সোমবারের জনকণ্ঠে আরও একটি রাষ্ট্রীয় অর্থের অপচয় সংক্রান্ত প্রতিবেদন উঠে এসেছে। স্থানীয় পর্যায়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ২০১৫ সালে ১৬৪ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিসিক শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয়। প্রকল্প গ্রহণের দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৫ সালে এসেও সমাপ্ত হয়নি কাজ। বরং প্রকল্প শেষ করতে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। একইসঙ্গে বেড়েছে ব্যয় প্রাক্কলন। একটি প্রকল্প গ্রহণের পূর্বে পরিকল্পনা, ডিজাইনসহ সম্ভাব্যতা যাচাই করা প্রাথমিক শর্ত। এই প্রকল্পের ক্ষেত্রে এসবের কিছুই হয়নি। শুধু জমি অধিগ্রহণেই সময় লেগেছে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।
এক্ষেত্রে যেমন উদাসীন ছিল শিল্প মন্ত্রণালয়, তেমিন ছিল স্থানীয় সরকারও।\r\nপ্রসঙ্গত, জনপ্রশাসনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা যতই দক্ষ, অভিজ্ঞ, পারদর্শী হোন না কেন, এমন সমালোচনা তাদের বিরুদ্ধে সতত এবং প্রায় সর্বত্র বিরাজমান। সেটি হলো, লাল ফিতার দৌরাত্ম্য বা দীর্ঘসূত্রতার অভিযোগ। সিভিল সার্ভেন্টরা নিজেরাও কোনো কোনো সময় এ ধরনের সমস্যায় বিপাকে পড়ে যান। লাল ফিতার দীর্ঘসূত্রতার ত্রুটি দূর করার জন্য প্রায় সব দেশেই নীতিনির্ধারক এবং সিনিয়র কর্মকর্তারা প্রচেষ্টা অব্যাহত রেখেও যথেষ্ট সাফল্য অর্জনে সক্ষম হননি।
কিন্তু বর্তমানে ডিজিটাল বাংলাদেশে এর সফল বাস্তবায়ন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, অ্যাকসেস টু ইনফরমেশন প্রভৃতি মৌলিক পরিবর্তনের ফলে ভবিষ্যতে লাল ফিতার দৌরাত্ম্য অনেকাংশে হ্রাস পাবে, এমন প্রত্যাশা করা যেতেই পারে। \r\nএকটি রাষ্ট্রের উন্নয়ন কাজ সম্পাদন করতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ কর নেওয়া হয়, যা তাদের আয়ের ওপর নির্ভর করে। সেই করের অর্থ দেশের উন্নয়নের জন্যই সরকার বিভিন্ন খাতে বরাদ্দ প্রদান করে। কিন্তু সেই অর্থের যথাযথ ব্যবহার না হওয়ার ফলে উন্নয়ন প্রতিনিয়তই বাধাগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায়, বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজে বিপুল পরিমাণ অপচয় হয়। প্রতিটি দেশ ও জাতির সামগ্রিক উন্নয়ন নির্ভর করে রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বণ্টন ও যথাযথ ব্যবহারের ওপর। তাই রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। কেননা, এটি মানুষের কাছে আমানতস্বরূপ। প্রতিটি নাগরিকের এ আমানত রক্ষা করা উচিত।\r\nদুই বছরের প্রকল্পটি ১০ বছরেও শেষ করতে না পারা, পুনরায় সময় ও ব্যয় বৃদ্ধি, সর্বোচ্চ বন্যার লেভেল বিবেচনায় পুনরায় ভূমি উন্নয়ন- এসবের পেছনে রাষ্ট্রের উদাসীনতা ছিল কি না- জানতে চাইলে বিসিকের শিল্প নগরী ও সমন্বয় শাখার উপমহাব্যবস্থাপক বলেন, গাফিলতি হলে সেটা ডিসি অফিসের। তারা আমাদের জমি বুঝিয়ে দিতে পারেনি। দ্বিতীয় হলো, প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি না করা। এটা সরকারের গাফিলতি। তবে এখন আর সমস্যা নেই, ২০২৭ সালের মধ্যেই এ প্রকল্প শেষ করা যাবে বলে আমরা আশাবাদী। কর্তৃপক্ষের বক্তব্য কেবল কথার কথা হয়ে উঠবে না, এমনটাই প্রত্যাশা।
