পৌষের নিঝুম রাতে যখন ধোঁয়াটে কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় নগরী, তখন আমাদের ড্রয়িংরুমের উষ্ণতা আর দামি কফির কাপে ওঠে তুষ্ট আড্ডা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জানালার ওপাশে, হিমশীতল ফুটপাতে কিংবা স্টেশনের প্ল্যাটফর্মে চলে বেঁচে থাকার লড়াই। যে শীত আমাদের কাছে উৎসবের আমেজ নিয়ে আসে, সেই একই শীত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে নেমে আসে এক দীর্ঘ অভিশাপ হয়ে। উত্তুরে হাওয়ার প্রতিটি ঝাপটা যেন তাদের পাজরে বিঁধছে একেকটি ধারালো তলোয়ারের মতো। এই হাড়কাঁপানো শীতে কারও কাছে ওম মানে বিলাসিতা, আর কারও কাছে ওম মানে জীবন-মৃত্যুর মাঝখানে এক চিলতে খড়কুটোর আগুন।
গণমাধ্যমের পাতায় যখন দেখি প্রচন্ড ঠান্ডায় নীল হয়ে যাওয়া কোনো শিশুর নিথর দেহ কিংবা ছেঁড়া পাটের বস্তা গায়ে জড়িয়ে কুঁকড়ে থাকা কোনো বৃদ্ধের আর্তনাদ, তখন আমাদের তথাকথিত আধুনিকতা ও মানবিকতা ধুলোয় মিশে যায়। শৈত্যপ্রবাহের এই নিষ্ঠুর থাবা সবচেয়ে বেশি আঘাত হানে সমাজের সেই প্রান্তিক মানুষগুলোকে, যাদের মাথার ওপর শক্ত কোনো ছাদ নেই। তাদের কাছে শীত মানে কেবল হাড়কাঁপানো বাতাস নয়, বরং এক অনিশ্চিত আগামীর দিকে তাকিয়ে থাকা। পর্যাপ্ত শীতবস্ত্র ও পুষ্টিকর খাবারের অভাবে এই মানুষগুলো প্রতিনিয়ত লড়ছে নিউমোনিয়া আর শ্বাসকষ্টের মতো ঘাতক ব্যধির সঙ্গে। আসলে সমাজ ভাবনা র সার্থকতা তখনই, যখন আমরা নিজের বৃত্তের বাইরে এসে অন্যের কান্নার শব্দ শুনতে পাই। আমাদের আলমারির কোণে পড়ে থাকা যে জ্যাকেট বা সোয়েটারটি আমরা পুরানো বলে অবহেলা করি, সেটিই হতে পারে কোনো এক শীতার্ত মানুষের পরম আশ্রয়। মানুষ মানুষের জন্য - এই চিরন্তন সত্যটি কেবল স্লোগানে নয়, বরং কাজে প্রমাণ করার এখনই সময়। একটি নতুন কম্বল হয়তো আপনার পকেটে টান ফেলবে না, কিন্তু একজনের বুক থেকে মৃত্যুর ভয় সরিয়ে দিতে পারে। ব্যক্তিগত দয়া নয়, বরং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এখনই সক্রিয় হতে হবে। পাড়ায় পাড়ায় তরুণদের উদ্যোগে শীতবস্ত্র ব্যাংক গড়ে তোলা যেতে পারে। রাষ্ট্র ও বিত্তবান শ্রেণিকে কেবল লোকদেখানো ত্রাণ নয়, বরং দুর্গম জনপদে কার্যকর সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। শীতের এই রূঢ়তা আমাদের মানবিকতাকে যেন ঢেকে দিতে না পারে। প্রকৃতির এই শীতলতা সাময়িক, কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসার উষ্ণতা যেন হয় কালজয়ী। মানুষের আর্তনাদের চেয়ে বড় কোনো প্রার্থনা আর হতে পারে না।\r\nইডেন মহিলা কলেজ, ঢাকা থেকে
