রাজশাহীর ব্যস্ত পয়েন্টগুলোর ফুটপাত এখন হকারদের দখলে। অনেক সময় দেখা যায় নির্মাণাধীন বিল্ডিংয়ের নানা প্রয়োজনীয় রড, বালু, খোয়া ইত্যাদি দীর্ঘদিন ফুটপাতে রাখার ফলে বাধ্য হয়েই পথচারীরা চলাচল করছেন রাস্তা দিয়ে। যা জনজীবনকে ঝুঁকির মুখে ফেলছে। রাস্তায় যানজট তৈরি হবার অন্যতম কারণ ফুটপাত দখল। ফুটপাত দখল হওয়ার ফলে পথচারীরা রাস্তা দিয়ে হাটে। যার ফলে যান চলাচলের গতি ধীর। ফলাফল দাঁড়াচ্ছে দীর্ঘ যানযট। এই যানজট তীব্র আকার ধারণ করে অফিস, স্কুল, কলেজ টাইম শুরু এবং ছুটির সময়। মাঝে মাঝে সিটি করপোরেশনের উচ্ছেদমূলক অভিযান দেখা গেলেও তা দীর্ঘস্থায়ী হয় না। উচ্ছেদের কিছুদিন পরেই দেখা যায় আগের অবস্থা। ফুটপাতের একটি নির্দিষ্ট সমাধান প্রয়োজন। হকারদের জন্য তথা যারা ফুটপাতে ব্যবসা করে তাদের জন্য নির্দিষ্ট একটি স্থান নির্ধারণ করে দেওয়া। নিয়মিত সিটি করপোরেশনের মনিটরিং রাখা। প্রয়োজনে সিসি ক্যামেরার পরিমাণ বাড়ানো। বিকল্প ব্যবস্থার পরও ফুটপাত দখলকারীদের আইনের আওতায় আনা এবং সর্বোপরি জনসাধারণের সচেতনতা বাড়ানো। শহরকে সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ, বাসযোগ্য করে তুলতে ফুটপাত দখলমুক্ত করা একান্ত জরুরি। যথাযথ কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাই।