বাংলাদেশে নিকট অতীতেও স্বাভাবিক বা প্রাকৃতিক উপায়ে প্রসবের হার ছিল অনেক বেশি। বরং অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের ঘটনা ঘটত কালেভদ্রে। আমাদের নানি-দাদিরা, যাদের বসবাস প্রত্যন্ত গ্রামাঞ্চলেই ছিল, তারা বেশিসংখ্যক সন্তান জন্মদানে সহায়তা করতেন। তাদের তো অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি! তবে সন্তানের জন্ম দিতে গিয়ে প্রসূতির মৃত্যু যে একেবারেই ঘটত না, তা নয়। তবে সেটি ছিল অত্যন্ত ব্যতিক্রম। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মদানও ছিল ব্যতিক্রমী ঘটনা। আর বর্তমানে স্বাভাবিকতাই হয়ে উঠেছে ব্যতিক্রম। অর্থাৎ স্বাভাবিক উপায়ে জন্মদানই যেন বিস্ময়ের জন্ম দিচ্ছে।
\r\nবাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে অস্ত্রোপচার বা সিজারিয়ান সেকশনের হার যে পর্যায়ে পৌঁছেছে, তাকে কেবল উদ্বেগজনক বললে ভুল হবে; এটি এখন একটি জাতীয় স্বাস্থ্যসংকটে রূপ নিয়েছে। সম্প্রতি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে, গত বছর দেশে প্রায় ১৭ লাখ শিশুর জন্ম হয়েছে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে।\r\nবৈশ্বিক মানদণ্ড অনুযায়ী যেখানে মাত্র ২১ শতাংশ শিশুর জন্ম অস্ত্রোপচারে হওয়ার কথা, সেখানে বাংলাদেশে এই হার বর্তমানে ৫০ শতাংশের কাছাকাছি। আরও ভয়াবহ চিত্র দেখা যায় বেসরকারি হাসপাতালগুলোতে, যেখানে প্রতি ১০টি শিশুর মধ্যে ৯টিরই জন্ম হচ্ছে অস্ত্রোপচারে।
এই পরিসংখ্যান প্রমাণ করে যে চিকিৎসাসেবা এখন সেবার চেয়ে বাণিজ্যিক মুনাফাকেই বেশি প্রাধান্য দিচ্ছে।\r\n২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে বছরে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের কারণে পাঁচ হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। দেশের বেসরকারি মাতৃসেবা প্রতিষ্ঠানগুলোর ৭০ শতাংশের বেশি পর্যাপ্ত তদারকি ছাড়াই পরিচালিত হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবল, জরুরি চিকিৎসা সহায়তা বা মানসম্মত লেবার রুম (প্রসবকক্ষ) নেই। ফলে আর্থিক লাভকে অগ্রাধিকার দিয়ে অস্ত্রোপচারকে সহজ সমাধান হিসেবে বেছে নেওয়া হচ্ছে।\r\nকয়েক বছর ধরে সি-সেকশনের মাধ্যমে প্রসবের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ এটি নিয়ন্ত্রণে কোনো অর্থবহ সরকারি পদক্ষেপের অভাব।
ইতোমধ্যে, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো প্রতি বছর অপ্রয়োজনীয় সি-সেকশন করে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যদিও অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত দক্ষ কর্মী, জরুরি চিকিৎসা সহায়তা এবং মানসম্মত প্রসব কক্ষের অভাব রয়েছে, তবুও স্বাভাবিক প্রসবের তুলনায় কম সময়সাপেক্ষ হওয়ার কারণে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানো হয়। \r\nবিশেষজ্ঞদের মতে, অপ্রয়োজনীয় সি-সেকশনের মাধ্যমে সন্তান প্রসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রাকৃতিক প্রসবের মাধ্যমে উপকারী জীবাণু বা মায়ের মাইক্রোবায়োম নবজাতকের শরীরে স্থানান্তরিত হতে পারে এবং মা ও শিশুর মধ্যে তাৎক্ষণিকভাবে ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শের সুযোগ তৈরি হয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নবজাতকের যত্নের একটি মৌলিক দিক হিসেবে স্বীকৃত। \r\nপ্রকৃতিপ্রদত্ত স্বাভাবিক প্রসবের প্রক্রিয়াকে যদি বাণিজ্যিক কারণে রুদ্ধ করে দেওয়া হয়, তবে ২০৩০ সাল নাগাদ হাসপাতালে সন্তান প্রসবের ৯০ শতাংশই হবে অস্ত্রোপচারের মাধ্যমে- বিশেষজ্ঞদের এই আশঙ্কা। মাতৃ ও শিশুস্বাস্থ্যকে এই ব্যবসায়িক চক্র থেকে মুক্ত করা এখন সময়ের দাবি।
