সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডের ভিত্তিমূল হলো প্রাথমিক শিক্ষা। জাতি গড়ার মহান কারিগর হলেন শিক্ষককুল। তারাই যদি হন পাঠদানে অমনোযোগী। তবে ভবিষ্যৎ প্রজন্ম কোন পথে হাঁটবে? সম্প্রতি প্রকাশিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ৯২ দশমিক ৬৯ শতাংশ শিক্ষক দীর্ঘস্থায়ী কর্মক্লান্তিতে ভুগছেন। ফলে শ্রেণিকক্ষে প্রবেশের পর ৯০ শতাংশ শিক্ষকই পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে ব্যর্থ হচ্ছেন। গবেষণার তথ্য বলছে, শিক্ষকতার চেয়ে অপেশাদার বা নন-প্রফেশনাল কাজে বেশি ব্যস্ত থাকতে হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। যার সরাসরি ও নেতিবাচক প্রভাব পড়ছে শ্রেণিকক্ষের শিক্ষণ-শিখন প্রক্রিয়ায়।

এটি জাতির জন্য এক চরম উদ্বেগজনক বাস্তবতা। \r\nদেশজুড়ে প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক রয়েছেন, যাদের বছর জুড়ে বিভিন্ন ধরনের সরকারি জরিপ ও প্রশাসনিক তথ্য সংগ্রহসহ অন্তত ৩৭ ধরনের পেশাবহির্ভূত কাজে যুক্ত থাকতে হয়। এতে মাসে শিক্ষক প্রতি গড়ে ২৪ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা শিক্ষাদানের সময় থেকে সরাসরি কেটে নেওয়া হচ্ছে। জরিপে অংশ নেওয়া শিক্ষকদের প্রায় ৯৩ শতাংশ কর্মক্লান্তিতে ভুগছেন, যাদের অধিকাংশই ‘লেট-স্টেজ বার্নআউট’-এর ঝুঁকিপূর্ণ পর্যায়ে। এই মানসিক চাপ শুধু শিক্ষকদের ব্যক্তিগত জীবনকে বিপর্যস্ত করে তুলছে না, বরং পুরো শিক্ষা ব্যবস্থার ওপর ফেলছে নেতিবাচক প্রভাব। বিশেষ করে দেশের প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় রেমিডিয়াল ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।

যা প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্তিমূলক লক্ষ্যকেই প্রশ্নবিদ্ধ করছে বলে আমরা মনে করি। \r\nগবেষণায় দেখা যায় অতিরিক্ত দাপ্তরিক কাজ শেষে শ্রেণিকক্ষে ঢুকে ৯০ শতাংশ শিক্ষকগণ ক্লান্ত শরীরে পাঠদানে পূর্ণ মনোযোগ দিতে পারেন না। ফলে শিক্ষার্থীরা মৌলিক বিষয়গুলো সুচারুরূপে বুঝতে পারছে না। শিশুদের পরীক্ষার ফলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনৈতিক  চিত্রটি আরও হতাশাজনক। পেশা-বহির্ভূত কাজে বছরে প্রায় ১৯ হাজার ৬৬৬ কোটি টাকা মূল্যের শিক্ষক শ্রম ব্যয় হয়। একজন সহকারী শিক্ষক মাসে গড়ে ৪ হাজার ১১৬ টাকা মূল্যের সময় এ কাজে দেন। সারা দেশে সহকারী শিক্ষকদের এ কাজের পেছনে বছরে মোট ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ১০৭ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার ১ টাকা।  সমমূল্যের শিক্ষক শ্রম প্রশাসনিক কাজে ব্যয় হচ্ছে। রাষ্ট্র বিপুল অর্থ খরচ করছে, কিন্তু কাক্সিক্ষত ফল পাচ্ছে না। আমরা মনে করি, প্রাথমিক শিক্ষার মান বাড়াতে প্রত্যেকটি স্কুলকে একটি অটোনোমাস বডির মতো গড়ে তুলতে হবে। যে সব স্কুলে ভালো শিক্ষা দেওয়া হয়, সেসব স্কুলের সমাজের মানুষেরা শিক্ষকদের যথেষ্ট সম্মান করেন। এই সংকট থেকে উত্তরণে এখনই নীতিগত সিদ্ধান্ত জরুরি। শ্রেণিকক্ষ চলাকালীন শিক্ষকদের দিয়ে তথ্য সংগ্রহ বা প্রশাসনিক কাজ করানো বন্ধ করতে হবে। শিক্ষকদের শিক্ষকতার কাজে ফিরিয়ে আনতে না পারলে প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়ন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে।