বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার থেকে এটি কার্যকর হয়েছে। তবে সান্ত্বনা এটুকুই যে, পর্যটক বা স্বল্পমেয়াদি ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। লাখো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ দেশের জন্য মড়ার উপর খাঁড়ার ঘার সমতুল্য। এই ক্ষতি হলে সেটি দেশেরই ক্ষতি, ক্ষতি অর্থনীতির। সেইসঙ্গে কর্মসংস্থান ও মানসম্পন্ন জীবনধারারও সংকট। যুক্তরাষ্ট্রের জারি করা অধ্যাদেশের কারণে লাখো অভিবাসীর আবেদন প্রক্রিয়াকরণ থাকছে স্থগিত। পরিবারের সদস্যরা আপাতত সে দেশে যেতে পারবেন না।
যাঁদের যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার মামলা বহু বছর ধরে ঝুলে আছে, যাঁদের অভিবাসন ভিসা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ তালিকায় রয়েছে, যাঁদের সাক্ষাৎকারের সময়সূচি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে, এমন বহু মানুষ এতে অন্তর্ভুক্ত।\r\nযাঁরা নতুন করে পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে চান, তাঁরা আবেদন করতে পারবেন। কিন্তু আপাতত ভিসা পাবেন না। আইনজীবীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে যাঁরা নতুন বিয়ে করে স্বামী বা স্ত্রীকে সে দেশে নিতে চান, তাঁরা আপাতত সেটা পারবেন না। বিষয়টি বহু মানুষের স্বপ্ন ভেঙে দেবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আইনজীবী মঈন চৌধুরীর মতে, ‘এটা একটা অমানবিক সিদ্ধান্ত। অনেকে হতাশ হয়ে পড়েছেন। এখন বিয়ে করলে স্ত্রী আসতে পারবেন না।
সন্তানের বয়স ২১ বছর পার হলে আসতে পারবেন না। ভিসা দীর্ঘদিন স্থগিত থাকলে জটিল সমস্যা তৈরি করবে।’\r\nডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বাংলাদেশের জন্য একের পর এক আসছে দুঃসংবাদ। অবশ্য বিশ্বের বেশকিছু দেশই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাম্প্রতিক নীতির কারণে বিপাকে পড়েছে। তবে বাংলাদেশের জন্য এসব আঘাত একটু বেশিই অনুভূত হচ্ছে সংগত কারণে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অসম বাণিজ্য রয়েছে। সে দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ ও অবৈধভাবে বসবাস করছেন। তারা বৈধ কিংবা প্রচলিত বিকল্প উপায়ে দেশে থাকা স্বজনদের জন্য অর্থ প্রেরণ করে থাকেন। একইসঙ্গে দেশের বিপুল সংখ্যক নাগরিক ভাগ্য পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার প্রত্যাশী। ফলে ট্রাম্প প্রশাসন গৃহীত অভিবাসন ভিসা স্থগিত, ভিসা বন্ড, প্রবাসী আয় ও ভ্রমণ সংক্রান্ত নীতি বাংলাদেশের জন্য ক্ষতিকরই হচ্ছে। ভিসা বন্ড বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র যাওয়াকে শুধু নিরুৎসাহিতই নয়, কঠিন করে তুলবে- এতে কোনো সন্দেহ নেই। রেমিট্যান্স পাঠাতে কর ও ভিসা বন্ড- দুটি বিষয়ই বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এরপরও আমরা আশা রাখতে চাই। আগামীতে নির্বাচিত নতুন গণতান্ত্রিক সরকার কূটনৈতিক দেন-দরবারের মধ্য দিয়ে এই নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে বলেই প্রত্যাশা।
