের ভেতরে সাইকেলের লেন বা আলাদা ব্যবস্থা রয়েছে।

আমাদের বাস্তবতা হয়তো উন্নত বিশ্বের সঙ্গে মিলবে না। একদিকে যেমন এখানে সড়ক কম, দিন দিন আরও সংকুচিত হচ্ছে সড়কের পরিসর; অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ি, বিশেষ করে প্রাইভেটকার। ফলে সড়কের সমস্যার সমাধান হয় না। এই বাস্তবতায় উড়াল সেতু কিংবা মেট্রোরেলেরও হয়তো বিকল্প নেই। কিন্তু এ পরিস্থিতি সৃষ্টির আগেই সাইকেলের বিষয়টি ভাবা প্রয়োজন ছিল। এমনকি এ ভাবনা যদি পরিকল্পনাবিদ ও দায়িত্বশীলদের থাকত, তারপরও তারা চেষ্টা করতেন। এমনকি করোনা মহামারির লকডাউনের সময়ও একটি সুযোগ তৈরি হয়েছিল। যে সময় সড়ক যানবাহনমুক্ত ছিল। লকডাউন শিথিল করার আগে আগেও কলকাতা কিংবা ইউরোপ-আমেরিকা সাইকেলের বিষয়টি গুরুত্ব দিলেও বাংলাদেশে তা উপেক্ষিত থেকে যায়।

বস্তুত শহর সুরক্ষার জন্যই সাইকেলের প্রসার দরকার। পরিবেশবান্ধব সাইকেল শহরের পরিবেশের মান উন্নয়নেও ভূমিকা রাখতে সক্ষম। গাড়ির কালো ধোঁয়া আর ভেঁপুর শব্দে যেখানে জনজীবন অতিষ্ঠ; মোটরচালিত যান যেখানে শহরদূষণে ভূমিকা রাখছে; যেখানে অতিরিক্ত গাড়ি শহরের জনজীবনে স্থবিরতা নিয়ে আসছে–সেখানেই জরুরি সাইকেল। সাইকেলের জন্য জ্বালানি প্রয়োজন হয় না। মোটরসাইকেল বা প্রাইভেটকার পরিহার করে সাইকেল চালালে সেখানে জ্বালানি অনেক সাশ্রয় হবে। তা ছাড়া প্রতিদিন সাইকেল চালিয়ে যিনি কর্মক্ষেত্রে আসা-যাওয়া করেন, তাঁর ব্যায়ামের জন্য অতিরিক্ত সময় অপচয়ের দরকার নেই।

যদিও আমাদের সড়কগুলোতে সাইকেল চালানোর জন্য আলাদা ব্যবস্থা নেই, অন্যদিকে সামাজিক বাস্তবতায়ও সাইকেলে অনেকে নিরুৎসাহিত। কিন্তু সাইকেল কতটা মর্যাদার বাহন, তা উন্নত বিশ্বের দিকে তাকালেই বোঝা যায়। উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অফিসের বড় কর্তা, এমনকি বড় নেতারাও সাইকেল ব্যবহার করেন। ঢাকা শহরের বাস্তবতায় যারা সাইকেল ব্যবহার করেন, তাদের উৎসাহিত করা দরকার। রাজধানীর অসহনীয় যানজট, বেপরোয়া গাড়িচালক, মোটরসাইকেলের আধিক্য এবং অসচেতন পথচারীর হাত থেকে নিজেদের রক্ষা করেও যারা ব্যস্ত সড়কে বাইসাইকেল চালানোর মতো কষ্টসাধ্য কাজ করেন, তারা পুরস্কারের যোগ্য বটে। এই বাস্তবতায়ও তাদেরই একজন হিসেবে আমার মনে হয় সাইকেল চালানোর মধ্যে প্রশান্তি আছে; এটি আপনার সময় বাঁচাবে; ঠেলাঠেলি করে আপনাকে বাসে উঠতে হবে না; ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা কিংবা যানজটে বাসের মধ্যে দাঁড়িয়ে বা বসে থাকতে হবে না; আর্থিক সাশ্রয়ের কথা না-ইবা বললাম।

তেল আর মবিল পুড়িয়ে আমরা যেভাবে প্রতিনিয়ত পরিবেশ ধ্বংসে নিজেদের নিয়োজিত করছি, তা থেকে বের হতে সাইকেলই হতে পারে সর্বোত্তম বাহন। সাইকেলকে উৎসাহিত করতে সরকারি পদক্ষেপ প্রয়োজন। এরই অংশ হিসেবে সম্ভাব্য সড়কে আলাদা সাইকেল লেন তৈরি, সাইকেল চালানোর প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং নিরাপদে সাইকেল রাখার ব্যবস্থা করা চাই। রাজধানীতে নিয়মিত সাইকেল চালায় অথচ চুরির অভিজ্ঞতা হয়নি এমন কাউকে বোধ হয় পাওয়া যাবে না। সাইকেল চালানো ও রাখা উভয় ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া দরকার। এ ক্ষেত্রে সরকার উন্নত বিশ্ব থেকে ধারণা নিতে পারে। শহর ও ব্যক্তি উভয়ের স্বার্থেই আজ সাইকেল জরুরি হয়ে পড়েছে।

বিশ্বের যুদ্ধাবস্থা ও জ্বালানি তেলের সংকট বাংলাদেশকে যে বাস্তবতায় দাঁড় করিয়েছে, সেখানে সাইকেল গুরুত্বপূর্ণ বিকল্প। পায়ে চালিত রিকশাও পরিবেশবান্ধব এবং এতে জ্বালানির প্রয়োজন হয় না। দুঃখজনক হলেও সত্য, এ রিকশা উঠে গিয়ে তার স্থান দখল করেছে ব্যাটারিচালিত রিকশা। শহরে তো বটেই গ্রামগঞ্জেও পায়ে চালিত রিকশা কম দেখা যায়। ব্যাটারিচালিত রিকশায় বিদ্যুতের অপচয়, পরিবেশের ক্ষতি এবং দুর্ঘটনা প্রবণতা বিবেচনায় পায়ে চালিত রিকশায় প্রণোদনা দেওয়া যেতে পারে।

যুদ্ধের বাইরেও আগামী দিনের জ্বালানি নিশ্চিত করা সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সাইকেল অগ্রাধিকার পেলে এবং সাইকেলবান্ধব অবকাঠামো তৈরি হলে অন্তত পরিবহনের জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে। দূরপাল্লায় কিংবা অধিক দূরত্বে নিশ্চয়ই জ্বালানিচালিত যানবাহন লাগবে, কিন্তু রাজধানী কিংবা অন্যান্য শহরের ভেতর স্বল্প দূরত্বের চলাচলে আদর্শ বাহন হতে পারে সাইকেল। কোপেনহেগেনে ৩৯০ কিলোমিটার সড়কেই আলাদা সাইকেল লেন আছে। ঢাকা কিংবা অন্যান্য শহরে প্রধান প্রধান সড়কে এর তিন ভাগের এক ভাগ হলেও যথেষ্ট হবে। জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় সাইকেলে আমাদের মনোযোগ বাড়াতেই হবে।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com