চলতি সপ্তাহে একটি ঘটনা জনপরিসরে বিশেষভাবে আলোচিত হয়েছে। সচিবালয়ের এক কর্মচারীর পুত্র অপহৃত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আনা হয়। তাঁর নির্দেশে পুলিশ ছেলেটিকে উদ্ধার করে। প্রধানমন্ত্রী নাগরিকের দুর্দশায় সাড়া দিয়েছেন। এতে নিঃসন্দেহে মানবিকতা ও সহমর্মিতার বার্তা আছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দৃষ্টিকোণ থেকেও প্রশ্ন ওঠে, আইনশৃঙ্খলা বাহিনী কি নিজস্ব প্রক্রিয়ায় কাজ করছিল না? নাকি এমন ধারণা তৈরি হচ্ছে– সব সমস্যার সমাধান এক ব্যক্তির হাতে? নাকি প্রাতিষ্ঠানিক সক্ষমতার বদলে ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার বয়ান সামনে আনার সূক্ষ্ম প্রচেষ্টা?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তিনি গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছিলেন বিপুল জনসমাগম ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে। সেদিনের সংবর্ধনা সভায় তিনি বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র মেরামত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তাঁর সামনে সবচেয়ে বড় পরীক্ষা– ক্ষমতা ব্যক্তিনির্ভর থাকবে নাকি প্রতিষ্ঠাননির্ভর।
গণতন্ত্রে সমালোচনা স্বাভাবিক; প্রশংসাও সীমিত থাকা উচিত, যদি আদৌ উপযুক্ত কারণ ও প্রাসঙ্গিকতা থাকে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঘিরে তোষামোদ সংস্কৃতির পুনরুত্থান চোখে পড়ছে।
প্রথমত, বিএনপির কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রীর প্রায় প্রতিটি বক্তব্যকে ‘ঐতিহাসিক ঘোষণা’ হিসেবে সামাজিক মাধ্যমে উপস্থাপন করছেন। নীতিগত সিদ্ধান্ত হোক বা প্রশাসনিক নির্দেশ, সবকিছুকেই তারা ‘যুগান্তকারী’ বলছেন। তাদের বুঝতে হবে, রাজনৈতিক নেতৃত্বের প্রতিটি বাক্য ইতিহাস হয় না। ইতিহাস তৈরি হয় নীতির ধারাবাহিকতা ও বাস্তব ফলাফলে। অতিরঞ্জন বাস্তব মূল্যায়নের জায়গা বরং সংকুচিত করে।
দ্বিতীয়ত, স্থানীয় পর্যায়ের নেতারা উন্নয়নমূলক প্রশাসনিক কাজ নিয়ে এমন প্রতিশ্রুতি দিচ্ছেন যেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপেই সেগুলো বাস্তবায়িত হবে। উন্নয়নকে এক ব্যক্তির অনুগ্রহ হিসেবে তুলে ধরায় প্রাতিষ্ঠানিকতা খাটো হয়; নাগরিকদের মনে বিপজ্জনক ধারণা জন্ম দেয়– রাষ্ট্রের নিয়ম নয়, ব্যক্তি-ইচ্ছাই উন্নয়নের উৎস। তৃতীয়ত, নীতিগত বিতর্কেও অস্বস্তিকর বাক্য শোনা যাচ্ছে। যেমন– প্রধানমন্ত্রী যা করবেন তা দেশের স্বার্থেই করবেন। এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক আলোচনার পরিসর সংকুচিত করে। এতে নীতি নয়; ব্যক্তি সামনে ঢাল হিসেবে চলে আসে। সমালোচনাকে তখন প্রায় অশ্রদ্ধা হিসেবে দেখা হয়।
চতুর্থত, সামাজিক মাধ্যমে আবেগতাড়িত প্রচারণায় প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে প্রায় ঐতিহাসিক ত্রাণকর্তার পর্যায়ে তোলা হচ্ছে। রাজনীতিতে আবেগ প্রয়োজন, কিন্তু ব্যক্তিপূজা প্রতিষ্ঠানকে দুর্বল করে। আমরা অতীতে দেখেছি হলুদ ট্যাক্সি ক্যাবের ভাড়া নির্ধারণ থেকে সেতুর নকশা পরিবর্তন পর্যন্ত প্রধানমন্ত্রীর সম্পৃক্ততার গল্প প্রচার করা হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনযাপনের খুঁটিনাটি পর্যন্ত ‘বিরাট খবর’ হয়েছে। ব্যক্তিকে মহান করতে গিয়ে প্রাতিষ্ঠানিকতা হয় আড়ালে থেকেছে কিংবা অগুরুত্বপূর্ণ হিসেবে প্রকাশ পেয়েছে।
মনে রাখা জরুরি, একজন প্রধানমন্ত্রী সব সমস্যার সমাধান করতে পারেন না এবং করা উচিতও নয়। এ জন্য মন্ত্রিপরিষদ, মন্ত্রণালয়, প্রশাসন, স্থানীয় সরকার ও বিচার ব্যবস্থা রয়েছে। এই কাঠামোগুলোর সক্ষমতা বাড়ানোই টেকসই রাষ্ট্র পরিচালনার শর্ত। অন্যথায় ‘প্রধানমন্ত্রী জানলে হবে’ ধারণা প্রতিষ্ঠিত হয়, যা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। ব্যক্তিনির্ভর ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সাময়িক জনপ্রিয়তা বাড়ে বটে; দীর্ঘ মেয়াদে রাষ্ট্রের কাঠামো দুর্বল হয়। কারণ জনমনে গেঁথে যায়– সবকিছু এক ব্যক্তির হাতে। তখন নেতাকে কেন্দ্র করে ভক্তিমূলক বলয় তৈরি হয়। প্রশ্ন করা কমে যায়; প্রশংসা বাড়ে। ভিন্নমতকে সন্দেহের চোখে দেখা হয়। ধীরে ধীরে নেতা বাস্তবতার প্রতিফলন না পেয়ে কেবল প্রশংসার প্রতিধ্বনি শুনতে থাকেন। এক ধরনের ‘পলিটিক্যাল কাল্ট’ গড়ে ওঠে।
এই কাল্ট নির্মাণ করে সুবিধাভোগী বলয়। তারা নিজেরা বিশ্বাস করে, অতিরঞ্জিত আনুগত্য প্রদর্শনই রাজনৈতিক পুঁজি। ফলে তারা প্রধানমন্ত্রীকে রক্ষার নামে সমালোচনার জায়গা আগ বাড়িয়ে সংকুচিত করে। এতে নেতা আপাতদৃষ্টিতে শক্তিশালী থাকলে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়েন।
তারেক রহমানের সামনে তাই একটিই স্পষ্ট পছন্দ আছে। তিনি কি প্রতিষ্ঠানকে শক্তিশালী করবেন, নাকি ব্যক্তিকেন্দ্রিক প্রশংসা-সংস্কৃতিকে প্রশ্রয় দেবেন? তাঁর দল বিএনপি দীর্ঘদিন অভিযোগ করে আসছে– রাষ্ট্র দলীয়করণ হয়েছে এবং ব্যক্তি ও পরিবারের চারপাশে ক্ষমতা কেন্দ্রীভূত। ক্ষমতাসীন দল হিসেবে তাদের সামনে এখন সুযোগ এসেছে ভিন্ন উদাহরণ স্থাপনের। তারেক রহমান যদি সত্যিই প্রাতিষ্ঠানিক সংস্কার চান, তবে তাঁকে স্পষ্ট বার্তা দিতে হবে– রাষ্ট্র চলবে রাষ্ট্রের নিয়মে; ব্যক্তি-ইচ্ছায় নয়। উন্নয়ন ও প্রশাসনিক সাফল্যের কৃতিত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দিতে হবে। দলের ভেতরে মতবিনিময়কে উৎসাহিত করতে হবে। সমালোচনাকে সহ্য করা নয়, বরং স্বাগত জানাতে হবে।
গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী নেতা তিনিই, যিনি নিজেকে নয়, প্রতিষ্ঠানকে কেন্দ্রে রাখেন। কারণ একজন গণতান্ত্রিক নেতা জানেন– ব্যক্তিপূজা ক্ষণস্থায়ী; প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী। ইতিহাসে অনেক উদাহরণ আছে যেখানে অতিরঞ্জিত ভক্তি শেষ পর্যন্ত নেতাকেই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করেছে। আজ বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায়। ১৯৯১ সালের পর বিএনপির জন্য এটা এবারই প্রথম ঘটল। এই শক্তি বিএনপি যদি প্রাতিষ্ঠানিক সংস্কারে ব্যবহার করে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি পেতে পারে। কিন্তু যদি শক্তি ব্যক্তিকেন্দ্রিক প্রচার ও তোষামোদে ব্যয় হয়, তাহলে সেটিই হয়ে উঠবে অদৃশ্য ফাঁদ। তারেক রহমান কি এই ফাঁদ চিনতে পারবেন? এটাই এখন মূল প্রশ্ন।
মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন
