সাভার ও ধামরাই উপজেলা একসময় রাজধানী ঢাকার অতি কাছে সবুজ-শ্যামল প্রকৃতির আধার ছিল। নগরবাসীর খাদ্যচাহিদার জোগানে অনন্য ভূমিকা রাখত। বিশ্বায়নের প্রভাবে শিল্পায়নের জাঁতাকলে আশির দশকের শুরুর দিকে অপরিকল্পিত শিল্প-কলকারখানা গড়ে ওঠে এ অঞ্চলে। প্রশাসনের শিথিলতার কারণে অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনায় এ অঞ্চল কৃষি ও মানবস্বাস্থ্যের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। কৃষিজমি প্রায় চাষের অযোগ্য হয়ে পড়েছে, অথচ একসময় এখানকার মাটি অত্যন্ত উর্বর ছিল। সাভারের কলতাসুতি এবং ধামরাইয়ের ডাউটিয়া, জয়পুরা মৌজাসহ বিভিন্ন কৃষিজমি শিল্পবর্জ্যরে কালো পানিতে সয়লাব থাকে বছরের একটি দীর্ঘ সময়- যেখানে ভাসে কচুরিপানা, ঘন বর্জ্য ও রাসায়নিকের বিষ। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, ফসলের জমি ও মৎস্য সম্পদ, যা কৃষকের জীবন-জীবিকায় মরণকামড়।

চাষিদের অভিযোগ- ধান চাষে লোকসান, ফসল পচে যাওয়া, চিটা বৃদ্ধি, জমিতে মাটির স্পর্শে চর্মরোগের বিস্তারের ফলে কম দামে জমি বিক্রি করে দেন কৃষক। এই সুযোগ লুফে নেয় শিল্প-কলকারখানার মালিকরা। সমীক্ষায় উঠে এসেছে, ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় সাভারে আবাদি জমি কমেছে আড়াই হাজার হেক্টর। ধামরাইয়ে এক হাজার হেক্টরের বেশি, একই সময়ে শিল্প-কারখানার সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। \r\nসম্প্রতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ডাউটিয়া-জয়পুরা ও কলতাসুতির পানি ও মাটিতে ভারি ধাতু যেমন সিসা, নিকেল, ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম জমছে নদী, মাটি এবং খাদ্যশস্যে। ডিও মাত্রা বিপজ্জনকভাবে কম, ফসফেট, অ্যামোনিয়া ও নাইট্রেট অস্বাভাবিকভাবে বেশি।

এতে কেবল ফসল ও মৎস্যের উৎপাদন কমছে না; মানুষের খাদ্যচক্রে বিষাক্ত ধাতু প্রবেশ করে ভবিষ্যতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির জন্ম দেবে, যা গোটা জাতির জন্য এক অশনিসংকেত। গোটা দেশের শিল্পাঞ্চল ও তৎসংলগ্ন এলাকার ভূপ্রকৃতি ও পরিবেশগত সমস্যাগুলো প্রায় একই রকম। এখানকার সমস্যাগুলোর ধরন ও প্রকৃতি সম্পর্কে বিশেষজ্ঞ, প্রশাসন, কৃষক ও আমজনতা সবাই জানে, কিন্তু কারও কাছে কোনো সমাধান নেই। অধিকাংশ শিল্প মালিক সরকারের কর্তা-ব্যক্তিদের ম্যানেজ করে পার পেয়ে যান। এতে নীরবে ধ্বংস হচ্ছে প্রাণপ্রকৃতি। উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগও তেমন দৃশ্যমান নয়। পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা সীমিত, রাজনৈতিক সদিচ্ছা ও সচেতনতার অভাবও প্রকট। কৃষকরা প্রতিবাদ করছেন, কিন্তু সরকারের স্থানীয় কর্তা-ব্যক্তিরা নির্বাক। এমন কঠিন বাস্তবতায়, সাভার-ধামরাইয়ে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টাল জোন ঘোষণা করে সব কারখানাকে বাধ্যতামূলকভাবে কার্যকর ইটিপি স্থাপন ও বর্জ্য প্রবাহকে নদীতে পাইপলাইনে স্থানান্তরের দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ করতে হবে। খাল-নালা পুনঃখনন, পানি নিষ্কাশনব্যবস্থা পুনর্গঠন করে মনিটরিংয়ের আওতায় এনে তদারকি করতে হবে। ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন, বিকল্প জীবিকা এবং কৃষিজমি পুনরুদ্ধারে সাঁড়াশি অভিযান চালাতে হবে।