এখন শাবান মাস চলছে। এর পরই আসছে রমজান। রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকেই আমরা দোয়া করি– আল্লাহুম্মা বা-রিক লানা ফি রাজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রামাদান। অর্থ: হে আল্লাহ, তুমি রজব ও শাবানে আমাদের বরকত দাও। আর আমাদের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রমজানুল মুবারক মুসলিম জীবনে এক অতুলনীয় বরকতময় মাস। এ মাসে আল্লাহতায়ালা তাঁর বান্দাদের ওপর রোজা ফরজ করেছেন এবং কোরআনুল কারিম নাজিল করেছেন। আল্লাহতায়ালা এরশাদ করেন, ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার’ (সুরা আল-বাকারা: ১৮৩)।
এ আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে– রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। এ লক্ষ্য অর্জনে রমজানের আগে থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রথমত, ইমান ও নিয়তের প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। রমজান আসার আগেই একজন মুমিনের উচিত দৃঢ় সংকল্প করা– সে এই মাসকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাবে। হাদিস শরিফে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সব কাজই নিয়তের ওপর নির্ভরশীল’ (সহিহ বুখারি ও মুসলিম)। সুতরাং বিশুদ্ধ নিয়ত ছাড়া রমজানের ইবাদত পূর্ণতা লাভ করে না।
দ্বিতীয়ত, তাওবা ও আত্মশুদ্ধির প্রস্তুতি রমজানের অন্যতম প্রস্তুতি। গুনাহে ভরা অন্তর নিয়ে রমজানের রহমত লাভ করা কঠিন। আল্লাহতায়ালা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার’
(সুরা আন-নূর: ৩১)। তাই রমজানের আগে আন্তরিকভাবে তাওবা করা, হারাম থেকে বেঁচে থাকার দৃঢ় অঙ্গীকার এবং অন্তরকে পবিত্র করা জরুরি।
তৃতীয়ত, ইবাদতের প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান হলো কোরআনের মাস। আল্লাহতায়ালা এরশাদ করেন, ‘রমজান মাস, এতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত’ (সুরা আল-বাকারা: ১৮৫)। তাই রমজানের আগে থেকেই কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা, পাঁচ ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া এবং নফল ইবাদতে অভ্যস্ত হওয়া প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.) রমজানে ইবাদতে অন্য সময়ের তুলনায় বেশি মনোযোগ দিতেন।
চতুর্থত, নৈতিক ও চরিত্রগত প্রস্তুতি গ্রহণ করা অপরিহার্য। রোজা শুধু উপবাস থাকার নাম নয়; বরং এটি চরিত্র সংশোধনের মাধ্যম। হাদিসে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন,‘যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিহার করে না, তার ক্ষুধা ও পিপাসা ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই’ (সহিহ বুখারি)। অতএব মিথ্যা, গিবত, অশ্লীলতা ও ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকার প্রস্তুতি নিতে হবে।
পঞ্চমত, শারীরিক ও মানসিক প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। রোজা পালনের জন্য সুস্থতা ও ধৈর্য অপরিহার্য। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয়’ (সহিহ মুসলিম)। তাই রমজানের আগে থেকেই শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও মানসিক দৃঢ়তা অর্জন করা জরুরি। ষষ্ঠত, সময় ব্যবস্থাপনার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আল্লাহতায়ালা এরশাদ করেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে’ (সুরা আল-আনকাবুত: ৪৫)। সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে ইবাদত ও দায়িত্বের ভারসাম্য রক্ষা করা সম্ভব। আল্লাহতায়ালা আমাদের সবাইকে রমজানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা এবং এই মাসের পূর্ণ ফজিলত অর্জনের তাওফিক দান করুন।
ড. মো. শাহজাহান কবীর: চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
