সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাম দলগুলোর ফল চরম হতাশাজনক– এ নিয়ে নতুন কিছু বলার নেই। গত ১৬ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাক লিখেছে, দুই জোটে বিভক্ত হয়ে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ১৮০টিতেই তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে এসব আসনে বাম দলগুলোর প্রাপ্ত ভোটের হার মাত্র ০.৩৬ শতাংশ। প্রতিবেদনে দুই জোট বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জোট বেঁধে নির্বাচন করা বাম দলগুলো এবং ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’-এর ব্যানারে নির্বাচন করা ১০ বাম দলের কথা বলা হয়েছে। প্রথমোক্ত জোটে ছিল তিনটি বাম দল, যাদের মোট ৩৫ জন প্রার্থী নির্বাচন করেছেন। এদের মধ্যে কেবল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জয় পেয়েছেন। অন্যদের মধ্যে কেবল ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক জামানত রক্ষা করতে পেরেছেন। এসব আসনে দলগুলোর মোট ভোটের হার ছিল ০.১৯ শতাংশ।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নিবন্ধিত চারটি দলের প্রতীকে ১৪৭টি (২ ফেব্রুয়ারি সমকাল লিখেছে সংখ্যাটা ১৪৯) আসনে নির্বাচন করেন জোটের প্রর্থীরা। এদের সবাই জামানত হারিয়েছেন। সব মিলিয়ে এই জোটের প্রাপ্ত ভোট ০.১৭ শতাংশ। এ জোটের বরিশাল-৫ আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী ২২ হাজার ৪৮৬ ভোট পেয়ে তৃতীয় হলেও প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে না পারায় জামানত রক্ষা করতে পারেননি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটভুক্ত বাম দলগুলোর কেউই এবারের নির্বাচনে অংশ নেননি। ফলে তারা এ আলোচনার অন্তর্ভুক্ত নন। বিএনপি জোটভুক্ত বাম দলগুলো নিয়েও বস্তুত আলোচনার কিছু নেই। প্রথমত, এ জোটের সাইফুল হকের নেতৃত্বাধীন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়া আর কোনো দলই নিজেদের বাম বলে মনে করে না। দ্বিতীয়ত, বামপন্থার ভক্তরাও বিশেষত নিপীড়িত শ্রেণি ও জনগোষ্ঠীর অধিকারের প্রশ্নে মূলত শাসকশ্রেণির দৃষ্টিভঙ্গি ধারণ করায় ওই দলগুলোকে বাম বলতে রাজি নন। জোনায়েদ সাকির এমপি ও মন্ত্রী হওয়া তাই ‘বামপন্থার জয়’ ধরা যাবে না। স্মরণ করা যেতে পারে, ১৪ দলভুক্ত বাম দলগুলোর অনেকে বিগত সরকারের আশীর্বাদে একাধিকবার এমপি ও মন্ত্রী হয়েছিলেন। তাতে শ্রমিক-কৃষক দূরের কথা; জাতিগত, ধর্মীয় সংখ্যালঘুসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে কোনো প্রভাব পড়েনি।

বিএনপি ও আওয়ামী লীগ জোট থেকে দূরত্ব বজায় রাখা বাম দলগুলো ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ গঠন করেছিল গত ২৯ নভেম্বর ঢাকায় এক কনভেনশনের মাধ্যমে। এর উদ্যোক্তারা ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেও মাত্র ১৪৯ আসনে প্রার্থী দিতে পেরেছিল। তদুপরি মাত্র ৯৬টি আসনে যুক্তফ্রন্টের একক প্রার্থী ছিল। বাকি ৫৩টি আসনে একাধিক শরিক দলের প্রার্থী ছিল (সমকাল, ২ ফেব্রুয়ারি ২০২৬)। এমনকি কিছু আসনে তিন বাম দলের তিন প্রার্থীও দাঁড়িয়েছিলেন। ফলে, বলা যায়, খেলা শুরুর আগেই যুক্তফ্রন্ট নির্বাচনী লড়াই থেকে ছিটকে পড়ে।

বামদলগুলো সম্পর্কে জনপরিসরে একটা কথা বিগত বহু দশক ধরে চালু আছে। এরা আন্দোলনে যতটা পারঙ্গম, নির্বাচনে ঠিক ততটাই দুর্বল। এ জন্য বিশেষত বাম তাত্ত্বিকদের একটা অংশ বাম দলগুলো ‘ভুল’ রাজনীতির চর্চাকে দায়ী করে। সেই ভুলটা হলো, সমর্থকদের মধ্যে শ্রেণি বা দলীয় চেতনা শানিত করতে না পারা। বাস্তবে আজ পর্যন্ত কোনো বাম দলই নির্বাচনকে আন্দোলনের মতো গুরুত্ব দেয়নি। দেশের ইতিহাসের বড় একটা সময় তারা শ্রমিক-কৃষকের বিপ্লবের ঘোরে কাটিয়েছে। বামদের একটা উল্লেখযোগ্য অংশ অন্য বহু দেশের মতো এখানেও নির্বাচনকে আন্দোলন ধ্বংসের একটা বুর্জোয়া চক্রান্ত হিসেবে দেখেছে। ‘নির্বাচনী খেলা খেলে লাভ হয়নি কোনো কালে’– এ স্লোগান তুলে তারা নির্বাচনপন্থিদের শাপ-শাপান্তও করেছে।

অন্যদিকে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ যারা মনে করেছেন তারা আদতে বিষয়টা হালকাভাবেই নিয়েছেন। এবারের নির্বাচনেও এর আলামত স্পষ্ট ছিল, যার প্রথম প্রকাশ ঘটেছে সব আসনে জোটের একক প্রার্থী দিতে না পারা বা না চাওয়ার মধ্যে। উল্লেখ্য, নানা কারণে এখানে কোনো একক বাম দল বড় হয়ে ওঠেনি, যে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব কাঁধে নিয়ে অন্য বাম দলগুলোকে বল ও ভরসা জোগাবে। ১৯৮০র দশকে সিপিবি সে সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু প্রথমত অতি সোভিয়েত রাশিয়া-নির্ভরতার কারণে সাবেক সমাজতান্ত্রিক রাশিয়ার পতন ঘটার সঙ্গে সঙ্গে দলটি ব্যাপক ভাঙনের মুখে পড়ে। দ্বিতীয়ত, পরবর্তী সময়েও ভুল রাজনীতির সঙ্গে নেতৃত্বের কোন্দল দলটির সম্ভাবনা প্রায় নষ্ট করে দেয়। এ প্রসঙ্গে ভারতের উদাহরণ টানা যায়। অনেক বিপর্যয় সত্ত্বেও একক দল হিসেবে সিপিএম সেখানে অন্য সমমনা বাম দলগুলোকে এক ছাতার নিচে রেখে টেনে নিয়ে যাচ্ছে। এ ধরনের ব্যবস্থার সুবিধা হলো, দায়দেনার ভারে ছোট দলগুলো ভারাক্রান্ত হয় না; বড় দলের নেতৃত্বও অহেতুক জটিলতা ছাড়া মেনে চলে। আমাদের এখানে এমন সমঝোতা অসম্ভব। তাই দল হিসেবে ছোট হলেও অহম বেশ বড়। ফলে মনীষার মতো সম্ভাবনাময় প্রার্থীর আসনেও অন্য বাম দল অবলীলায় প্রার্থী দিয়ে বসে। সিপিবির সম্ভাবনাময় প্রার্থী গাইবান্ধার মিহির ঘোষের আসনেও একই ঘটনা ঘটেছে। সেখানে বাসদের দুই অংশই নিছক দলীয় প্রার্থীর সংখ্যা বাড়াতে প্রার্থী দিয়েছে।

সম্ভবত জোটকে সিপিএমের মতো এককভাবে টেনে নিয়ে যাওয়ার দল না থাকায় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠনও অনেকাংশে বিলম্বে এবং হেলাফেলা করে হয়েছে। এখানে বিভিন্ন বাম দলের পাশাপাশি নিপীড়িত জাতিগত, ধর্মীয় ও পেশাজীবী গোষ্ঠীগুলোকেও নিয়ে আসার কথা ছিল। কিন্তু তার ছিটেফোঁটাও হয়নি। এ কথা আগেও বলেছি, এ ধরনের সংগঠন শুধু ভোট নয়; লড়াইয়ের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ নিজ নিজ কমিউনিটির সঙ্গে এদের সম্পর্ক সাধারণত নিবিড় থাকে।

যুক্তফ্রন্টের আরেকটি ব্যর্থতাও প্রকট; অসাম্প্রদায়িক বা লিবারেল ভোট টানতে না পারা। এরা ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগকে ভোট দেয়। কিন্তু এবার অনেকাংশেই তা পেয়েছে বিএনপি। লক্ষণীয়, অন্তর্বর্তী সরকারের জুলাই সনদে সংবিধানের চার মূলনীতির মধ্যে গণতন্ত্র বাদে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাদ পড়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় শুধু বাম দলগুলোই এ মূলনীতিগুলোর সুরক্ষায় শেষ পর্যন্ত অটল থেকেছে। অন্যদিকে, বিএনপি, জামায়াত এবং তাদের মিত্ররা বরাবরই ওই তিন মূলনীতির বিরোধিতা করেছে। অথচ নির্বাচনে মুক্তিযুদ্ধের কথা বলে বিএনপিই পুরো ফসলটা ঘরে তুলেছে।

বামপন্থিরা যদি নির্বাচনে মুক্তিযুদ্ধকে ফোকাস করত, তারাও সুবিধা পেতে পারত। যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলো নির্বাচনী ইশতেহারে মুক্তিযুদ্ধের কথা বলেছে বটে, তবে তা ছিল কথার ভিড়ের কথা। যেন ‘আওয়ামী দোসর’ ট্যাগ খাওয়ার ভয় থেকেই যেমন অন্তর্বর্তী সরকারের ‘রিসেট বাটন’ টেপার বিরোধিতা করতে পারেনি, তেমনই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নিপীড়নকেও জোরদার ইস্যু করেনি। ফলে জামায়াত ও উগ্রবাদীদের ভয়ে আগে এদের শ্রমের ফসল যেত আওয়ামী লীগের ঘরে, এবার গেল বিএনপির ঘরে। বাম দলগুলো নিশ্চয় তাদের এ নির্বাচনী ব্যর্থতার কারণ অনুসন্ধান করেছে বা করবে। তবে সর্বাগ্রে তাদের যে গভীর আত্মানুসন্ধান প্রয়োজন, তা কি তারা উপলব্ধি করছে?

সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল