সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মাইকে ঘোষণা দিয়ে ৪০০-৫০০ সন্ত্রাসী একত্র হয়ে র্যাবের ওপর হামলা চালায়। এতে র্যাবের নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত এবং ৪ জন সদস্য গুরুতর আহত হন। আমরা মনে করি, এটি আর দশটা বিচ্ছিন্ন ঘটনার মতো নয়, এটি সরকারের কর্তৃত্ব ভেঙে পড়ার ভয়ংকর ইঙ্গিত বহন করে। সলিমপুর জনপদে কে ঢুকবে, কে বেরোবে- এই সিদ্ধান্ত কি সন্ত্রাসীরা নেবে? এ কেমন কথা! এ যেন মামারবাড়ীর আবদার! আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে ঢুকলেই নিতে হবে মৃত্যুঝুঁকি! অনুসন্ধানে জানা যায়, জঙ্গল সলিমপুরের এ ঘটনা আজকের নয়, এটি প্রায় অর্ধ শতাব্দীকালের পুরানো সমস্যা।
স্বাধীনতার পর বিগত সব সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় স্থানীয় ভদ্রবেশী সামাজিক দুর্বৃত্তরা প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পাহাড় কেটে প্লটবাণিজ্য করে অবৈধ বসতি স্থাপন করেছে সেখানে। এমনকি দখলদার সন্ত্রাসী বাহিনী তাদের প্লটবাণিজ্য ধরে রাখতে সশস্ত্র পাহারা বসিয়েছে প্রশাসনের নাকের ডগায়। শুরুতেই যদি সরকার সমূলে উৎপাটন করতে পারত সন্ত্রাসীদের তবে এমন অনাকাক্সিক্ষত ঘটনায় র্যাব সদস্যের অকালে প্রাণ দিতে হতো না। \r\nআমরা মনে করি, এর দায় শুধু হামলাকারীদের নয়, এই দায় রাষ্ট্রযন্ত্রের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা, আপোসকামিতা ও রাজনৈতিক প্রশ্রয়ের কুফল। এটি শুধু নিরাপত্তা বাহিনীর ওপর আঘাত নয়, এটি সরাসরি রাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ।
প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে সশস্ত্র সন্ত্রাসীরা নির্ধারণ করবে কে কোন জনপদের রাজাধীরাজ হবে? এভাবে আর চলতে দেওয়া যায় না। যদি চাঁদাবাজি, দখলদারিত্ব, খুনখারাবি চলতেই থাকে তবে চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন ঘটিয়ে কী লাভ হলো? দেশের শাসনব্যবস্থার আপাদমস্তক পরিবর্তনের জন্যই তো এ বিপ্লব হয়েছিল। রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে, যেন কোনোক্রমেই কোনো সন্ত্রাসী চাঁদাবাজ দলের কোনো স্তরেই যেন অনুপ্রবেশ করতে না পারে।\r\nইদানীং আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। মানুষ খুব ভোরে সড়কে পথ চলতে ভয় পায়, রাতে বাড়ি ফিরতে থাকে আতঙ্কে। ২০২৫ সালে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা বেড়েছে ৩৯ শতাংশ। অপহরণ বেড়েছে ৭১ শতাংশ। পুলিশের বক্তব্যে বলা হচ্ছে, মামলা বাড়ার অর্থ অপরাধ বাড়েনি, মানুষ এখন সহজে মামলা করতে পারছে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই যুক্তি বাস্তবতার সঙ্গে নির্মম পরিহাস। যদি অপরাধ না বাড়ত, তবে মানুষ কেন এত অনিরাপদ বোধ করবে? কেন মানুষের হিংস্রতায় ২০২৫ সালে ১৯৭ জন মানুষ নিহত হবে? জঙ্গল সলিমপুরের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, যদি সশস্ত্র দখলদারদের সম্পূর্ণভাবে উৎখাত করা না হয়, যদি হামলার পেছনের মদদদাতাদের প্রকাশ্যে আনা না যায়, তবে এ হত্যাকাণ্ড হতে পারে আরও অনেক হত্যার সূচনা। তখন শুধু র্যাব নয়, পুলিশ নয়, সরকারই জিম্মি হয়ে পড়বে সন্ত্রাসীদের হাতে।
