পবিত্র রমজান যখন দোরগোড়ায়, বরাবরের মতো ঠিক তখনই দেখা দিয়েছে নিত্যপণ্যের বাজার অস্থির হওয়ার শঙ্কা। পবিত্র মাসটিকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে পুরনো অসাধু সিন্ডিকেট। রোজার অন্যতম পণ্য খেজুরের দাম বাড়তে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে ধরনভেদে খেজুরের দাম প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি আগের তুলনায় দাম বেড়েছে গরুর মাংস, মাছ ও ফলের। ছোলা, ডাল, চিনি প্রভৃতি পণ্যের দামও বাড়তির দিকে। সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির তথ্যমতে, এক সপ্তাহের ব্যবধানে পামঅয়েল ও সুপার পামঅয়েলের দাম লিটারে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৫-১৬২ টাকায়। শীতের সবজির সরবরাহ কমে আসায় বাড়তে শুরু করেছে সবজির দামও।
ভোক্তাদের অভিযোগ, দেশের ভোগ্য ও নিত্যপণ্যের বাজার মূলত জিম্মি হয়ে পড়ছে কতিপয় কোম্পানি ও প্রতিষ্ঠানের কাছে। এসব কোম্পানি ও ব্যবসায়ীর বিরুদ্ধে কমিশনের সুনির্দিষ্ট অভিযোগÑ তারা বাজারে চাল, আটা, ময়দা, ডিম, ব্রয়লার মুরগি ও টয়লেট্রিজ পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের মাধ্যমে অস্থিরতা তৈরি করে। রমজানে বেশি ব্যবহার হবে এমন পাঁচ পণ্য ভোজ্যতেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা আমদানি করেছে দেশের শীর্ষ ভোগ্যপণ্যের আমদানিকারকরা। তারপরও এই পণ্যগুলো নিয়ে শুরু হয়েছে কারসাজি। সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে প্রয়োজনীয় পণ্যের ‘আমদানি সক্ষমতা’ দেখিয়েছে দেশের বড় কোম্পানিগুলো। আমদানিকৃত পণ্যের কোনো ঘাটতি নেই। কিন্তু বেশিরভাগ নিত্যপণ্যের দাম আবার বাড়তে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বাজার তদারকিতে কিছুটা শিথিলতা দেখা দিয়েছে। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। তাদের এমন কর্মকা-ে ক্রেতারা ভোগছেন হতাশায়। রমজান এলেই একশ্রেণির ব্যবসায়ী সুযোগ নেয়। প্রকৃত সংকট না থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়। বিশ্বের বিভিন্ন দেশে রমজানে নিত্যপণ্যের দাম কমানো হয়। শুধু ব্যতিক্রম বাংলাদেশ- যেখানে রমজান মাসে সবচেয়ে বেশি দাম বাড়ে ভোগ্যপণ্যের। সিন্ডিকেটের আধিপত্য কমানো না গেলে বাজারের এ ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত। বাজারে আমদানিকারক যখন গুটিকতক তখন আমদানি ও নিত্যপণ্যের দাম তাদের মর্জির ওপর নির্ভরশীল থাকে।
সেক্ষেত্রে বাজারে পণ্য সরবরাহ বৃদ্ধির জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। আশার কথা হলো, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্যের গড় আমদানি ৪০ শতাংশ বেশি। সরকারের কাছে থাকা আমদানি ও মজুতের তথ্যের ভিত্তিতে সময়মতো বাজারে হস্তক্ষেপ করা গেলে নিত্যপণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তা না হলে রোজার বাজারে ভোক্তাদের ওপর চাপ আরও বাড়তে পারে।
