বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগোচ্ছে। শিল্পায়ন, তথ্যপ্রযুক্তি, কৃষি ও পরিষেবা খাতসহ নানা ক্ষেত্রে খুলছে নতুন সম্ভাবনার দ্বার। দিন দিন দেশের অর্থনীতিতে উদ্যোক্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, তরুণ প্রজন্মের উদ্যোক্তা হওয়ার আগ্রহ আগের মতো নেই। নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও যুবকদের একটি বড় অংশ নিরাপদ চাকরির দিকে ঝুঁকছে। শিক্ষা, দক্ষতা, প্রযুক্তি সবই আগের চেয়ে বেশি সহজলভ্য হওয়ার পরও কেন এই অনীহা? বাস্তব পরিস্থিতির আলোকে বিষয়টি বিশ্লেষণ করা জরুরি।\r\nউদ্যোক্তা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা প্রাথমিক পুঁজি। বহু তরুণের নতুন ধারণা থাকলেও তা বাস্তবে রূপ দিতে পরিবারভিত্তিক বিনিয়োগ বা সঞ্চয় থাকে না। কারণ ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন প্রাথমিক বিনিয়োগ।

অধিকাংশ তরুণই পরিবারভিত্তিক পুঁজির অভাবে ভোগেন। ব্যাংক ঋণ পেতে হলে প্রয়োজন জামানত, কাগজপত্র আর দীর্ঘ প্রক্রিয়া যা নতুনদের জন্য বড় বাধা। স্টার্টআপ ফান্ড, ভেঞ্চার ক্যাপিটাল বা সহজ শর্তে ঋণ এসব সুবিধা এখনো পর্যাপ্তভাবে পৌঁছায় না।\r\nআমাদের সমাজে স্থায়ী চাকরি এখনো নিরাপত্তা হিসেবে বিবেচিত। বাংলাদেশের অনেক পরিবারই ব্যবসাকে ঝুঁকিপূর্ণ ও অস্থির বলে মনে করে। ব্যবসা ব্যর্থ হলে পরিবার ও সমাজ দুই দিক থেকেই চাপ তৈরি হয়। ফলে বহু তরুণ মেধা ও ধারণা থাকা সত্ত্বেও চাকরিকে বেশি স্থিতিশীল মনে করেন। তাছাড়া সমাজে চাকরিজীবী ছেলে বা মেয়েকে নিয়ে সামাজিক মর্যাদার ধারণাও উদ্যোক্তা হওয়ার আগ্রহকে কমিয়ে দেয়।

তরুণরা ব্যর্থতার ভয় ও সামাজিক চাপে চাকরিকে বেশি গ্রহণযোগ্য মনে করেন।\r\nউদ্যোক্তা হওয়ার জন্য শুধু ইচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন, পরিকল্পনা তৈরি, পণ্য উন্নয়ন, হিসাব-নিকাশ, বিপণন- এ সবকিছুতে দক্ষতা। দেশের শিক্ষাব্যবস্থায় উদ্যোক্তা-শিক্ষা এখনো সীমিত। প্রশিক্ষণ কেন্দ্র বা ইনকিউবেশন প্রোগ্রাম থাকলেও অনেক তরুণ এর নাগাল পান না। একটি ব্যবসা শুরু করতে প্রয়োজন ট্রেড লাইসেন্স, টিআইএন, ভ্যাট নিবন্ধন, পরিবেশ ছাড়পত্র, বিভিন্ন অনুমোদন এসব প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে দালালচক্র, অতিরিক্ত সময়, কিছু ক্ষেত্রে হয়রানি। অনলাইন সেবার সুযোগ বাড়লেও বাস্তবে জটিলতা পুরোপুরি দূর হয়নি।

উদ্যোক্তা হওয়ার শুরুতেই এমন অভিজ্ঞতা অনেক তরুণকে নিরুৎসাহিত করে।\r\nবাজারের অনিশ্চয়তা ও তীব্র প্রতিযোগিতা বিদ্যমান রয়েছে। দেশি-বিদেশি পণ্য ও ব্র্যান্ডের প্রতিযোগিতা এতই বাড়ছে যে নতুন উদ্যোক্তারা বাজারে নিজেদের স্থায়ী করতে হিমশিম খাচ্ছেন। বিশ্ববাজারের মন্দা, ডলারের ওঠানামা, আমদানি-রপ্তানির নিয়মে পরিবর্তন এসব কারণে অনেকেই ব্যবসাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন। ফলে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তরুণের মন পিছিয়ে যায়। একজন নতুন উদ্যোক্তার সবচেয়ে বেশি প্রয়োজন অভিজ্ঞ কারও দিকনির্দেশনা। কিন্তু দেশে মেন্টরশিপ বা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম সীমিত। নতুন উদ্যোক্তারা জানেন না কোথায় গেলে পরামর্শ পাওয়া যাবে, কোন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা যায়, কীভাবে বাজার বিশ্লেষণ করতে হয়।

ফলে শুরুতেই একাকিত্ব ও অনিশ্চয়তা ভর করে।\r\nউদ্যোক্তা হওয়ার পথে ব্যর্থতা খুব স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজ ব্যর্থতাকে লজ্জা হিসেবে দেখে। একবার ব্যবসায় ক্ষতি হলে পরিবার-সমাজ এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যে অনেক তরুণ দ্বিতীয়বার চেষ্টা করার সাহস পান না। উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে এই মানসিকতা বড় বাধা। উদ্যোক্তাদের সম্ভাবনা অনেক। এজন্য, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। বাংলাদেশের যুবসমাজ বিশ্বমানের আইডিয়া, প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষমতা রাখে। তাই উদ্যোগ কমে যাওয়ার এই প্রবণতা থামাতে হলে কিছু পদক্ষেপ গ্রহণ জরুরি। যেমন- সহজ শর্তে স্টার্টআপ ফান্ড ও ঋণপ্রাপ্তি, উদ্যোক্তা- শিক্ষা ও প্রশিক্ষণকে বড় পরিসরে ছড়িয়ে দেওয়া, ব্যবসার নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করা, দেশের প্রতিটি জেলায় নেটওয়ার্কিং ও মেন্টরশিপ কেন্দ্র স্থাপন, পরিবার ও সমাজের মানসিকতা পরিবর্তন, ব্যর্থতাকে উদ্যোক্তার শেখার অংশ হিসেবে গ্রহণ করা। বাংলাদেশের তরুণদের হাতে অসীম সম্ভাবনা আছে। শুধু সঠিক সহায়তা ও উপযুক্ত পরিবেশ পেলে তারা দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলতে পারে।