বাংলাদেশের মানুষের অন্তরে যে অফুরন্ত ভালোবাসা এবং আস্থা সঞ্চিত হয়ে আছে, তার সবচেয়ে স্বচ্ছ ও গভীর প্রতিফলন দেখা যায় মানুষের অন্তরের নিকটতম পরিবার “জিয়া পরিবারে।” প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবারটি দেশের মানুষের আস্থা, বিশ্বাস ও নির্ভরতার এক অটুট বন্ধন হিসেবে তাঁদের জীবনে জড়িয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, আভিজাত্য ও নিরাপত্তা ত্যাগ করে সাধারণ মানুষের মাঝে এসে যে অসীম বিশ্বাসের অসামান্য বীজ বপন করেছিলেন, তা অব্যাহত রেখেছেন সারা বিশ্বের নারী সংগ্রামের অগ্রসেনানী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ব্যক্তিগত স্বার্থ, সুখ-স্বাচ্ছন্দ্য এবং পরিবারের প্রতি দায়বদ্ধতা সমস্ত কিছুই পরিত্যাগ করে, সীমাহীন নির্যাতন ও চ্যালেঞ্জের মধ্যেও তারা মানুষের পাশে দাঁড়িয়ে ইতিহাস গড়ে তুলেছেন।

ঠিক সেই ঐতিহ্যবাহী ধারাবাহিকতার মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম সামনে এসেছে। তাঁদের কথাবার্তা, আচরণ ও উপস্থিতিতে আজীবন ধ্বনিত হয়েছে সেই চিরচেনা মানবিক সুর, যা এই দেশের মানুষ যুগের পর যুগ ধরে অনুভব করে আসছে, হৃদয়ের সাথে সংযুক্ত হয়েছে। মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্ত সংযোগ, মেয়েদের সঙ্গে হাত মেলানোর দৃশ্য নতুন করে আশা ও আবেগের অবারিত জোয়ার সৃষ্টি করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান দেশের মাটিতে দেওয়া তাঁর প্রথম বক্তব্যেই দেশের রাজনীতির আলোচনায় একটি নতুন চিহ্ন এঁকেছেন, যা ভালোবাসা, বিশ্বাস ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে।

ব্যারিস্টার জাইমা রহমানের দেশের মানুষের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গভীর, আত্মিক এবং ঐতিহাসিক। পারিবারিকভাবে তিনি দেশের সঙ্গে সংযুক্ত থাকলেও, জীবনের বড়ো অংশই তিনি দেশের বাইরে কাটিয়েছেন। নিজের দাদি ও বাবার প্রতি প্রাত্যহিক নির্যাতনের স্মৃতি, চাচাকে হারানোর যন্ত্রণার সাক্ষী হওয়া, সবকিছুই মানসিক দিক থেকে তাঁকে প্রভাবিত করেছে, এই স্মৃতিগুলো তাঁকে দিনে দিনে আরো শক্তিশালী করে তুলেছে। এই যন্ত্রণার জাঁতাকল পায়ের তলায় মাড়িয়ে তিনি ফিরে এসেছেন দেশের মানুষের কাছে এবং তাঁদের আন্তরিক আতিথেয়তা গ্রহণ করেছেন।

কৃষিবিদ ইনস্টিটিউটে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যটি তাৎপর্যপূর্ণ, কারণ এটি কোনো দলীয় সমাবেশ নয়, রাজনৈতিক কোনো ভাষণের জায়গাও ছিল না। এটি ঐতিহাসিক উত্তরাধিকারের একটি বাস্তব ও নীতিনির্ভর বহিঃপ্রকাশ। বিএনপি আজীবন যে রাজনীতি করে এসেছে, একদিকে যেমন মানুষের আদায়ের লক্ষ্যে রাজপথে সংগ্রাম অব্যাহত রেখেছে, তেমনি নীতিনির্ভর রাজনীতিও করে গেছে। জাইমা রহমান কথা বলেছেন নারীর অধিকার, বিএনপির নীতিনির্ভর রাজনৈতিক পথচলা, এবং দায়িত্বশীল, সংযত রাজনৈতিক চিন্তার প্রতিফলন হিসেবে। তাঁর বক্তব্য আমাদের দেখিয়েছে, মতের ভিন্নতা, সংলাপ এবং সব দল মতের সমন্বয়ে পারস্পরিক শ্রদ্ধার চমৎকার সমন্বয় হিসেবে। “আমরা সবাই একরকম নই।” এই স্বীকারোক্তির মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। দীর্ঘদিন ধরে দেশে ভিন্নমতকে শত্রুতা হিসেবে দেখার প্রবণতা থাকলেও, জাইমা রহমান সেই সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে গণতন্ত্রের সৌন্দর্য সংলাপ ও শ্রবণের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন, যেটা মূলত বিএনপির ঐতিহাসিক রাজনীতির পটভূমি। বক্তব্যের শুরুতেই তিনি নিজেকে সর্বজ্ঞ বা সব সমস্যার সমাধান জানেন এমন কোনো ব্যক্তি হিসেবে উপস্থাপন করেননি। বরং স্পষ্টভাবে বলেছেন, তিনি এসেছেন শুনতে, শিখতে ও একসঙ্গে কাজ করতে। এই বিনয়, প্রজ্ঞা ও সহিষ্ণুতার মনোভাব রাজনৈতিকভাবে অনন্য। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরিবর্তিত বাংলাদেশে যে নতুন রাজনীতির পথ দেখিয়েছেন, তার পতাকা বহন করে জাইমা রহমান যে অগ্র পথে এগিয়ে যাবেন, তা স্পষ্ট হয়ে গেছে। তিনি কথা বলেছেন ক্ষমতার ভাষায় নয়, বরং দায়িত্ব, কর্তব্য, আস্থা ও নির্ভরতার ছায়া হিসেবে, যা মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে।

জাইমা রহমান বিশেষভাবে দেশের নারীর সামাজিক ও অর্থনৈতিক ভূমিকা নিয়ে বিশ্লেষণ করেছেন। তিনি বিষয়টিকে কেবল নারীর অধিকার বা নারী সমাজের উন্নয়নের আলাদা ইস্যু হিসেবে দেখেননি, বরং পরিবার, অর্থনীতি, রাষ্ট্র এবং সামাজিক কাঠামোর সঙ্গে যুক্ত করে একটি সমন্বিত বাস্তবতা হিসেবে উপস্থাপন করেছেন। তিনি পরিবারকে “প্রথম পাঠশালা” হিসেবে উল্লেখ করেছেন, কারণ পরিবারে প্রথম নির্ধারিত হয় একজন নারী তার জীবনে কী হতে পারবে, তার কাছ থেকে কী আশা করা হবে এবং তাঁর পথচলার সীমারেখা কোথায় টানা হবে।

ব্যক্তিগত উদাহরণ হিসেবে তিনি মায়ের চিকিৎসক হিসেবে কাজ করা, নানুর সমাজকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করেছেন। তিনি পুরুষদের বিরোধী শক্তি হিসেবে নয়, বরং পরিবর্তনের পথে অবিরাম সহযাত্রী হিসেবে চিহ্নিত করেছেন, যা তাঁর বক্তব্যকে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করেছে। বিশেষভাবে ১৯৭৯ সালে তাঁর নানু নিজের বাড়িতে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য বিনামূল্যের প্রাথমিক বিদ্যালয় চালু করেছিলেন। ব্যক্তিগত যত্ন ও দায়বদ্ধতা থেকে শুরু হওয়া সেই উদ্যোগ পরে বাংলাদেশের প্রাচীনতম এনজিওগুলোর একটিতে পরিণত হয়, যা অসংখ্য শিশুর জীবনে দীর্ঘস্থায়ী ও অর্থবহ পরিবর্তন এনেছে। জাইমা রহমান বলেন, তাঁর নানু এটি করতে পেরেছিলেন, কারণ চারপাশের পুরুষরা তাঁর কাজে বিশ্বাস রেখেছিলেন, তাঁর নেতৃত্বকে সম্মান করেছিলেন এবং তাঁর চলার পথে কখনো বাধা হয়ে দাঁড়াননি।

জাইমা রহমান স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরেছেন। পোশাকশিল্পের বিস্তার, নারী বিষয়ক মন্ত্রণালয়, কন্যা শিক্ষায় রাষ্ট্রীয় অগ্রাধিকার এবং মাধ্যমিক শিক্ষায় লিঙ্গ সমতা নিশ্চিত করার উদ্যোগগুলো উল্লেখ করে তিনি দেখিয়েছেন, জিয়া পরিবার ঐতিহাসিকভাবে নারীর পাশে দাঁড়িয়ে বাস্তবমুখী পরিবর্তনের রূপরেখা তৈরি করেছে।

একই ধারাবাহিকতায় জাইমা রহমান তাঁর দাদি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বকে নারীর ক্ষমতায়নের সুস্পষ্ট ও কার্যকর দর্শনের প্রতিফলন হিসেবে উপস্থাপন করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, দেশনেত্রী শিক্ষাকে শুধুই সামাজিক উন্নয়নের খাত হিসেবে নয়, বরং নারীর কণ্ঠস্বর, আত্মবিশ্বাস ও নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গঠনের প্রধান মাধ্যম হিসেবে দেখতেন। সে কারণে তাঁর শাসনামলে কন্যা শিক্ষা সুযোগ নয়, অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিনামূল্যের মাধ্যমিক শিক্ষা, ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ এবং ‘নগদ অর্থ সহায়তার বিনিময়ে শিক্ষা’ কর্মসূচির সমন্বিত বাস্তবায়নে লাখো মেয়ে ঝরে পড়া থেকে রক্ষা পায় এবং শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত হয়।

বিশেষভাবে, নারী মাধ্যমিক বিদ্যালয় সহায়তা প্রকল্প প্রথমবারের মতো মাধ্যমিক শিক্ষায় লিঙ্গ সমতা নিশ্চিত করে এবং আন্তর্জাতিক পরিসরেও একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে পরিচিতি পায়। লন্ডনের হাসপাতালের নাইজেরিয়ান নার্সের উদাহরণও তিনি উল্লেখ করেছেন, যে দেশে বেগম খালেদা জিয়ার শিক্ষানীতি দেখে নারী শিক্ষার অবৈতনিক নীতিকে অনুসরণ করা হয়। তিনি অবৈতনিক গৃহস্থালি শ্রমের গুরুত্বও তুলে ধরেছেন, যা দেশের মোট শ্রমের একটি বড়ো অংশ হলেও হিসাবনিকাশ ও নীতিনির্ধারণে অদৃশ্য থাকে। এই ধারণা প্রকাশ করে তাঁর চিন্তার গভীরতা কতটা প্রখর। তিনি তাঁর বক্তব্যে লিঙ্গ সমতার অর্থনৈতিক প্রভাব স্পষ্ট করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, নারীর ক্ষমতায়ন শুধু নীতি, আইন বা প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পৌঁছাতে হবে ঘরে ঘরে, মানসিকতায়, আচার ব্যবহারে ও সামাজিক আচরণে। তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক দল ও মত নির্বিশেষে সবার কাছে সার্বজনীন হয়ে উঠেছেন। বক্তৃতা শুনে উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ হয়েছেন। তিনি বলেছেন, “আমি এমন কেউ নই যার সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে,” তবে নিজের জায়গা থেকে ছোট ছোট কিছু করেও দেশের জন্য অবদান রাখা সম্ভব। এই কথাটিই বিশ্বাস, ভালোবাসা ও দায়িত্বে।

লেখক: মাহবুব নাহিদ রাজনৈতিক বিশ্লেষক