চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার রায়ে সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-আইসিটি; একই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন অভিন্ন দণ্ড। আরেক আসামি সাবেক পুলিশপ্রধান আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়ে দোষ স্বীকার করায় তাঁকে পাঁচ বছরের লঘু দণ্ড দেওয়া হয়।
এটি শেখ হাসিনার বিরুদ্ধে এযাবৎ দায়েরকৃত ৫৮৬ মামলার প্রথমটির রায়। থানা, আদালত, আইসিটিতে দায়ের মামলাগুলোর মধ্যে ৩২৪টি হত্যা মামলা। আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে ২৩ মামলা রুজু হয়েছে। চব্বিশের জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা প্রবল গণআন্দোলন রুখতে নির্যাতন-নিপীড়ন, বুলেট, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ছাড়াও হেলিকপ্টার থেকে গুলি ছুড়তে দেখা গিয়েছিল। এতে বিপুল প্রাণনাশ, অঙ্গহানি ঘটে। জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনের প্রতিবেদনেও বলা হয়, সরকারবিরোধী আন্দোলন দমনে অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পেয়েছে। নির্বিচারে গুলি চালিয়ে গণআন্দোলন স্তব্ধ করা যায় না। শেখ হাসিনাও পারেননি, তাঁকে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগে বাধ্য হতে হয়। এখন আওয়ামী লীগ আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম করে রায়ের আদেশ ঘোষিত হলো।
২. শেখ হাসিনার বিচারের রায় সামনে রেখে গত কদিন ধরেই কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের আহ্বানে শাটডাউন, লকডাউন ইত্যাদি কর্মসূচি, রাজধানীসহ দেশের নানা প্রান্তে যানবাহনে আগুন, বোমাবাজি, সড়ক অবরোধসহ সন্ত্রাসের রণধ্বনি শোনা যাচ্ছে। আসলে বাংলাদেশের রাজনীতিতে অপরাধ, বিচার, সহিংসতা ও প্রতিশোধ যেন অন্তহীন আবর্তন। ৫৪ বছরের ইতিহাসে প্রকৃতপক্ষে রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার কখনও হয়নি। মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর মানবতাবিরোধী অপরাধের পূর্ণাঙ্গ বিচার হয়নি। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত গণবাহিনী ও রক্ষীবাহিনীর সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিচার হয়নি। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হয়নি। ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের ওপর ভয়াবহ গ্রেনেড হামলার পূর্ণাঙ্গ বিচার অধরাই থেকেছে। সব ছাপিয়ে যায় চব্বিশের জুলাই-আগস্টের অবিশ্বাস্য হত্যাকাণ্ড।
বিচারহীনতার এই দীর্ঘ আবর্তন থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার প্রক্রিয়াও বদলে যায়। জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না শেখ হাসিনার মামলা সম্পর্কে বলেছেন, ‘যদি কোনোদিন রাজনৈতিক পট পরিবর্তন হয়, আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে এই রায় টিকবে না। যেমন ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা সব মামলা বাতিল হয়ে গেল। সেই কারণে কী সাজা হলো বা হলো না– সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়’ (সমকাল, ১৭ নভেম্বর ২০২৫)।
জ্যেষ্ঠ আইনজীবীর কথার মধ্যেই রয়েছে রাজনৈতিক মামলায় ফাঁকের কথা। অপরাধীকে আত্মপক্ষ সমর্থন করতে না দেবার পাশাপাশি এসব মামলায় সরকারি প্রভাবের সমালোচনাও রয়েছে। আওয়ামী লীগ আমলে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের অর্থ আত্মসাৎ মামলায় তাঁকে সাজা প্রদান করে জেল দেওয়া হয়। এক পর্যায়ে সাজা বাড়িয়ে তাঁকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিহিংসার উদাহরণ। রাজনীতিতে এমন উদাহরণ আরও আছে।
রাজনৈতিক প্রতিপক্ষ দমনে সরকারি নির্দেশনাও সব সরকারের আমলে একই ধরনের। ডিএমপি কমিশনার বলেছেন, ‘কেউ বাসে আগুন দিলে ও ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে বলেছি। এটা পুলিশের আইনেই আছে’ (সমকাল, ১৭ নভেম্বর ২০২৫)। তাহলে কী দাঁড়াল? চব্বিশের গণআন্দোলনেও পুলিশের মুখে এ ধরনের কথা শুনেছি। পুলিশের আইন তখনও নিশ্চয়ই ছিল।
৩. স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের নেত্রী। আশির দশকে দেশে গণতন্ত্রের অভিযাত্রার অন্যতম কারিগর। ১৯৯৬ সালে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা সুষ্ঠুভাবে ন্যস্ত করে পরবর্তী নির্বাচনে অংশ নেন। সেই শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে পরবর্তী তিনটি নির্বাচন খেয়ালখুশিমতো করেন। একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠায় বিরোধী দল ও মতকে দমনের সব ব্যবস্থা করেন। স্বৈরাচারী হয়ে উঠবার কারণেই শেখ হাসিনার এই পরিণতি। কেন তিনি স্বৈরাচারী হলেন? কেন শেখ হাসিনার সর্বশেষ ১২ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের ঠিকানা হয়ে উঠল জেলখানা ও আদালত? অবশ্যই গভীরভাবে বিশ্লেষণ করতে হবে।
‘আপনার কোনো বিকল্প নেই’– শেখ হাসিনার শেষ এক যুগে আওয়ামী লীগ নেতাকর্মী থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এই কথা অনবরত উচ্চারণ করতেন। এতে নিজের স্বার্থ নিশ্চয়ই অনেকের উদ্ধার হয়েছে; একই সঙ্গে শেখ হাসিনা একক সাম্রাজ্যের অধীশ্বর হয়েছেন; যেখানে সাধারণ মানুষের কণ্ঠ পৌঁছে না। গণতন্ত্রের বিকল্প উন্নয়ন– এই ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেবার চেষ্টা করেন তাঁর পক্ষের বুদ্ধিজীবীরা। ব্যাংক লুট থেকে দলবাজি, গোষ্ঠীপ্রীতি সবকিছুর নিয়ন্ত্রক হয়ে ওঠেন। শেখ হাসিনা কোনো মতামতকেই গুরুত্ব দেননি। নেত্রীর সমালোচনা মাত্রই তাঁকে বিপদে ফেলার ষড়যন্ত্র, দেশের শত্রু, মুক্তিযুদ্ধের বিরোধী। ভিন্নমত মাত্রই বিএনপি-জামায়াতের মতাদর্শ ধারণকারী; রাজাকার হিসেবে শনাক্তযোগ্য।
শেখ হাসিনার কর্তৃত্ববাদী কার্যক্রমের আড়ালে পড়ে থাকে মুক্তিযুদ্ধজয়ী বাহাত্তরের সংবিধান। বরং নিজের স্বার্থে তিনি সংবিধানে সংশোধনীজুড়ে সর্বগ্রাসী একক কর্তৃত্ব বাড়িয়ে জাতীয় নির্বাচনকেও নিজের খেয়ালখুশির হাতিয়ার করে তোলেন। সংবিধানের মূল স্তম্ভ– ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বইয়ের পাতায় লেখা ভাষ্য হয়েই থাকে। এর কোনো অনুশীলন শেখ হাসিনার ক্ষমতাকালে আমরা দেখি না। বরং সমাজে সাম্প্রদায়িকতার অনুশীলনের প্রশ্রয় তখন দেখা যায়।
এসবেরই প্রতিফল আমরা দেখতে পাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অস্থিরতাকালে নানা বিষয়বুদ্ধির মানুষের বিভিন্নমুখী কার্যক্রমে। ঘরে আগুন লাগলে যে যার আলু নিয়ে আসে পোড়াতে– দেশের রাজনৈতিক অস্থিরতায় সাম্প্রদায়িক শক্তিও তাই মাথাচাড়া দিয়ে ওঠে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র খসে পড়ে। এই পরিস্থিতি সৃষ্টিতে শেখ হাসিনার শাসনামলের যথেষ্ট অবদান রয়েছে। অবাধ গণতন্ত্র থাকলে সাম্প্রদায়িকতা যেমন শক্তি গড়তে পারে না, একই সঙ্গে নানা মতের পারস্পরিক সহাবস্থান সুস্থ সমাজ গঠনের মৌল নিয়ামক। সমাজে সব মতের সহাবস্থান ও সমমর্যাদা না রাখতে শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা যাবতীয় ব্যবস্থা করেছিলেন। এর প্রায়শ্চিত্ত অবশ্যই তাদের করতে হবে।
অপরাধের বিচার দেশের আইনকানুনে হবে। রাজনৈতিক পট পরিবর্তন তার বদল করতে পারবে না। গায়ের জোর নয়, নৈতিক আদর্শে সমাজ চলবে– সভ্যতার এই মৌলিক পাঠ আমাদের রাজনীতিতে অনুপস্থিত। তাই অগণিত মানুষের প্রাণহানির পরও আমরা আওয়ামী লীগ নেতাদের কণ্ঠে অনুতাপ বা ক্ষমা প্রার্থনার বদলে হুংকার ধ্বনিই শুনি। খোদ শেখ হাসিনা দেশত্যাগ করলেও সহিংসতার যে রণধ্বনি, তা জাতির জন্য অশনিসংকেত।
এই মাতৃভূমি বড় অভাগা, ক্ষমতা নামের অনির্বচনীয় মধু জোর করে খেতে গিয়ে রাজনীতিকরা অভাগা দেশটির কথাই ভুলে যান। শেখ হাসিনার মামলার রায় রাজনীতিকদের প্রত্যেকের বিবেকের সামনে দাঁড় করিয়ে দিক– এই প্রার্থনা করি।
মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com
