বাংলাদেশে শিশুস্বাস্থ্যের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হামের অস্বাভাবিক বিস্তার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসেই ৬৭৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭৫ গুণ। এমনকি ২০২৪ সালের তুলনায়ও এই বৃদ্ধি প্রায় ১১ গুণ। এই পরিসংখ্যান শুধু সংখ্যার দিক থেকে নয়; জনস্বাস্থ্য ব্যবস্থার জন্যও গুরুতর সতর্কবার্তা। এটা অজানা নয়, বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত ক্ষেত্রগুলোর মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম। প্রতিটা জেলায় সরকারি হাসপাতাল ও ক্লিনিক থাকলেও যথাযথ চিকিৎসা আমরা নিশ্চিত করতে পারিনি। অন্যদিকে প্রাইভেট খাতে রমরমা ব্যবসা বেড়েই চলেছে। একসময় কেবল উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিত। কিন্তু এখন নিম্নবিত্তরাও প্রাইভেট হাসপাতালে যেতে বাধ্য হচ্ছে। একদিকে চড়া দ্রব্যমূল্য, অন্যদিকে চিকিৎসা নিয়ে ভোগান্তি; বিশেষত এমন পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাবে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

হাম কোনো সাধারণ ভাইরাসজনিত রোগ নয়। এটি অত্যন্ত সংক্রামক, বিশেষ করে শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সময়মতো চিকিৎসা না পেলে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মৃত্যুও ঘটতে পারে। অথচ এই রোগটি প্রতিরোধযোগ্য, যা টিকাদানের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সেই জায়গাতেই প্রশ্ন উঠছে, এত বড় মাত্রায় সংক্রমণ বৃদ্ধির পেছনে কী কারণ কাজ করছে? প্রথমত, টিকাদান কর্মসূচির ঘাটতি বা বিঘ্ন একটি বড় কারণ হতে পারে। অনেক শিশুই নির্ধারিত সময়ে টিকা পায়নি বা টিকাদানের আওতার বাইরে থেকে গেছে। ফলে একটি বড় জনগোষ্ঠী এখন ঝুঁকিতে রয়েছে। জনসচেতনতার অভাবও গুরুত্বপূর্ণ বিষয়। গ্রামাঞ্চলসহ অনেক এলাকায় এখনও টিকা নিয়ে ভ্রান্ত ধারণা বা অনীহা রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভুল তথ্যও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। ফলে অভিভাবকরা অনেক সময় সচেতন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন।

তবে নজরদারি ও তথ্য ব্যবস্থাপনার দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একটি কার্যকর স্বাস্থ্য ব্যবস্থায় রোগ শনাক্তকরণ, রিপোর্টিং ও প্রতিক্রিয়া– এই তিনটি স্তম্ভই সমানভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন। দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তী সরকারের আমলে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যায়নি এ বিষয়ে। এই প্রেক্ষাপটে করণীয় কী? প্রথমত, জাতীয় টিকাদান কর্মসূচিকে আরও জোরদার করতে হবে। যেসব শিশু টিকার আওতার বাইরে রয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে টিকার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব শিশুর টিকা এখনও দেওয়া হয়নি, শিগগির তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করুন।

দ্বিতীয়ত, গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষত অভিভাবকদের এ ব্যাপারে জোরালো ভূমিকা রয়েছে। গণমাধ্যম, সামাজিক মাধ্যম এবং স্থানীয় প্রশাসন একযোগে এ কাজে ভূমিকা রাখতে পারে। তৃতীয়ত, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট ও জনবল নিশ্চিত করে নজরদারি ব্যবস্থা শক্তিশালী করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজনৈতিক সদিচ্ছা গড়ে না উঠলে কোনো খাতই নাগরিকবান্ধব হয়ে গড়ে উঠবে না। এ জন্য সামষ্টিক তৎপরতা কাম্য, বিশেষত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহির চর্চা নিশ্চিত করা অপরিহার্য। অচিরেই যেটা দরকার সেটি হলো, সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো ঢেলে সাজানো, প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করা। একই সঙ্গে চিকিৎসা খাতে ব্যক্তিগত সিন্ডিকেটগুলোর একচেটিয়া ব্যবসায় সরকারের নিয়ন্ত্রণ আনা জরুরি। মূলত সরকারিভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারলে প্রাইভেট ক্ষেত্রগুলো দুর্বল হয়ে পড়বে। ২০২০-২১ সালে আমরা কভিডের ভয়াবহ রূপ দেখেছি। হামের ব্যাপারেও আমাদের গুরুত্ব দেওয়া দরকার। অন্যথায় মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে, যার সবচেয়ে বড় শিকার হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম– শিশুরা। তাই দ্রুত, সমন্বিত এবং বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণই হতে পারে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।

ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল