‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান ডয়েচে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী জড়িত। তিনি আরো উল্লেখ করেছেন, ওই সময়ের অন্তর্বর্তী সরকারের মধ্যে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর সমর্থক ছিল বা থাকতে পারে। তারা চেয়েছিল ওই ধরনের ঘটনা ঘটে যাক, যে কারণে সরকারের তরফে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। মতিউর রহমান উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী বা গোষ্ঠীগুলো বলতে কাদের বুঝিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে অনুমিত হয়, তিনি উগ্রবাদী ইসলামপন্থিদের প্রতি ইঙ্গিত করে থাকতে পারেন। এ দেশের ৯২ ভাগ মানুষ মুসলমান। মুসলমানদের এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা জোরজবরদস্তি ও ভয়ভীতি সৃষ্টির মাধ্যমে অর্জিত হয়নি। অত্যন্ত মানবিক, সহৃদয় ও কল্যাণকামী পীর-ফকির-দরবেশ ও প্রচারকদের মাধ্যমে হয়েছে। প্রকৃতিগতভাবে বাংলাদেশের মুসলমানরা অসাম্প্রদায়িক। বাংলাদেশ বিশ্বের অসাম্প্রদায়িক দেশের উৎকৃষ্ট নজির হিসেবে গণ্য হয়ে থাকে। তারপরও কিছু মানুষ যে উগ্রবাদে প্রভাবিত হতে পারে না, এমন দাবি করা যায় না। অতীতের এমন কয়েকটি ঘটনার কথা উল্লেখ করা যায়, যেখানে উগ্রবাদের প্রকাশ ঘটেছে বলে অনেকে মনে করেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৪ জেলার ৬৩ জেলায় একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই অভূতপূর্ব ও অচিন্তনীয় ঘটনা কীভাবে ঘটল, এখনো তার কিনারা হয়নি। জেএমবি বা ‘জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ’ নামের একটি সংগঠন এর জন্য দায়ী বলে তখন জানানো হয়। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজানে রাত ৯টার দিকে পাঁচ সশস্ত্র যুবক প্রবেশ করে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। ২ জুলাই জিম্মি উদ্ধারে সেনাবাহিনীর তরফে কমান্ডো অভিযান চালানো হয়। এতে অস্ত্রধারীরা সবাই নিহত হয়।
এছাড়া দু’জন পুলিশসহ ১৭ বিদেশি ও তিন বাংলাদেশি নিহত হয়। ঘটনার তদন্তে ‘নব্য জেএমবি’ নামের একটি সংগঠনের নাম বেরিয়ে আসে। উল্লেখ্য, জেএমবি, নব্য জেএমবি, শাহাদাত-ই-আল হিকমা, জাগ্রত মুসলিম জনতা, হরকাতুল জিহাদ-সহ বেশ কিছু সংগঠনের কথা জানা যায়, যাদের বিভিন্ন সময় নিষিদ্ধ করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এসব আসলে নামসর্বস্ব সংগঠন। কিছু অজ্ঞ, বিভ্রান্ত ও বিপথগামী মানুষ এদের সদস্য। এরা বুঝে না বুঝে বাংলাদেশ ও ইসলামবিরোধী বিভিন্ন দেশ ও চক্রের চর হিসেবে ভূমিকা পালন করে। এ জন্য অর্থ ও বিভিন্ন ধরনের সহায়তাও তারা পেয়ে থাকে বলে অভিযোগ। সাম্প্রতিককালে এমন কিছু ঘটনার কথা জানা যায়, যা উগ্রবাদীদের সক্রিয়তার প্রমাণ হিসেবে যে কেউ গণ্য করতে পারে। গত বছর ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসার নামে ভাড়া করা একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই বাড়ি থেকে বোমা ও বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। তদন্ত সূত্রমতে, বাড়িটি বোমা তৈরির কারখানা এবং সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। গত ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীর কুতুবখালীতে পুলিশি তল্লাশির সময় পুলিশের ওপর হামলা করে কয়েকজন দুর্বৃত্ত। পালানোর সময় তাদের ফেলে যাওয়া কয়েকটি বোমা উদ্ধার করা হয়। দেখা যায়, সেখানে উদ্ধার করা বোমার সঙ্গে কেরানীগঞ্জের বোমার মিল রয়েছে। গত মার্চ মাসে এ ধরনের আরো কিছু ঘটনা ঘ,েট যা উগ্রবাদীদের কাজ বলে মনে করা হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর পতিত স্বৈরাচার, তার অনুসারী এবং আশ্রয়দাতা ভারতের পক্ষে এমন প্রচারণা জোরদার করা হয় যে, ইসলামী মৌলবাদীরাই এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে এবং বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের খপ্পরে পতিত হয়েছে। ইসলামভীতি ও ইসলামবিদ্বেষ থেকেই যে এই প্রচারণার উদ্ভব, তাতে কোনো দ্বিমত নেই। আসলে জুলাই গণঅভ্যুত্থান কোনো বিশেষ দল ও মতবাদের অনুসারীদের দ্বারা সংঘটিত হয়নি। সব দল ও মতের মানুষের সক্রিয় ও স্বেচ্ছাঅশংগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। জনগণই এই গণঅভ্যুত্থানের নেতা, সংগঠক ও পরিচালক। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এর প্রমাণ পাওয়া গেছে। বিএনপি কোনো ইসলামী দল নয়। দলটি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। কথিত ইসলামী দল জামায়াতে ইসলামী সংসদে বিরোধী দল হিসেবে স্থান পেলেও বিএনপি ও তার আসনের ফারাক আকাশ-পাতাল। জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দ্বারা গঠিত এনসিপি আসন পেয়েছে মাত্র কয়েকটি।
জুলাই গণঅভ্যুত্থানের পর গণপিটুনি বা মব সন্ত্রাসের বিস্তার ঘটতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষায় যথার্থ উদ্যোগের অভাব, পুলিশের বিশৃঙ্খলা ইত্যাদি কারণে আইন হাতে তুলে নেয়ার এই প্রবণতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে বিভিন্ন স্থানে মাজার, খানকা, পীরের আস্তানা ইত্যাদি আক্রান্ত হতে থাকে। এর অধিকাংশ ঘটনা ‘তৌহিদি জনতা’র ব্যানারে ঘটে। তথাকথিত তৌহিদি জনতাকে উগ্রবাদী ইসলামপন্থি হিসেবে রং দেয়া হয়। বলা হয়, দেশে উগ্রবাদীদের দৌড়াত্ম্য প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কোনো ভিন্ন মতাবলম্বী নিরাপদ নয়। অত্যন্ত বিস্ময়কর ব্যাপার যে, গত সংসদ নির্বাচন শেষে নতুন সরকার ক্ষমতায় আসার পর তথাকথিত আন্দোলনের জোয়ার, রাস্তা দখল, অবরোধ ইত্যাদি এবং মব সন্ত্রাস প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
বিশ্বে এমন কোনো দেশ নেই, যেখানে উগ্রবাদী নেই কিংবা তাদের তৎপরতা নেই। সাধারণত, রাজনৈতিক দিক দিয়ে উগ্রবাদী যেমন আছে, তেমনি ধর্মীয় দিক দিয়েও আছে। কমিউনিস্ট, মাওবাদী, নকশাল ইত্যাদি রাজনৈতিক উগ্রবাদী হিসেবে পরিচিত। ধর্মীয় দিক দিয়ে নানা নামে মুসলিম উগ্রবাদী, ইহুদি উগ্রবাদী, খ্রিষ্টান উগ্রবাদী, হিন্দু উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব দেখা যায়। ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে উগ্রবাদীদের তৎপরতা যেমন দেখা যায়, তেমনি এশিয়া-আফ্রিকাসহ অন্যান্য দেশেও দেখা যায়। উগ্রবাদের উত্থান ও উগ্রবাদীদের তৎপরতা সাম্প্রতিককালে কিছুটা বাড়লেও উগ্রবাদ ও উগ্রবাদীদের জনপ্রিয়তা তেমন বাড়েনি; বরং সব দেশেই উগ্রবাদ ও উগ্রবাদীরা নিন্দিত ও ধিকৃত হচ্ছে। উগ্রবাদের উত্থান ও প্রতিষ্ঠার কারণে নাইজেরিয়া, সোমালিয়া, মালি ইত্যাদি দেশের অবস্থা এখন কতটা নাজুক ও শোচনীয়, তা বলার অপেক্ষা রাখে না। দেশগুলো রাষ্ট্র হিসেবে প্রায় অকার্যকর হয়ে পড়েছে। শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কোনো কিছুই এসব দেশে নেই। ইরাক ও লিবিয়াতে এখন উগ্রবাদ মাথা তুলেছে। অথচ, সাদ্দাম হোসেন ও গাদ্দাফীর শাসনে এ দু’ দেশে এর কোনো অস্তিত্বই ছিল না। তখন দু’ দেশেই কঠোর শাসন ছিল, বিচার ছিল এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বিদ্যমান ছিল। গণমুখী শাসন, ন্যায়বিচার ও নাগরিকগণের অর্থনৈতিক নিরাপত্তা থাকলে কোনো দেশেই উগ্রবাদ মাথা তুলে দাঁড়াতে পারে না, এটা প্রমাণিত সত্য।
ঐতিহাসিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরম্পরা এবং ঐতিহ্য অনুসারে বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রবাদের কোনো স্থান নেই। একসময় দেশের বিভিন্ন অংশে কমিউনিস্ট উগ্রবাদীদের তৎপরতা এমনকি ‘গণশত্রু’ হত্যার কিছু ঘটনা ঘটলেও পরবর্তীতে তাদের অস্তিত্ব শূন্যে নেমে আসে। জনগণ কমিউনিস্ট মতবাদ ও উগ্রবাদীদের প্রত্যাখ্যান করে। ধর্মীয় বা ইসলামী উগ্রবাদ ও উগ্রবাদীদেরও একই পরিণতির ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। উগ্রবাদ ও উগ্রবাদীরা আমাদের জন্য কখনোই উদ্বেগ ও শংকার কারণ নয়। অতীতে ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। তবে আমাদের সতর্ক ও সাবধান হতে হবে, যাতে কখনোই উগ্রবাদ প্রশ্রয় না পায়। দেশের কিছু রাজনৈতিক দল কৌশল হিসেবে ও ভোট পাওয়ার জন্য তথাকথিত উগ্রবাদ ও উগ্রবাদীদের প্রতি নমনীয়তা প্রদর্শন করে বা ভবিষ্যতে করতে পারে। এ ব্যাপারে জাতীয়ভাবে, রাজনৈতিকভাবে এমন সিদ্ধান্তে আসতে হবে, যেন উগ্রবাদ ও উগ্রবাদীরা এতটুকু গ্রাহ্যতা না পায়। এই সঙ্গে দেশে সুশাসন, ন্যায়বিচার, সমতা, শান্তি, নিরাপত্তা, কর্মাধিকার ও আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে।
