গত ৩০ মে ছিল জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ছিল। এ বছর তার মৃত্যুবার্ষিকী পালনে ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। শেখ মুজিবের জন্ম ও মৃত্যুবার্ষিকী পতিত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে যেভাবে দেবতাতুল্য করে পালিত হতো, সেভাবে পালিত হয়নি। যেভাবে আগের দিন রাত থেকে পাড়া-মহল্লায়, মূল সড়কে প্যান্ডেল টানিয়ে বিরতীহীনভাবে শেখ মুজিবের ভাষণ, সঙ্গীত ইত্যাদি মাইকে বাজিয়ে কান ঝালাপালা করা হতো, মানুষ বিরক্ত হলেও কিছু বলতে পারত না, চাঁদাবাজি করে মহাড়ম্বরে বিরিয়ানি-খিচুড়ি রান্না করে ভুরিভোজের দৃশ্য দেখা যেত। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এমন কিছু দেখা যায়নি। এসবের কোনো আয়োজন ছিল না।

বরং মানুষ দেখেছে, তার পুত্র প্রধানমন্ত্রিত্বের খোলস থেকে বের হয়ে, একজন সাধারণ মানুষের মতো মৃত পিতার প্রতি পুত্রের যে কর্তব্য, তাই করেছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের প্রায় ১৬টি জায়গায় ঘুরে ঘুরে নিজ হাতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন এবং নেতাকর্মীদের নিয়ে বাবার জন্য দুহাত তুলে দোয়া করেছেন। এটাও দেখা যায়নি, দলীয়ভাবে পাড়া-মহল্লায়, সড়কে প্যান্ডেল টানিয়ে মাইকে জিয়াউর রহমানের ভাষণ কিংবা দলীয় সঙ্গীত বাজাতে। সাধারণ মানুষও বিরক্ত হয়নি। বরং দোয়া, মোনাজাত ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণের মাধ্যমে আমাদের চিরায়ত সামাজিক মূল্যবোধের মাধ্যমে ভাবগাম্ভীর্যের সাথে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়াউর রহমানের কর্ম ও জীবন নিয়ে, স্বাধীনতাযুদ্ধে তাঁর অবদান, তার দর্শন, গণতন্ত্র, বাকস্বাধীনতা, ব্যক্তিগত লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের প্রতি তার দরদ, দেশের উন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচি ও তার বাস্তবায়ন, চার বছরের শাসনামলে তার শাসন ব্যবস্থা, তার হত্যার কারণসহ নানা অজানা তথ্যসমৃদ্ধ লেখা নির্মোহভাবে অনেকে লিখেছেন। এসব লেখা পড়ে যেমন জিয়াউর রহমান ও তার দর্শণ সম্পর্কে এ প্রজন্ম জানতে পেরেছে, তেমনি দেশের জন্য তিনি কি করেছেন, তা অবগত হয়েছে। এসব লেখা লিখতে কেউ তাদেরকে বাধ্য করেনি। স্বতঃস্ফূর্তভাবেই তারা লিখেছেন। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার প্রায় দেড় দশকের শাসনামলে জিয়াউর রহমানকে যেভাবে গালাগালি করেছেন এবং তাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছেন, তা দেশের মানুষ বিশ্বাস করেনি। বরং এবারের মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমান যেন ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকে মানুষের মনে জেগে উঠেছেন। তারা অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

দুই. উপমহাদেশের বিপ্লবী ভগত সিংয়ের একটা কথা আছে, ‘দে ক্যান কিল মি, বাট দে ক্যান নট কিল মাই আইডিয়াজ, দে ক্যান ক্রাশ মাই বডি, বাট দে উইল নট বি অ্যাবল টু ক্রাশ মাই স্পিরিট।’ ১৯২৯ সালে দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলি হলে বোমা হামলার পর বিচারের সময় তিনি বলেছিলেন, ‘ব্যক্তিকে হত্যা করা সহজ, কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। বড় বড় সা¤্রাজ্য ধ্বংস হয়ে যায়, কিন্তু আদর্শ বেঁচে থাকে।’ এর অর্থ হচ্ছে, কীর্তিমান বা সত্যের পথযাত্রীকে সহজে হত্যা করা গেলেও তার চিন্তাভাবনা, আদর্শ, দর্শন এবং চেতনা তার মৃত্যুর পরও বেঁচে থাকে। তার দর্শন বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। যুগে যুগে বহু স্বৈরাচারী শাসক সত্য ও ন্যায়ের কণ্ঠরোধ করতে তার প্রতিপক্ষকে হত্যা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তার সেই সত্যেরই জয় হয়েছে।

আরও প্রবলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে, স্বৈরশাসকের পতন ও শাসন ধুলোয় মিশে গেছে। হাসিনার দেড় দশকে জিয়াউর রহমানের আদর্শ ও স্পিরিটকে ধুলোয় মিশিয়ে দিতে কী না করা হয়েছে! দেশের মাটি থেকে তার কবরের চিহ্নটুকু পর্যন্ত মুছে দিতে চেয়েছে। পেরেছে কি? পারেনি। বরং তা করতে গিয়ে হাসিনা নিজেই ধ্বংস হয়ে গেছেন, তার দল অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বলা হয়ে থাকে, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়। কোনো দর্শন প্রতিষ্ঠিত করতে চাইলে প্রতিপক্ষের দর্শনের চেয়ে উত্তম দর্শন নিয়ে হাজির হতে হয়। জনগণ যেটি সবচেয়ে বেশি পছন্দ করবে, সেটাই এগিয়ে থাকবে। তবে নিজের দর্শন প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রতিপক্ষের দর্শন জোরজবরদস্তির মাধ্যমে উৎখাত করার অর্থই হচ্ছে, তার দর্শন গ্রহণযোগ্যতা হারাচ্ছে বা প্রতিষ্ঠিত হচ্ছে না। আওয়ামী লীগের দর্শনের অনেক পরে জিয়াউর রহমান তাঁর দর্শন নিয়ে হাজির হয়েছিলেন। স্বাধীনতাত্তোর সময়ে আওয়ামী লীগের দর্শনের প্রতি দেশের মানুষের আকর্ষণ ও সমর্থন ছিল। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে সেই দর্শনের কুফলে মানুষ অত্যাচার ও নিপীড়নের শিকার হওয়ায় তা ক্ষয়ীষ্ণু হতে থাকে। ফলে শেখ মুজিব আওয়ামী লীগকেই বিলুপ্ত করে বাকশালী দর্শন চালু করেন। এটি দেশের মানুষের কাছে কোনোভাবেই পছন্দ হয়নি। ফলে, ’৭৫ সালে শেখ মুজিবের পতন ঘটে। দেশ দর্শনহীন এক গভীর সংকটের মধ্যে নিপতিত হয়। সেখান থেকেই দেশের অস্তিত্ব রক্ষায় জিয়াউর রহমানের উত্থান ঘটে। তিনি দেশের মানুষের সামনে নতুন দর্শন উপস্থাপন করলেন। এ দর্শন এমনই যে, তা একদিকে যেমন দেশের মানচিত্র রক্ষার স্থায়ী ভিত্তি হয়ে উঠে, তেমনি এই মানচিত্রের মানুষও স্থায়ী আত্মপরিচয় লাভ করে। বাংলাদেশ আলাদা দেশ এবং এদেশের মানুষ বাঙালি নয়, ‘বাংলাদেশী’ এই স্বতন্ত্র পরিচয়ে পরিচিত হয়।

তিন. দর্শন এমনই এক শক্তিশালী মত ও পথ যে, তা সঠিকভাবে উপস্থাপন এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারলে একটি জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সভ্যতা, উন্নতি ও মানুষের সুখী জীবনের ভিত্তি গড়ে দেয়। পুরো জাতি ওই দর্শনে ঐক্যবদ্ধ হয়। আমরা যদি ভুটানের দিকে তাকাই, তাহলে দেখব, ১৯৭০ সালে ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস (জিএনএইচ)’ বা ‘মোট জাতীয় সুখ’ ধারণা বা দর্শন প্রতিষ্ঠিত করেন। এটি এমন এক উন্নয়ন দর্শন ও সূচক যা, জিডিপির পরিবর্তে নাগরিকদের সামগ্রিক কল্যাণ ও সুখ পরিমাপ করে। এটি ৪টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত। ১. টেকসই ও সমতাভিত্তিক আর্থ-সামাজিক উন্নয়ন: এমনভাবে অর্থনৈতিক উন্নয়ন করা, যাতে পরিবেশ ও সমাজের ক্ষতি না হয়। ২. পরিবেশ সংরক্ষণ: প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা।

৩. সংস্কৃতি সংরক্ষণ ও প্রচার: ভুটানের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মূল্যবোধ ধরে রাখা। ৪. সুশাসন: স্বচ্ছ এবং জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনা করা। জিএনএইচ-এর এই ৪ টি স্তম্ভের ৯টি ক্ষেত্র রয়েছে, যেমনÑ মনস্তাত্ত্বিক সুস্থতা, স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান, সময়ের সদ্ব্যবহার, সুশাসন, পরিবেশের বৈচিত্র্য ও স্থিতিস্থাপকতা, সম্প্রদায়ের প্রাণবন্ততা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ও স্থিতিস্থাপকতা। জিএনএইচ-এর মাধ্যমে ভুটান সরকার তার প্রতিটি নীতি ও উন্নয়ন পরিকল্পনা যাচাই করে, যাতে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি নাগরিকদের প্রকৃত সুখ ও মানসিক শান্তি নিশ্চিত হয়। ফলে এই উপমহাদেশে ভুটান ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে সবার আগে রয়েছে। ভুটানের মানুষও সুখ ও শান্তিতে আছে।

জিয়াউর রহমানও ক্ষমতায় এসে বিশৃঙ্খল ও অর্থনৈতিকভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া বাংলাদেশকে সুশাসন, উন্নয়ন ও স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে তার দর্শন উপস্থাপন করেন। সবার আগে তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জাতিগত পরিচয় নির্ধারণ করে দেন। তারপর দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল ১৯টি ক্ষেত্রে ১৯ দফার কর্মসূচি দেশের মানুষের সামনে উপস্থাপন করেন। এই দফার ১ নম্বরেই রয়েছে, সর্বোতভাবে দেশের স্বাধীনতা, অখ-তা ও সার্বভৌমত্ব রক্ষা করা। তারপর শাসনতন্ত্রের চারটি মূলনীতিÑ সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা। এছাড়া, স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, সংস্কৃতি, নারীর মর্যাদাবৃদ্ধি, যুবসমাজকে জাতিগঠনে উদ্বুদ্ধ করা, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করে জাতীয় ঐক্য সৃষ্টি, দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও রফতানি বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সকল রাষ্ট্রের সাথে সমতাভিত্তিক বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা। দিগদিশাহীন মানুষ জিয়াউর রহমানের এই দর্শন ও উন্নতির পথরেখা অকুণ্ঠচিত্তে গ্রহণ করে। তিনি তাঁর চার বছরের শাসনকালে এই দর্শন নিয়ে এতটাই দ্রুত গতিতে কাজ করেন যে, তা সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে বিপুলভাবে গ্রহণযোগ্য হয়। তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া দেশ দিশা খুঁজে পায় এবং সমৃদ্ধির পথে এগুতে থাকে। বলা বাহুল্য, এত স্বল্প সময়ে দেশ ও জাতি গঠনে কোনো দর্শন গ্রহণযোগ্য হওয়ার নজির খুব কমই রয়েছে।

চার. মূল প্রশ্ন হচ্ছে, জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের উন্নয়নে তাঁর যে যুগান্তকারী দর্শন উপস্থাপন করেছেন, তা তার প্রতিষ্ঠিত দল কতটা ধারণ, লালন ও পালন করছে? আমরা লক্ষ্য করেছি, এই দর্শনকে এগিয়ে নিতে অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া নিরন্তর কাজ করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার নিপীড়ন-নির্যাতনের মধ্যেও তিনি এই দর্শন থেকে বিচ্যুত হননি। বরং তিনি বন্দী থেকেও উচ্চস্বরে বলেছেন, এ দেশ আমার, এ দেশ ও দেশের মানুষ ছেড়ে কোথাও যাব না। দেশের বাইরে আমার কোনো জায়গা নেই। তার এই উক্তির মধ্যেই জিয়াউর রহমানের জাতীয়তাবাদের দর্শনÑ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখ-তা রক্ষা এবং মানুষের আত্মপরিচয় উঠে এসেছে। ভারতের পুতুল হয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার এ কথা ভালো লাগার কথা নয়।

ফলে হাসিনা জিয়ার দর্শনের লিগ্যাসি বহনকারি বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেয়েছিল। এখন জিয়াউর রহমানও নেই, বেগম খালেদা জিয়াও নেই। তবে তাদের দর্শন রয়ে গেছে। তাদের উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় চার মাসের শাসনে তার কর্মকা-ে জিয়াউর রহমানের সেই দর্শনের প্রতিফলন ঘটাতে তৎপর রয়েছেন। তার দলের নেতাকর্মীরা এই দর্শন সম্পর্কে কতটা জানে, কতটা ধারণা রাখে, তা নিয়ে সংশয় রয়েছে। মনে রাখা দরকার, দর্শন এমন এক বিষয়, তা প্রতিনিয়ত ধারণ, লালন, চর্চা ও বাস্তবায়ন করতে হয়। এটাও মনে রাখা জরুরি, দর্শন কোনো বহুতল নান্দনিক ভবন বা স্থাপনা নয়। এগুলো ধ্বংস হয়। দর্শন ধ্বংস হয় না। তা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে যেতে হয়। মানুষকে এই দর্শনের মধ্যে বসবাস করাতে হয়। আমাদের দেশ বৈরীভাবাপন্ন প্রতিবেশী ঘেরা। তার হিং¯্র থাবা আমাদের উপর উত্থিত রয়েছে। এ থেকে মুক্ত থাকলে হলে জিয়াউর রহমানের দর্শন ও আদর্শের বিকল্প নেই, উপায়ও নেই। কাজেই, জিয়াউর রহমানের দর্শন ও আদর্শকে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ধারণ ও তা উপলব্ধি করে দেশের মানুষের মধ্যে প্রোথিত করতে হবে। কেবল তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তার দর্শনকে নিরন্তর গবেষণা ও চর্চার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের উন্নয়ন-অগ্রগতি এর মধ্যেই নিহিত।

darpan.journalist@gmail.com