বিশ্ব অর্থনীতি ও খাদ্যব্যবস্থা বর্তমানে একটি নীরব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত শতাব্দীতে শিল্পায়ন ও নগরায়ণের ফলে যে খাদ্যব্যবস্থা গড়ে উঠেছিল, একবিংশ শতাব্দীতে এসে তা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয়, পানির সংকট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে ভোক্তাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন দেখা যাচ্ছে। মানুষ এখন শুধু পেট ভরানোর জন্য খাদ্য কিনছে না; তারা জানতে চায় খাদ্যটি কোথা থেকে এসেছে, কীভাবে উৎপাদিত হয়েছে, এর পরিবেশগত প্রভাব কী এবং এটি মানবস্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এই পরিবর্তনের ফলেই দ্রুত সম্প্রসারিত হচ্ছে উদ্ভিদভিত্তিক বা প্ল্যান্ট-বেইজড খাদ্যশিল্প, যা আজ বিশ্ব অর্থনীতির অন্যতম দ্রুত বর্ধনশীল খাত।

এই বৈশ্বিক পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে একটি পরিচিত দক্ষিণ এশীয় ফল কাঁঠাল। বাংলাদেশের গ্রামাঞ্চলে বহুদিন ধরে কাঁচা কাঁঠাল তরকারি হিসেবে ব্যবহৃত হলেও পশ্চিমা বিশ্বে এটি এখন ‘ন্যাচারাল মিট অল্টারনেটিভ’ বা প্রাকৃতিক মাংসের বিকল্প হিসেবে পরিচিতি পেয়েছে। যে ফল একসময় স্থানীয় বাজারের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল, সেটি আজ নিউইয়র্ক, লন্ডন, বার্লিন, টরেন্টো, সিডনি এবং টোকিওর সুপারমার্কেটের তাকেও স্থান করে নিয়েছে। ফলে বাংলাদেশের মতো কাঁঠাল উৎপাদনকারী দেশের জন্য এটি শুধু একটি কৃষিপণ্য নয়; বরং একটি সম্ভাব্য উচ্চমূল্যের রপ্তানি পণ্য।

বর্তমানে বৈশ্বিক প্ল্যান্ট-বেইজড খাদ্যবাজারের মূল্য ৩৫ থেকে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বিভিন্ন আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে এই বাজার ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে। বিশ্বের বড় খাদ্য কোম্পানিগুলো ইতোমধ্যে উদ্ভিদভিত্তিক প্রোটিন ও মাংসের বিকল্প পণ্যে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এর পেছনে প্রধান কারণ হলো, পরিবেশগত চাপ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রতিবেদনে দেখানো হয়েছে যে, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের একটি উল্লেখযোগ্য অংশ পশুপালন খাত থেকে আসে। গরুর মাংস উৎপাদনের জন্য বিপুল পরিমাণ জমি, পানি এবং খাদ্যের প্রয়োজন হয়। ফলে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে উদ্ভিদভিত্তিক খাদ্যের প্রতি আগ্রহ বাড়ছে।

কাঁচা কাঁঠাল এই পরিবর্তনের অন্যতম সুবিধাভোগী। কাঁঠাল যখন কাঁচা থাকে, তখন এর শাঁস অত্যন্ত আঁশযুক্ত ও তন্তুময় থাকে। রান্নার পর সেই আঁশগুলো আলাদা হয়ে এমন একটি গঠন তৈরি করে, যা দেখতে এবং খেতে অনেকটা টানা মাংসের মতো অনুভূতি দেয়। একই সঙ্গে এর স্বাদ তুলনামূলকভাবে নিরপেক্ষ হওয়ায় এটি সহজেই বিভিন্ন মসলা ও সস শোষণ করতে পারে। ফলে কাঁচা কাঁঠাল ব্যবহার করে বার্গার, টাকো, পিৎজা টপিং, বারবিকিউ, স্যান্ডউইচ, পাস্তা এবং প্রস্তুতকৃত খাবার তৈরি করা সম্ভব হচ্ছে। পশ্চিমা ভোক্তাদের কাছে এটি একটি ‘ক্লিন লেবেল’ পণ্য হিসেবেও গ্রহণযোগ্যতা পেয়েছে, কারণ, এটি অত্যন্ত কম প্রক্রিয়াজাত এবং কৃত্রিম উপাদানমুক্ত।

বর্তমানে বৈশ্বিক জ্যাকফ্রুটভিত্তিক খাদ্যপণ্যের বাজার এখনও তুলনামূলকভাবে ছোট হলেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন বাজার বিশ্লেষকের হিসাব অনুযায়ী কাঁচা কাঁঠালভিত্তিক ভেগান খাদ্য, ক্যানজাত কাঁঠাল, হিমায়িত কাঁঠাল এবং অন্যান্য মূল্যসংযোজিত পণ্যের সম্মিলিত বাজারমূল্য ৩০০ থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে রয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩,৬০০ থেকে ৬,০০০ কোটি টাকা। তবে এটি বাজারের বর্তমান চিত্র। অনেক গবেষক মনে করেন, ভেগান খাদ্যের জনপ্রিয়তা অব্যাহত থাকলে আগামী দশকে এই বাজার কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে।

এই বাজারে বর্তমানে ভারত, থাইল্যান্ড এবং ভিয়েতনাম তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। ভারত বিশ্বের বৃহত্তম কাঁঠাল উৎপাদনকারী দেশ এবং সেখানে ইতোমধ্যে কাঁঠালভিত্তিক প্রক্রিয়াজাত খাদ্যশিল্প গড়ে উঠতে শুরু করেছে। থাইল্যান্ড বহু বছর ধরে ফল প্রক্রিয়াজাতকরণে দক্ষতা অর্জন করেছে এবং তাদের ক্যানজাত ও হিমায়িত কাঁঠাল ইউরোপ ও উত্তর আমেরিকায় নিয়মিত রপ্তানি হচ্ছে। ভিয়েতনামও দ্রুত এই বাজারে প্রবেশ করছে এবং আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে উচ্চমূল্যের বাজারে প্রবেশের চেষ্টা করছে। তুলনামূলকভাবে বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী হলেও রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে আমরা এখনও অনেক পিছিয়ে।

বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ১০ থেকে ১৫ লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়। গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর ও রংপুর অঞ্চলে ব্যাপকভাবে কাঁঠাল চাষ হয়। কিন্তু উৎপাদিত কাঁঠালের একটি বড় অংশ বাজারজাতকরণ ও সংরক্ষণ সমস্যার কারণে নষ্ট হয়ে যায়। কৃষকরা অনেক সময় মৌসুমে ন্যায্যমূল্য পান না। অথচ আন্তর্জাতিক বাজারে একই কাঁচা কাঁঠাল প্রক্রিয়াজাত হয়ে বহু গুণ বেশি মূল্যে বিক্রি হয়।

বাংলাদেশে কৃষক পর্যায়ে কাঁচা কাঁঠালের মূল্য সাধারণত প্রতি কেজি ১৫ থেকে ৩০ টাকার মধ্যে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্রক্রিয়াজাত, হিমায়িত বা ক্যানজাত কাঁচা কাঁঠালের মূল্য প্রতি কেজি ২ থেকে ৪ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২৪০ থেকে ৪৮০ টাকা। কিছু ক্ষেত্রে ব্র্যান্ডেড পণ্যের মূল্য আরও বেশি। এখানেই লুকিয়ে আছে মূল্যসংযোজনের মূল সুযোগ। অর্থাৎ কাঁচামাল হিসেবে কমমূল্যের একটি ফলকে শিল্পপণ্যে রূপান্তর করে বহুগুণ মূল্য সৃষ্টি করা সম্ভব।

যদি বাংলাদেশ বছরে উৎপাদিত কাঁঠালের মাত্র ১০ শতাংশ প্রক্রিয়াজাত করতে পারে, তাহলে প্রায় ১ লাখ ২০ হাজার মেট্রিক টন কাঁচা কাঁঠাল শিল্পে ব্যবহার করা সম্ভব হবে। গড় রপ্তানি মূল্য প্রতি কেজি ৩০০ টাকা ধরা হলে এর সম্ভাব্য বাজারমূল্য দাঁড়াবে প্রায় ৩,৬০০ কোটি টাকা। উৎপাদনের ২০ শতাংশ প্রক্রিয়াজাত করা গেলে সম্ভাব্য বাজারমূল্য ৭,২০০ কোটি টাকা অতিক্রম করবে। উন্নতমানের মূল্যসংযোজিত পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতি কেজি গড় মূল্য ৪০০ টাকায় উন্নীত করা গেলে এই শিল্পের সম্ভাব্য আকার ৯,৬০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থাৎ শুধুমাত্র কাঁচা কাঁঠালভিত্তিক ভেগান খাদ্যশিল্প থেকেই বাংলাদেশ আগামী দশকে একটি নতুন বহু হাজার কোটি টাকার রপ্তানি খাত গড়ে তুলতে সক্ষম হতে পারে।

এই শিল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কর্মসংস্থান। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প সাধারণত শ্রমঘন হয়। কাঁচা কাঁঠাল সংগ্রহ, বাছাই, পরিবহন, খোসা ছাড়ানো, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, মাননিয়ন্ত্রণ, কোল্ড চেইন ব্যবস্থাপনা এবং রপ্তানির প্রতিটি ধাপে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বিশেষ করে গ্রামীণ নারী ও যুবকদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং ফলের অপচয় কমবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের ক্ষেত্রেও এই শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এটি দারিদ্র্য হ্রাস, ক্ষুধামুক্তি, টেকসই উৎপাদন ও ভোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক হতে পারে। কাঁঠাল গাছ তুলনামূলকভাবে কম পরিচর্যা ও কম পানি প্রয়োজন করে। এটি কার্বন শোষণেও ভূমিকা রাখে। ফলে কাঁঠালভিত্তিক শিল্পকে জলবায়ুবান্ধব কৃষি অর্থনীতির অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সুপরিকল্পিত নীতি প্রয়োজন। প্রথমত, কাঁঠাল উৎপাদন এলাকাগুলোতে আধুনিক সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, কোল্ড চেইন অবকাঠামো এবং হিমায়িত সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ করতে হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা মানদণ্ড যেমন HACCP, ISO 22000, BRCGS Ges GlobalG.A.P. অর্জনে সরকারি সহায়তা দিতে হবে। চতুর্থত, কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। পঞ্চমত, বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে Bangladesh Jackfruit অথবা Sustainable Tropical Jackfruit from Bangladesh নামে একটি স্বতন্ত্র ব্র্যান্ড পরিচিতি গড়ে তুলতে হবে।

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে তৈরি পোশাক শিল্প, হিমায়িত মাছ, চামড়া ও কৃষিপণ্য বিভিন্ন সময়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আজ কাঁচা কাঁঠাল সেই ধরনের আরেকটি সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের খাদ্যব্যবস্থা যখন নতুন বাস্তবতার দিকে অগ্রসর হচ্ছে, তখন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালকে ঘিরে একটি আধুনিক, রপ্তানিমুখী ও টেকসই শিল্প গড়ে তোলা সম্ভব। সঠিক বিনিয়োগ, গবেষণা, নীতিগত সহায়তা এবং আন্তর্জাতিক বাজার সংযোগ নিশ্চিত করা গেলে আগামী দশকে কাঁচা কাঁঠাল বাংলাদেশের জন্য কেবল একটি কৃষিপণ্য নয়, বরং হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন উৎসে পরিণত হতে পারে।

লেখক: খাদ্যবিজ্ঞানী, যুক্তরাজ্যপ্রবাসী