উন্নয়ন ও শিল্পায়ন এই দুটি শব্দ আজ আমাদের জাতীয় অগ্রগতির প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে প্রশ্ন হলো, এই উন্নয়ন কি কৃষিকে ধ্বংস করেই এগোতে হবে? শিল্পায়নের নামে উর্বর কৃষিজমি দখল এবং গ্রাম উচ্ছেদের যে প্রবণতা দেশে ক্রমেই বাড়ছে। তা উন্নয়নের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষিই এ দেশের খাদ্যনিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান ভরসা। অথচ সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন এলাকায় কৃষিজমি দখল করে গড়ে উঠছে শিল্প-কারখানা, হাউজিং প্রকল্প ও বাণিজ্যিক স্থাপনা। অনেক ক্ষেত্রে এসব জমি অধিগ্রহণ করা হচ্ছে আইন ও নীতিমালার তোয়াক্কা না করেই। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছে না, এমনকি পুনর্বাসনের কোনো নিশ্চয়তা নেই।

এর ফলে শুধু জমি নয়, হারিয়ে যাচ্ছে মানুষের শিকড়। গ্রামের পর গ্রাম উচ্ছেদ হয়ে যাচ্ছে শিল্পায়নের নামে। শত বছরের বসতভিটা হারিয়ে মানুষ হয়ে পড়ছে ভূমিহীন ও জীবিকাহীন। কৃষিকাজের সঙ্গে যুক্ত পরিবারগুলো বাধ্য হচ্ছে পেশা বদল করতে, অনিশ্চিত শহুরে জীবনে ঠাঁই নিতে। এর ফলে একদিকে যেমন শহরে চাপ বাড়ছে অন্যদিকে গ্রামীণ অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে। এছাড়াও বাড়ছে বেকারত্ব, সামাজিক বৈষম্য ও দারিদ্র্য। \r\nএই সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো প্রশাসনের ভূমিকা। কৃষিজমি দখল ও উচ্ছেদের অভিযোগ নতুন নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ থাকে। কোথাও কোথাও প্রভাবশালীদের চাপ বা স্বার্থের কাছে প্রশাসনিক দায়িত্ব গৌণ হয়ে পড়ছে। অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণের নজির খুব কম।

এতে করে দখলদাররা আরও উৎসাহিত হচ্ছে এবং সাধারণ মানুষের রাষ্ট্রের ওপর আস্থা ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। রাষ্ট্র যদি তার নাগরিকদের জমি ও জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে উন্নয়নের সুফল কার জন্য? কৃষিজমি দখলের প্রভাব কেবল বর্তমানেই সীমাবদ্ধ নয়। দেশের জনসংখ্যা বাড়ছে, অথচ আবাদযোগ্য জমির পরিমাণ দ্রুত কমছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে খাদ্য আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাড়বে, যা জাতীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। শিল্পায়ন প্রয়োজন, তবে তা হতে হবে পরিকল্পিত ও দায়িত্বশীল। অনাবাদি বা কম উর্বর জমিতে শিল্প স্থাপন, কৃষিজমি সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগ, ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। একইসঙ্গে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। উন্নয়ন মানে শুধু কারখানা বা কংক্রিটের অবকাঠামো নয়। উন্নয়ন মানে মানুষের জীবনমানের উন্নতি, খাদ্যের নিশ্চয়তা এবং গ্রামবাংলার টিকে থাকা। কৃষিজমি দখল ও গ্রাম উচ্ছেদের বিনিময়ে যে উন্নয়ন আসে, তা দীর্ঘমেয়াদে দেশের জন্য আশীর্বাদ নয় বরং গভীর সংকটেরই ইঙ্গিত দেয়, যা কাম্য নয়।