সীমান্ত কেবল দুটি দেশের ভৌগোলিক বিভাজন রেখা নয় এটি যেন সভ্যতা ও অসভ্যতার মাঝের এক সূক্ষ্ম অথচ গভীর বিভাজন। বাংলাদেশে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাধীন ভারতীয় সীমান্ত ঘেঁষে যে ধূসর পথটি নিঃশব্দে শুয়ে আছে তা দিনের আলোয় সাধারণ গ্রামীণ জনপদ মনে হলেও মধ্যরাতের গভীরে তা এক আঁধার বাণিজ্যের অলিন্দ হয়ে ওঠে। দিনের পরিশ্রান্ত মানুষ যখন নিদ্রার কোলে শান্তি খোঁজে ঠিক তখনই স্থলপথের প্রতিটি ধূলিকণা সাক্ষী হয় এক নীরব অপরাধের চোরাচালান ।\r\nএ পথে মোটরগাড়ির দ্রুততা নয় বরং মানুষের পিঠে বহন করা ব্যাগের ভারে চাপা পড়ে আসে বিভিন্ন মসলা, কসমেটিকসের ঝলক, ভারতে উৎপাদিত শুল্কফাঁকি দেয়া কম্বল আর সেই সঙ্গে গোপনে পাড়ি দেয় মেয়াদোত্তীর্ণ মদের বোতল ও ভীতিপ্রদ ইয়াবা।
এই অবৈধ লেনদেন শুধু সরকারের রাজস্ব ফাঁকি দেয় না সমাজের মূলে গোপনে রোপণ করে বিষবৃক্ষ। ভারতীয় কম্বলের উষ্ণতার আড়ালে ঢাকা পড়ে থাকে হাজারো যুবকের বিভ্রান্তি যারা দ্রুত অর্থ লাভের লোভে এই চোরাকারবার চক্রের জালে জড়িয়ে পড়ে। ধোবাউড়া থানা পুলিশ মাঝে মাঝে সজাগ হয় টর্চের আলো ফেলে মধ্যরাতের স্তব্ধতা ভাঙতে চায়। তারা কিছু পণ্য জব্দও করে, দু-চারজনকে আটক করে কিন্তু গভীর জলের কুমিরেরা সাধারণত ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। অভিযান যেন কেবল পথের ধুলো ঝেড়ে দেওয়ার মতো; মূল অন্ধকার দূর হয় না। চোরাচালানের দৌরাত্ম্য কমে না, কারণ এর শেকড় শুধু দারিদ্র্যে নয়, অর্থের লোভ ও প্রশাসনের দুর্বলতার গভীরে প্রোথিত বলে অনুমিত হয়। এ সমস্যার স্থায়ী সমাধান কেবল বুটের শক্তিতে সম্ভব নয় প্রয়োজন এক সমন্বিত মানবিক জাগরণ।
প্রথমেই সীমান্তে প্রহরাকে কেবল শারীরিক উপস্থিতি থেকে উন্নত করে প্রযুক্তিনির্ভর তীক্ষ্ণ দৃষ্টিতে পরিণত করতে হবে। বিজিবি ও পুলিশের মধ্যেকার সমন্বয়ের সেতুবন্ধন হতে হবে দৃঢ়। তবে আসল সমাধান লুকানো আছে মানুষের বিবেকের গভীরে।\r\nসীমান্তের দরিদ্র মানুষগুলোকে এই অন্ধকার বাণিজ্য থেকে আলোর পথে ফেরাতে হবে। তাদের হাতে তুলে দিতে হবে সম্মানজনক জীবিকার চাবি যাতে তারা স্বল্প সময়ের অবৈধ অর্থের মোহে না পড়ে। চোরাচালানের মূল হোতারা, যারা এই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে মুনাফা লুটছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সময়ের দাবি। আইনি প্রক্রিয়াকে হতে হবে দ্রুতগামী ও অবিচল যেন অপরাধীরা আইনের ফাঁক গলে বারবার বেরিয়ে আসতে না পারে। যখন স্থানীয় সমাজ এই চোরাচালানকে কেবল আইনগত অপরাধ হিসেবে দেখবে না বরং নিজেদের নৈতিকতার স্খলন হিসেবে দেখবে তখনই জাগবে প্রকৃত প্রতিরোধ। সীমান্তের মানুষের সম্মিলিত সংকল্পই পারে মধ্যরাতের এই আঁধার বাণিজ্যকে চিরতরে স্তব্ধ করে দিতে। তবেই ধোবাউড়ার এই পথ কেবল দুটি দেশের সংযোগ স্থাপন করবে, কোনো অপরাধের অলিন্দ নয় যেখানে পাচারের পণ্য নয় বরং সভ্যতার ও বিশ্বাসের আলোকধারা প্রবহমান হবে।
