ভার্সাই চুক্তির ফলে ১৯২০ সালে শান্তির অন্বেষণে জন্ম নেওয়া লিগ অব নেশনসের ব্যর্থতা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিলক্ষিত। ১৯১৮ সালে শেষ হওয়া প্রথম বিশ্বযুদ্ধের ইউরোপীয় ধ্বংসযজ্ঞ ইউরোপকে এতটাই ভীত করে যে, গোটা বিশের দশক আন্তর্জাতিক রাজনীতিতে শান্তির কথা হয়েছে। উড্রো উইলসনের ১৪ দফা কিংবা লিগ অব নেশনস, উভয়ই ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের রাজনীতিকে আন্তর্জাতিক রূপ দিতে অথবা তাদের রাজনীতির লাগাম টানতে। সেই পালে হাওয়া লাগে ওয়ারেন জি হার্ডিংসের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মাধ্যমে, যা পরবর্তী দুই দশকের বৈদেশিক নীতি নির্ধারণ করে দেয়। বৈদেশিক বাধ্যবাধকতা এবং সার্বভৌমত্ব হারানোর ভয়ে সিনেট ভার্সাই চুক্তিকে অনুমোদন করতে অস্বীকৃতি জানায়। লিগের মন্ত্রিসভা হিসেবে পরিচিত ৯ সদস্যের কাউন্সিলে যুক্তরাষ্ট্রের জন্য একটি আসন বরাদ্দ রেখেও লিগ অব নেশনসে যুক্ত করা সম্ভব হয়নি।
সে সময় শুধু লিগ অব নেশনস নয়; যুদ্ধ আগ্রাসী শক্তি অথবা দেশের ওপর অবরোধ আরোপ ও অস্ত্র সীমিতকরণ নিয়ে ১৯২৪ সালের জেনেভা প্রটোকল ব্যর্থ হয় ব্রিটিশ ভেটোর কারণে। এরপর ১৯২৫-এর প্রস্তুতিমূলক কমিশনের মাধ্যমে পাঁচ বছর পর নিরস্ত্রীকরণ সম্মেলন ১৯৩২-৩৪ হয়। সেটাও ব্যর্থতায় পর্যবসিত হয় নিরস্ত্রীকরণ নিয়ে ফরাসি ও ব্রিটিশদের মধ্যে এবং নৌ নিরস্ত্রীকরণ নিয়ে ব্রিটিশ ও যুক্তরাষ্ট্রের বিরোধের কারণে। ১৯৩২ সালের নিরস্ত্রীকরণ সম্মেলন যখন আয়োজন করা হয় তখন জাপান চীনের মাঞ্চুরিয়ায় আক্রমণ করে ফেলেছে। মাঞ্চুরিয়ায় সঠিক ও গ্রহণযোগ্য ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা এবং জার্মানির সংস্থাটি পরিত্যাগ করার মাধ্যমে লিগ অব নেশনসের কবর রচিত হয়।
এর ব্যর্থতার কারণ অনুসন্ধানে ফরাসি ইতিহাসবিদ মরিস ভেস যে কয়টি বিষয় তুলে আনেন তার মধ্যে উল্লেখযোগ্য– নিরস্ত্রীকরণের জন্য এটি ত্রুটিপূর্ণ; সর্বজনীনতার অভাব; ব্রিটেন ও ফ্রান্স এবং সম্মেলনে ফ্রান্স ও জার্মানির মধ্যকার সংঘাত; সদস্য দেশগুলোর অভ্যন্তরে নিরস্ত্রীকরণের বিরুদ্ধে প্রতিকূল শক্তির অবস্থান; নিরস্ত্রীকরণ সম্মেলন প্রতিকূল পরিস্থিতিতে খুব দেরিতে অনুষ্ঠিত হয়েছিল এবং নিরস্ত্রীকরণের লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী ও বাস্তব সমস্যাযুক্ত। ফ্রেডেরিক নর্থেজ অবশ্য আঙুল তোলেন কুখ্যাত ভার্সাই চুক্তির দিকে, যেখানে পরাজিত শক্তির ওপর উপর্যুপরি দায় চাপানো হয়। সব বাস্তবসম্মত কারণের সঙ্গে সঙ্গে দুর্বল রাষ্ট্রগুলোর জোটবদ্ধ গঠনমূলক অংশগ্রহণের অভাব, অনেক দেশের ভেতরে অর্থনৈতিক অংশীজনের বিরোধিতা থেকে শুরু করে রাষ্ট্রগুলোর মধ্যে কঠোর দরকষাকষি নিদারুণ পরিণতির দিকে যায়। ফলে রাষ্ট্রগুলো নিজেদের মতো আবার অস্ত্রের উৎপাদন বাড়াতে থাকে। যুক্তরাষ্ট্রের মতো পরাক্রমশালী শক্তিকে নিরস্ত্রীকরণে অন্তর্ভুক্ত করার ব্যর্থ প্রয়াস এবং সার্বভৌমত্বের প্রতি সামগ্রিক নিরাপত্তার অভাব বিশ্বকে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় এবং লিগ অব নেশনসকে বিলুপ্ত করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাতিসংঘ কি লিগ অব নেশনসের দুর্বলতা কাটিয়ে উঠতে পেরেছে? লিগ অব নেশনসের কাঠামোগত সীমাবদ্ধতা কিছুটা কাটিয়ে ওঠা গেলেও পুরোপুরি সম্ভবপর হয়নি। এর বাইরে দৃশ্যমান ক্ষমতার রাজনীতিও কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে জাতিসংঘের জন্য। বৈশ্বিক বড় সব শক্তিই এর সদস্য হওয়ায় প্রভাব অনেক বেশি হলেও শক্তিগুলোর আগ্রাসী মনোভাব নিয়ন্ত্রণ করার কোনো মাধ্যম নেই। সিদ্ধান্ত কার্যকর করার মতো নিরাপত্তা পরিষদ, প্রাতিষ্ঠানিক শান্তিরক্ষা মিশনসহ মানবাধিকার, উন্নয়ন, শরণার্থী, জলবায়ু, স্বাস্থ্যের মতো বিস্তৃত ম্যান্ডেট নিয়ে কাজ করছে। কিন্তু ভেটো ক্ষমতা এবং ক্ষমতার রাজনীতির কারণে বিশ্বব্যাপী অনেক সমস্যারই কার্যকর সমাধানে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিন, মিয়ানমার, সিরিয়া, ইউক্রেনের মতো ইস্যুতে অকার্যকারিতা বারবার প্রমাণ করেছে। এই বৈশ্বিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে ক্ষমতাসীন রাষ্ট্রগুলোর জবাবদিহির অভাব। লিগ যেমন ইতালি-জাপানকে আগ্রাসন থেকে বিরত রাখতে পারেনি, তেমনি জাতিসংঘও বড় শক্তির মানবাধিকার লঙ্ঘন বা আগ্রাসন কার্যকরভাবে মোকাবিলা করতে পারে না। নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা নির্বাচনীভাবে প্রয়োগ হয়।
১৯৩০ সালের চেয়ে সমসাময়িক বিশ্ব অনেক বেশি জটিল এবং আন্তঃসংযুক্ত। কোনো ধরনের বিরোধে সারাবিশ্বই প্রভাবিত হয়। লিগ অব নেশনসের মতো আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার স্ব-নিযুক্ত অভিভাবকরা এখন এই নিয়ম লঙ্ঘনে লিপ্ত হচ্ছে বা বিরোধে জড়াচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো নিবিষ্ট মিত্ররাও। বিশ্বশান্তির জন্য একটি সত্যিকারের সহযোগিতাপূর্ণ জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আগে কখনও হয়নি, যেখানে ন্যায্যতা হবে পারস্পরিক সম্মান এবং সৌহার্দ্যের প্রতীক। এই প্রয়োজনীয়তাকে অন্তর্নিহিত বাস্তবতাগুলোর সঙ্গে সাযুজ্যপূর্ণ করে তোলা প্রয়োজন। লিগ অব নেশনসের মতো জাতিসংঘের ভাঙন রোধ করা যে কারও জন্য মঙ্গলজনক।
মাহমুদুল হাসান: উন্নয়ন ও মানবাধিকারকর্মী
