বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নিজেদের শক্ত অবস্থান তৈরি নারীর জন্য যে কত জরুরি, নিশ্চয় সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে আজ স্পষ্ট। আত্মমর্যাদার সঙ্গে নারীর নিজের টিকে থাকার জন্যই নয়; দেশের গণতান্ত্রিক বিকাশের জন্যও জরুরি।
যে জনপদ নারী-পুরুষের যৌথ অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং একাধিক গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে হেঁটে এসেছে, সেখানেও যে পুরুষতন্ত্র ভয়ংকর নোংরা চেহারায় কাঠামোগতভাবে টিকে থাকতে পারে– সেটাই স্পষ্ট হলো কর্মজীবী নারীদের কুৎসিতভাবে বিশ্বসমাজে প্রচারের মধ্য দিয়ে। বাংলাদেশের রাজনীতিবিদদের এই বিপজ্জনক প্রচার কার্যত বিশ্বের সব কর্মজীবী নারীর মর্যাদা ধরে টান দিয়েছে। বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তিও এতে নতুন করে কালিমালিপ্ত হলো। বিশ্বের সব কর্মজীবী নারীর জন্য এ রকম রাজনীতি ও জনপদ একটা কাঠামোগত সাংস্কৃতিক হুমকি।
যদিও কোনো বিশেষ রাজনৈতিক দলের এ রকম প্রচার ও আদর্শিক অবস্থানের দায় সবার ওপর আরোপের সুযোগ নেই; কিন্তু নারীকে অনেক কাজের অনুপযুক্ত হিসেবে প্রচার করা, তাকে অনলাইনে কুৎসিত গালাগাল এখন বেশ ‘জনপ্রিয়’। এগুলোর ইন্ধনদাতারা তরুণ সমাজের ‘ভোট’ পাচ্ছে নানা প্রতিষ্ঠানে। এখানকার সমাজ কতটা পচে গেছে; তার কত ব্যাপক চিকিৎসা দরকার– এসব তারও লক্ষণ বটে।
বিশ্বের সর্বত্র পুরুষতন্ত্রের কমবেশি উপস্থিতি ও দাপট আছে। নানাভাবে তার আলামত প্রকাশ পায়। কিন্তু বিশ্বসমাজ পাল্টাচ্ছেও। বিশেষ করে নারী ঘরের বাইরের অর্থনৈতিক পরিসরে পুরুষ সহকর্মীদের সঙ্গে সমান মর্যাদা ও সমান মজুরিতে কাজ করবে– এটা বিশ্বজুড়ে স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার হিসেবে এখন স্বীকৃত। এ বিষয়ে মানবাধিকারের সর্বজনীন ঘোষণা (১৯৪৮), আইএলও সনদ (১১১/১৯৫৮), সিডও সনদে (১৯৭৯) বিশ্বের প্রায় সব দেশ স্বাক্ষর করেছে। ১৯৬৬ সালের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তিকেও এই তালিকায় রাখতে পারি আমরা। ফলে বাংলাদেশে যখন কোনো রাজনীতিবিদ ও রাজনৈতিক দল পদ্ধতিগতভাবে নারীদের কর্মজগৎ থেকে মুছে দিতে চায়, তখন সেটা একই সঙ্গে বিশ্বসমাজের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এটা এমন এক কর্তৃত্ববাদের উত্থানের কথা জানাচ্ছে, যা বৈশ্বিক মানবাধিকারের এতদিনের অর্জনকে চ্যালেঞ্জ করছে।
লক্ষ্য করলে দেখা যায়, নারীকে ‘কর্মজগতের অযোগ্য’ প্রচারকরা তাকে রাজনৈতিক অঙ্গন থেকেও সরাতে তৎপর। এটা যে নারীবিরোধী পরিকল্পিত ও সমন্বিত একটা রাজনৈতিক পরিকল্পনার অংশ, সেটা বোঝা যায় উভয় প্রকল্পকে একই সঙ্গে প্রচারে আনার মধ্য দিয়ে।
এসব প্রকল্প হঠাৎ সৃষ্টিও নয়। জুলাই গণঅভ্যুত্থানের পর নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশ প্রকাশের পর থেকে নারীবিরোধী সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলো জোট বাঁধে এবং সফলভাবে সেই কমিশনকে থামিয়ে দিতেও সক্ষম তারা। সোহরাওয়ার্দী উদ্যানে তখন যেসব শক্তি নারী অধিকারের বিরুদ্ধে সমাবেশ করে এবং অংশ নেয়, তারা এখন একই চিন্তা নিয়ে নতুন করে বৈশ্বিকভাবে প্রচারে নেমেছে খ্যাতনামা সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করে।
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের পরিচালকরা নারীবিরোধী শক্তিগুলোকে বেশ সহানুভূতির সঙ্গে কাজ করতে দিয়েছে। এ রকম শক্তিগুলোর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশকে জুলাই সনদের বিবেচনা থেকেও বাদ দেওয়া হয়।
বিশেষ বিশেষ দল থেকে নারীদের নির্বাচনে মনোনয়ন না দেওয়া এবং কর্মজীবী নারীদের গালাগালের পরিকল্পিত অপচেষ্টাগুলো আসলে নারী অধিকারবিরোধী গত দেড় বছরের উদ্যোগগুলোরই ধারাবাহিকতা। অথচ এসব বাংলাদেশের সংবিধানের একাধিক অনুচ্ছেদের বিরোধী। সংবিধানবিরোধী অবস্থান নিয়েও এসব দল ও রাজনীতিবিদরা দিব্যি এদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে এবং নির্বাচন করতে পারছেন। অথচ যেসব দল ‘জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা’র (অনুচ্ছেদ ১০) বিরুদ্ধে, তারা সরাসরি সংবিধান লঙ্ঘন করছেন। যে ব্যক্তি ‘প্রজাতন্ত্রের সকল কর্মে নিয়োগ ও পদ লাভে সকলের অধিকার’ (অনুচ্ছেদ ২৯) মানেন না; তিনি নিজে রাজনীতিবিদ হিসেবে, মন্ত্রী হিসেবে দেশের সংবিধান রক্ষার শপথ নেবেন কীভাবে?
সম্ভবত বাংলাদেশের নারী-বৈরী শক্তি মনে করছে, পুরুষ ও বাংলাদেশ সমার্থক। বাস্তবতা মোটেই তা নয়। বাংলাদেশের কৃষি ও শিল্প দুটি প্রধান খাতই নারীনির্ভর। কেবল যে শ্রমশক্তির অর্ধেক নারী, তা-ই নয়; এখানে প্রধান শিল্প খাত পোশাক, চা, চিংড়ি ইত্যাদির প্রধান জনশক্তি তারা। প্রবাসী শ্রমিকদের মাঝেও নারীর অংশগ্রহণ বাড়ছে। যে কোটি কোটি নারী এখানে কৃষিকাজের সঙ্গে যুক্ত; পোশাক তৈরির কারখানায় কাজ করেন, হাজার হাজার নারী বিদ্যাপীঠগুলোতে শিক্ষকতা করছেন, তাদের গালি দেওয়ার সাহস রাজনীতিবিদরা পান কীভাবে? সমাজ ও সরকার তা কীভাবে চলতে দিচ্ছে?
গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের তরফ থেকে নারীদের প্রতি চূড়ান্ত অপমানসূচক কথাবার্তা সর্বশেষ যে মাত্রায় গেছে, তা কেবল আপত্তিজনক নয়, চরম ঘৃণা ও উস্কানিমূলক। গত ১৭ মাসের মব-সহিংসতার নতুন এক তরঙ্গ বলা যায় একে।
এ রকম অবস্থায় আত্মরক্ষার জন্য এবং অর্থনৈতিক জীবনে মান-মর্যাদার সঙ্গে টিকে থাকতে নারীদের রাজনৈতিক ও সামাজিকভাবে সংগঠিত হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। নারীকে জোরেশোরে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক পরিমণ্ডলে নামতে হবে কেবল ক্ষমতাশালী হওয়া বা এমপি-মন্ত্রী হওয়ার জন্য নয়। বরং তার মানবিক সত্তার পূর্ণ স্বাধীনতার বাধাগুলো উৎপাটনের জন্য। বিশ্বের অন্যত্রও রাষ্ট্রীয় আইনকানুনের পথে নয়; নারীর চলার পথের বাধাগুলো অপসারিত হচ্ছে বেশি বেশি করে সাংস্কৃতিক ও রাজনৈতিক কাজে অংশ নেওয়ার মধ্য দিয়ে।
আজকে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ বিদেশে মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে নারীকে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখার যুক্তি হিসেবে তাদের প্রজনন ভূমিকার দোহাই দিচ্ছেন।
বাংলাদেশ বা বহির্বিশ্বে যে কোটি কোটি নারী রাজনীতিসহ সকল কর্মক্ষেত্রে সক্রিয় এবং সফল তারা; কিন্তু প্রজনন ভূমিকাকে অব্যাহত রেখেই বাকি দায়িত্ব পালন করছেন। খালেদা জিয়া, বেনজীর ভুট্টো, ইন্দিরা গান্ধী রাজনীতিতে সফল হতে গিয়ে সন্তানদের বিসর্জন দেননি। যে লাখ লাখ নারী পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন, তারা বিয়ে-সংসার সবই করছেন। সন্তান, স্বামীসহ পরিবার-পরিজনও দেখছেন। সুতরাং সাংসারিক ভূমিকার দোহাই দিয়ে এবং সংসার জীবনের দায় কেবল নারীর ওপর চাপিয়ে তাকে ঘরে বন্দি করার যুক্তি হাস্যকর এবং নিশ্চিতভাবে দুরভিসন্ধিমূলক।
কর্মক্ষেত্র ও রাজনীতি থেকে নারীকে সরানোর চেষ্টার অনিবার্য পার্শ্বফল তো এও– তাকে প্রশাসন ও বিচার বিভাগের সামনেও দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে হাজির করা। এ রকম সব চেষ্টা তাকে কোণঠাসা করার একটা সর্বাত্মক যুদ্ধের মতো। এই যুদ্ধের পরোক্ষ আরেক অংশ হলো নারীদের মূলত ঘরের কাজ ও যৌন ভোগ্যবস্তুর জীবনে সংকীর্ণ করে ফেলা। তার মানবিক, সৃষ্টিশীল ক্ষমতা ভুলিয়ে তাকে জীবনের যাবতীয় অপার সম্ভাবনা থেকে বিচ্ছিন্ন করে ফেলা। আরও সরাসরি বললে, তার কাছ থেকে ঘরের বাইরের পুরো বিশ্বকে ছিনিয়ে নেওয়া। রাজনীতি, কর্মজগৎ ইত্যাদি যদি নারীর জন্য অনুপযুক্ত হয়, তাহলে নিশ্চয়ই কিছুদিন পরই বলা হবে, তাদের জন্য বিদ্যা শিক্ষারও প্রয়োজন নেই। প্রশ্ন হলো– বাংলাদেশের সমাজ এ রকম প্রকল্পগুলো কি ধীরে ধীরে মেনে নিতে চলেছে?
আলতাফ পারভেজ: লেখক ও গবেষক
