জ্ঞানার্জনের দুটি প্রাচীনতম উৎস হচ্ছে গুরু ও গ্রন্থ। বসন-ভূষণ, বাড়ি-গাড়ি যেমন মানুষের বাহ্যিক আভিজাত্যের পরিচায়ক, বই তেমনি আত্মার আভিজাত্যের পরিচায়ক। প্রাচীন রোমান দার্শনিক, বাগ্মী, রাজনীতিক সিসেরো বলেছিলেন, বই ছাড়া একটি ঘর আত্মাহীন একটি দেহের মতো। বই সংগ্রহ, সংরক্ষণ ও সর্বসাধারণের পঠন-পাঠনের প্রয়োজনে আসে গ্রন্থাগারের ধারণা। সেই গ্রন্থাগার এখন যে কোনো গবেষণাকর্মের আঁতুড়ঘর ।

আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। এবারের প্রতিপাদ্য– জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি। কোনো বিষয় নিয়ে একটি স্বতন্ত্র দিবস পালনের মূল উদ্দেশ্য আমি মনে করি বিষয়টিকে বছরজুড়ে গুরুত্ববহ করে রাখা। কিন্তু বাস্তবে ঘটছে এর উল্টোটা। যতদূর জানি কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখটি ছিল ৫ ফেব্রুয়ারি ১৯৫৪। তাই পরবর্তীতে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালনে তারিখটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার একটি বৈঠকে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় গ্রন্থাগার নীতি ২০২৩-এর ৩.২ অধ্যায়ে বলা হয়েছে, ‘গণগ্রন্থাগার নেটওয়ার্ক ক্রমান্বয়ে গ্রাম পর্যায়ে সম্প্রসারিত করা যাতে যে কোনো নাগরিক তাঁর বাসস্থানের দুই কিলোমিটারের মধ্যে একটি গণগ্রন্থাগার বা এর শাখা গ্রন্থাগার থেকে পরিষেবা পেতে পারেন।’

দেশের সরকারি গণগ্রন্থাগারগুলো দেখভালের দায়িত্বে রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়াধীন গণগ্রন্থাগার অধিদপ্তর। গণগ্রন্থাগার অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারাদেশে সরকারি গণগ্রন্থাগার রয়েছে ৭১টি। এর মধ্যে উপজেলা পর্যায়ে আছে মাত্র তিনটি। তালিকাভুক্ত বেসরকারি গণগ্রন্থাগারের সংখ্যা দুই হাজারের কিছু বেশি। তাছাড়া একই মন্ত্রণালয়ের অধীনে ‘জাতীয় গ্রন্থকেন্দ্র’ নামে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশজুড়ে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা পাঠাগারগুলো তালিকাভুক্ত হয় এবং রাষ্ট্রীয় অনুদানের বই ও অন্যান্য সেবা গ্রহণ করে। মূলত তৃণমূল পর্যায়ে পাঠক তৈরিতে এটি একমাত্র রাষ্ট্রীয় সংস্থা হিসেবে কাজ করছে।

পৃথিবীর কম পড়ুয়া এক জাতি হিসেবে আমাদের অখ্যাতি রয়েছে। তাই কেবল স্থানে স্থানে গ্রন্থাগার থাকলেই তা ফলপ্রসূ হয়ে যাবে না। প্রয়োজন সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলোর আধুনিকায়ন, ডিজিটাইজেশন এবং কার্যপরিধির সম্প্রসারণ। দেশের সব গ্রন্থাগার নিয়ে একটি অভিন্ন নেটওয়ার্ক গড়ে তোলা। যেখানে থাকবে ই-বুকের এক বিশাল ভান্ডার। বিদেশি ভাষার সেরা বইগুলো বাংলা ভাষায় অনুবাদ করিয়ে দেশি পাঠকের কাছে তুলে ধরা। পাশাপাশি বাংলাদেশের অনন্য সাহিত্যকর্মগুলো বিদেশি ভাষায় অনুবাদ করিয়ে ভিন্নদেশি পাঠকের কাছে পৌঁছে দেওয়া। জেলা সরকারি গণগ্রন্থাগারগুলো জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত বইকেন্দ্রিক নানা আয়োজনের মাধ্যমে তাদের পাঠাভ্যাস গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারে। সরকারি-বেসরকারি গ্রন্থাগারগুলোতে বই সরবরাহ করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে দৃঢ়ভাবে কেবল বইয়ের মান বিবেচনায় নিতে হবে। কোনো বই নির্বাচনে সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থার চেষ্টা-তদবির গ্রাহ্য করা যাবে না। গ্রন্থাগারের জন্য সরকারি অর্থে বই ক্রয়ে বা সরকারি অনুদানের অর্থ প্রদানে কর্তাব্যক্তিদের জন্য রাখা যাবে না বিশেষ কোনো কোটা। এখানে অনগ্রসর শ্রেণি বলতে কোনো কিছু নেই যাদের প্রিভিলেজ দিতে হয়। ব্যক্তিবিশেষের সুপারিশে অস্তিত্বহীন পাঠাগারের নামে রাষ্ট্রীয় অর্থ বরাদ্দ বন্ধ করতে হবে।

জাতীয় বইমেলা আয়োজনের কাজটা মূলত জাতীয় গ্রন্থকেন্দ্রের ওপরেই বর্তায়। যা এখন করছে বাংলা একাডেমি। যতদূর জানি স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বইমেলার সূচনাও হয় গ্রন্থকেন্দ্রের তৎকালীন পরিচালক সরদার জয়েন উদদীনের মাধ্যমে। বইমেলার আয়োজন যে বাংলা একাডেমির প্রধান কোনো কাজ নয় তা নির্দিধায় বলেছেন প্রতিষ্ঠানটির বর্তমান মহাপরিচালক। ফেব্রুয়ারি মাসে দেশের জেলা সরকারি গণগ্রন্থাগারগুলোর মাধ্যমে প্রতিটি জেলায় একযোগে বইমেলার আয়োজন করা যায়। উপজেলা পর্যায়ে বইমেলা আয়োজনে প্রকাশনীগুলোকে সহযোগিতা করতে তালিকাভুক্ত বেসরকারি পাঠাগারগুলোকেও কাজে লাগানো যায়। ফেব্রুয়ারি মাসে সারাদেশ মাতবে বই উৎসবে।

লেখকরা ঘুরে বেড়াবেন জেলা থেকে জেলায়। তাদের সঙ্গে কথোপকথনের সুযোগ পাবে স্থানীয় শিক্ষার্থী ও পাঠকরা। এভাবে গড়ে উঠবে পাঠক মহল, শিক্ষার্থীরা উদ্দীপ্ত হবে সৃষ্টিশীল কাজে। জাতীয় গ্রন্থাগার দিবসে তাই প্রত্যাশা– একটি বুদ্ধিবৃত্তিক সমাজ প্রতিষ্ঠায় গ্রন্থাগারের প্রকৃত ভূমিকা নিশ্চিত করা হোক। দেশের গ্রন্থাগারগুলো হয়ে উঠুক সত্যানুসন্ধানী মানুষের তীর্থক্ষেত্র।

মো. সাইফুল ইসলাম: সহকারী অধ্যাপক (বাংলা), শ্রীমঙ্গল সরকারি কলেজ