এই রাষ্ট্র কার? ক্ষমতাসীনের? নাকি সেই মানুষেরÑ যে মানুষ দিনের পর দিন ভোট দেয়, কিন্তু ভোটের মালিক হয় না। কর দেয়, কিন্তু রাষ্ট্রের সেবা পায় না? রাষ্ট্র আছে, কিন্তু জনগণের অধিকার নেই। উন্নয়ন আছে, কিন্তু ন্যায্যতা নেই। সংখ্যাগরিষ্ঠের নামে শাসন আছে, কিন্তু প্রান্তিক মানুষের কণ্ঠ নেই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্র ও জনগণের মধ্যে সম্পর্ক সবসময়ই একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হয়ে এসেছে। দীর্ঘকাল ধরে বিভিন্ন সরকার ও প্রশাসনের কার্যক্রম জনগণের বিশ^াস ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বিএনপির ইশতেহার এই শূন্যতা ও ভাঙা আস্থার জায়গা চিহ্নিত করে, একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও জনগণের সম্পর্ক পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছে।
রাষ্ট্রবিজ্ঞান মতে, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হচ্ছে সকল নাগরিকের সমান অধিকার ও রাষ্ট্রীয় প্রক্রিয়ায় অংশগ্রহণের নিশ্চয়তা। আধুনিক রাষ্ট্রতত্ত্বে এই ধারণা বিশেষভাবে গুরুত্ব পায় জন রলস-এর ‘জাস্টিস অ্যাজ ফেয়ারনেস’ তত্ত্বে। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির এমন সর্বাধিক স্বাধীনতার অধিকার আছে, যা অন্যের সমান স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই দর্শনে অন্তর্ভুক্তি মানে হচ্ছে রাষ্ট্রের প্রতিটি নীতিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা, যেন কেউ বাদ না পড়ে। সার্বিকভাবে রাষ্ট্রবিজ্ঞান এই মত দেয় যে, একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠনের সব প্রয়াসই গণতান্ত্রিক রাষ্ট্রকে আরও মানবিক, ন্যায্য ও টেকসই করে তোলে। রাষ্ট্রের নৈতিক দায়িত্ব হচ্ছে, এমন কাঠামো গঠন করা, যেখানে সকল নাগরিক নিজেকে সমানভাবে অন্তর্ভুক্ত, মর্যাদাসম্পন্ন ও নিরাপদ বোধ করে। স্বাধীনতার পর ৫৪ বছর কেটে গেলেও দেশের রাষ্ট্রীয় কাঠামো আজও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকার বদলেছে, দল পরিবর্তিত হয়েছে, কিন্তু রাষ্ট্রযন্ত্রের চরিত্রÑ যা কেন্দ্রীভূত, অকার্যকর ও আমলাতান্ত্রিক ব্যবস্থাÑ প্রায় অপরিবর্তিত থেকে গেছে। এই কাঠামোগত অপরিবর্তনশীলতা রাষ্ট্রের মৌলিক ভিতকে দুর্বল করেছে এবং জনগণকে ক্ষমতার বাইরে রেখেছে।
ইশতেহারের মূল ভিত্তি হলো জনগণের সার্বভৌম ক্ষমতা রক্ষা করা। বিএনপি মনে করে, সরকারকে জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, নির্বাচিত সরকারের দায়িত্ব হবে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা, দুর্নীতি নির্মূল করা, এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে সুষম উন্নয়ন নিশ্চিত করা। জনগণের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা, এবং রাষ্ট্রকে মানুষের হাতে ফেরানোÑ এই তিনটি লক্ষ্য আজকের রাজনীতির মূল চ্যালেঞ্জ। জনগণকে কেন্দ্র করে রাষ্ট্রকে পুনর্গঠন করা, প্রশাসনকে জবাবদিহিমূলক করা, বিচারব্যবস্থাকে স্বচ্ছ করা এবং অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করার উদ্যোগ নিয়ে রাষ্ট্র ও রাজনীতির পুনর্গঠনের প্রয়োজন।
রাষ্ট্র ও জনগণের সম্পর্ক পুনঃপ্র্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষমতার সুষ্ঠু বিতরণ ও জবাবদিহিতা। বিএনপি ইশতেহারে অঙ্গীকার করেছে যে, প্রশাসন, আইন প্রণয়ন ও বিচারব্যবস্থা স্বচ্ছ, নিরপেক্ষ ও জনগণের কাছে জবাবদিহি করবে। এতে জনসাধারণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রক্রিয়ার সক্রিয় অংশীদার হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়েছিলÑ একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আজকের প্রেক্ষাপটে বিএনপির দায় অন্য কোনো দলের তুলনায় অনেক বেশি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের কথা বলার অধিকার নিশ্চিত করার মাধ্যমেই সেই রাষ্ট্রের গণতন্ত্রের প্রকৃত স্বরূপ স্পষ্ট হয়ে ওঠে। জনগণ যখন ভয় ছাড়া নিজের মত প্রকাশ করতে পারে, প্রশ্ন তুলতে পারে এবং শাসকদের জবাবদিহির মুখোমুখি দাঁড় করতে পারেÑ তখনই বোঝা যায়, রাষ্ট্রটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক। গণতন্ত্র বেঁচে থাকে মানুষের কণ্ঠে ও সচেতন অংশগ্রহণে। রুশো তার সামাজিক চুক্তি গ্রন্থে বলেছেন, রাষ্ট্রের অস্তিত্ব হলো ‘সাধারণ ইচ্ছা’ বাস্তবায়ন। জন রল্স-এর ‘ন্যায়ের নীতিমালা’ অনুযায়ী একটি ন্যায্য সমাজ গড়তে হলে আইনের শাসন ও সুযোগের সমতা অপরিহার্যÑ যা বাংলাদেশে অনুপস্থিত।
নির্বাচনী ইশতেহার সাধারণত রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার কৌশল। সেই চেনা প্রবণতার বাইরে গিয়ে বিএনপির ঘোষিত ইশতেহার রাষ্ট্র দর্শনের ভাষা খোঁজার চেষ্টা করেছে, জনগণ ও রাষ্ট্রের সেতুবন্ধনের জন্য অঙ্গীকার করছেÑ এটাই এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক। ইশতেহারটি নিজেকে কেবল নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সীমাবদ্ধ রাখেনি; বরং একে ‘নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কারণ সামাজিক চুক্তি মানে রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার পারস্পরিক দায়বদ্ধতার স্বীকৃতি। যেখানে ক্ষমতা ভোগের নয়, বরং দায়িত্ব পালনের বিষয়। বিএনপির ইশতেহারে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি উচ্চারিত হয়েছেÑ লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার, বৈষম্য নয় ন্যায্যতাÑ এই তিনটি বাক্য আসলে একটি রাষ্ট্রদর্শনের সারসংক্ষেপ।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ যে সমস্যাগুলোর ভেতর দিয়ে যাচ্ছে, তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই তিন সংকটÑ অর্থনৈতিক লুটপাট, রাজনৈতিক ভয় এবং সামাজিক বৈষম্য। ইশতেহারে পাঁচটি অধ্যায়ে মোট ৫১ দফা এবং ৯টি প্রধান প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছেÑ প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ, উপরাষ্ট্রপতি পদ ও সংসদের উচ্চকক্ষ প্রবর্তন, উচ্চকক্ষে ২০ শতাংশ নারী অংশগ্রহণ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃপ্রতিষ্ঠা। তারেক রহমান বলেন, ‘দুর্নীতি রোধ, আইনের শাসন ও জবাবদিহিÑ এই তিনটি বিষয় নিশ্চিত না করা গেলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল করা সম্ভব নয়।’ এ লক্ষ্যে রাষ্ট্রীয় সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করতে ন্যায়পাল নিয়োগ, বিচার বিভাগের স্বাধীনতা ও মেরিটোক্রেসিভিত্তিক প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। ইশতেহারে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলো মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় বাজারজাতকরণ ব্যবস্থার কথা বলা হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, মিড-ডে মিল চালু, শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই ও বিনামূল্যে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করে ‘গণতান্ত্রিক অর্থনীতি’ গড়ে তোলা আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করা এবং রপ্তানি খাতের বৈচিত্র্য আনার অঙ্গীকার করা হয়। তরুণ সমাজকে ইশতেহারের কেন্দুবিন্দুতে আনার চেষ্টা লক্ষণীয়। কর্মসংস্থান, কারিগরি ও ভাষা দক্ষতা, স্টার্টআপ সহায়তা এবং বৈশি^ক ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা একটি ভবিষ্যতমুখী রাষ্ট্রভাবনার প্রতিফলন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে না পারলে যে সুযোগ দ্রুত সংকটে রূপ নেয়Ñ সে বাস্তবতা এখানে স্বীকার করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রশ্নে ইশতেহার বিভাজনের রাজনীতির বিপরীতে সহাবস্থানের কথা বলে। সব ধর্মের মানুষের মর্যাদা, উপাসনালয়ের নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার রাষ্ট্রকে একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামো হিসেবে কল্পনা করে। ব্যাংকিং খাত সংস্কার, বিনিয়োগ বুদ্ধি, পুঁজিবাজার শক্তিশালীকরণ এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যÑ এসব উচ্চাকাক্সক্ষী হলেও এর সঙ্গে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করা হয়েছে। ইশতেহারের একটি তাৎপর্যপূর্ণ দিক হলোÑ নারী, সংখ্যালঘু এবং পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকারকে আলাদা অধ্যায়ে গুরুত্ব দেওয়া। যে রাষ্ট্র বৈচিত্র্যকে ভয় পায়, সে রাষ্ট্র কখনো স্থিতিশীল হয় না। আর যে রাষ্ট্র বৈচিত্র্যকে শক্তি হিসেবে দেখে, সেই রাষ্ট্রই দীর্ঘস্থায়ী হয়। বিএনপির ইশতেহার দ্বিতীয় পথের কথা বলছে।
বিএনপির ইশতেহার গণতন্ত্রকে কেবল ভোটের দিনে সীমাবদ্ধ রাখেনি। স্থানীয় সরকারকে শক্তিশালী করা, বিরোধী মতের অধিকার নিশ্চিত করা, স্বাধীন গণমাধ্যমের কথা বলাÑ এসবই রাজনৈতিক অন্তর্ভুক্তির শর্ত। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বক্তব্যটি বাস্তববাদী। বন্ধুত্ব হবে, তবে শর্ত হবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও কর্মসংস্থান। রোহিঙ্গা সংকট, নদীর পানিবণ্টন কিংবা প্রবাসীদের মর্যাদাÑ সবখানেই সংঘাত নয়, আলোচনার পথের কথা বলা হয়েছে। এটি দায়িত্বশীল রাষ্ট্রচিন্তার পরিচয় দেয়। এই ইশতেহারের সবচেয়ে বড় শক্তি এখানেইÑ এটি ক্ষমতার ভাষায় নয়, রাষ্ট্রের চরিত্রের ভাষায় কথা বলছে। বিএনপির ইশতেহার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাহস দেখিয়েছেÑ রাষ্ট্রকে আবার নাগরিকের কাছে ফিরিয়ে আনার সাহস ও প্রশ্ন তোলাই রাজনীতি। আর এই রাজনীতির মধ্য দিয়েই বিএনপির ইশতেহার অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রদর্শনের সন্ধানে এগিয়ে যেতে চায়। দলটি ইতোপূর্বে তাদের ৩১ দফা রূপরেখা, ভিশন-২০৩০ এবং বিভিন্ন নির্বাচনী ও গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবে স্পষ্টভাবে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে সকল শ্রেণি, গোষ্ঠী এবং সম্প্রদায় সমানভাবে অংশগ্রহণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘সবার বাংলাদেশ’ ধারণা মাধ্যমে এই রাজনৈতিক দর্শন ব্যক্ত করেছেন, যার মূল উদ্দেশ্য হলো কাউকে বাদ না দিয়ে, সকলকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নের অংশীদার করা। এই দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র ও সমাজ নির্মাণে এক শক্তিশালী রাজনৈতিক অঙ্গীকার হিসেবে বিবেচিত।
রাজনীতিতে ইশতেহার বহুবার এসেছে, কিন্তু খুব কম সময়ই তা মানুষের মনে বিশ^াস জাগাতে পেরেছে। কারণ ইশতেহারকে আমরা দেখেছি নির্বাচনী আনুষ্ঠানিকতাÑ যা মূলত ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে। অতীত অভিজ্ঞতা মানুষকে সন্দিহান করেছে। তাই এই ইশতেহারের সত্যিকারের পরীক্ষা হবে ক্ষমতার কেন্দ্রে গিয়ে এটি কতটা অক্ষরে অক্ষরে মানা হবে। মানুষ ইশতেহারের ভাষায় নয়, বাস্তবায়নের অভিজ্ঞতায় বিশ^াস করে। বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেÑ সেই প্রত্যাশা সব জনগণের।
লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক। sk.rafiq1982@gmail.com
