গণতন্ত্র মঞ্চের অন্যতম প্রধান নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক। হাওরের মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে বহুবার কারা নির্যাতিত হাসনাত কাইয়ুম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি এবং বাংলাদেশ লেখক শিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর জন্ম ১৯৬৩ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শোভারামপুর গ্রামে। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন।
সমকাল : এবারের নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কী?
হাসনাত কাইয়ুম : পুরোনো আইনকানুনের মধ্যে যে রকম নির্বাচন হওয়ার কথা সেরকমই হয়েছে। এ আইনের অধীনেই অতীতের নির্বাচনগুলো হয়েছে, ‘অ্যারেঞ্জড’ বা ম্যানেজড’ নির্বাচন, ‘রাতের ভোট’ ইত্যাদি। এমন হওয়ার কারণ ছিল স্বভাবগতভাবে ত্রুটিপূর্ণ নির্বাচনী আইন। এবারও সেই আইনে হাত দেওয়া হয়নি, কোনো সংস্কার হয়নি। ফলে নির্বাচন যা হওয়ার তা হয়েছে।
সমকাল: অন্তর্বর্তী সরকার তো গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে অনেক পরিবর্তন আনল।
হাসনাত কাইয়ুম : একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি বিষয় জরুরি ছিল। একটি হলো নির্বাচনী আইনের সংস্কার, আরেকটি পুলিশের সংস্কার। দুটির কোনোটাই হয়নি। ফলে পুরোনো আইন দিয়ে যতটুকু ভালো নির্বাচন করা যায় ততটুকুই এবার হয়েছে। বাড়তি কিছু আশা করার সুযোগ ছিল না।
সমকাল : সংসদের বিরোধীপক্ষের দাবি, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ভোট গণনা ও ফল ঘোষণায় অনিয়ম হয়েছে। আপনি কী মনে করেন? হাসনাত কাইয়ুম: আমি তো মূলত আমার নির্বাচনী এলাকাতেই আটকে ছিলাম। আর নির্বাচনে প্রশাসন অনেক কিছুই করতে পারে, সেটি আমরা জানি। ফলে জামায়াত বা এনসিপি কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হতেও পারে। তবে আমার এলাকায় তেমন কিছু দেখিনি, যদিও প্রশাসন ও নির্বাচন কমিশন আমাদের দলের সঙ্গে যা করেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন যেন দলগতভাবে নির্বাচন করতে না পারে, তা দেখে আমি মনে করি তারা যে কোনো অনিয়মই করতে পারে।
সমকাল: আপনাদের দলের নিবন্ধন হলো না কেন?
হাসনাত কাইয়ুম : সুনির্দিষ্টভাবে বলতে পারব না। তবে অন্য অনেক দলকে নিবন্ধন দেওয়ার পাশাপাশি আমাদের আবেদন কমিশন প্রত্যাখ্যান করলে আমরা আদালতে যাই। আদালত নির্দেশ দেওয়ার পরও তার ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এ থেকে দুটি কারণ আমি চিহ্নিত করেছি। একটি হতে পারে, রাষ্ট্র সংস্কারের বাইরে আমাদের কোনো রাজনীতি নেই, সংস্কার প্রশ্নে আমরাই ছিলাম সবচেয়ে আপসহীন। কোন কোন ক্ষেত্রে সংস্কার জরুরি, সে ক্ষেত্রে আমরা অন্যদের চেয়ে একটু বেশি সক্ষমতা দেখাতে পেরেছি। এটি এস্টাব্লিশমেন্টের চোখে ঔদ্ধত্য বা বিরক্তিকর মনে হতে পারে। আরেকটি হলো সংস্কার চিন্তার মালিকানা। তৎকালীন প্রশাসনের সঙ্গে যুক্ত একটি পক্ষ মনে করেছে, আমাদের মাঠ থেকে বের করে দিতে পারলে সংস্কার চিন্তার মালিকানা তারা একচেটিয়াভাবে দাবি করতে পারে। এসব পক্ষের চাপের মধ্যেই রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল।
সমকাল: আপনাদের সাবেক জোট গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করেছে। অন্য শরিকরাও যেখানে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় ব্যস্ত ছিল তখন আপনারা জোট ছেড়ে আরেক জোট করলেন কেন?
হাসনাত কাইয়ুম : গণতন্ত্র মঞ্চের মতো বিএনপির সঙ্গে আমাদের আলোচনা ছিল সংস্কারের বিষয়টির ওপর গুরুত্ব দেব। ৫ আগস্টের পর বিএনপির সঙ্গে যখন গণতন্ত্র মঞ্চের কথা শুরু হয় তখন আমরা স্পষ্ট করে জোটের নেতাদের বলি, রাজনৈতিক সমঝোতা ছাড়া আসন ভাগাভাগির সমঝোতার মধ্যে আমরা নেই। জোট নেতারাও তা মেনে নেন। তবে বিএনপিকে তারা এ ধারায় আনতে না পেরে আসন সমঝোতাই শুরু করে দেয়। তখন আমি জোটের সমন্বয়ক। আমার জন্য এটি ছিল বিব্রতকর। রাজনীতিই যদি না থাকে তাহলে সংসদে আসন দিয়ে কী করব। তাই আমরা জোট ছেড়ে দিই।
সমকাল : এনসিপি ও এবি পার্টি নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট?
হাসনাত কাইয়ুম : গণতন্ত্র মঞ্চের সঙ্গে এ দুটিসহ আরেকটি দল মিলে সংস্কার ইস্যুতে আলাদা অবস্থান গ্রহণের কথা অনেক আগেই শুরু হয়েছিল। তবে তা এগোয়নি। এরপর আমাদের সঙ্গে এনসিপি ও এবি পার্টি জোট করতে আসে। আমরা সবাই মনে করতাম জামায়াত হলো অগণতান্ত্রিক শক্তি, ধর্মীয় ফ্যাসিবাদপুষ্ট, আর বিএনপি সংস্কার চায় না। তাই গণতান্ত্রিক সংস্কার জোট নাম দিয়ে নতুন জোট গঠন করি আমরা। কিন্তু এটি ১০ দিনও টেকেনি। এনসিপি ও এবি পার্টি জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করে আমাদের সঙ্গে আলোচনা করতে আসে। আমরা বলি, আবারও রাজনীতি ছেড়ে শুধু আসন সমঝোতায় যাব না।
সমকাল: বামপন্থিরা এখানে দীর্ঘদিন দ্বিদলীয় বৃত্ত ভাঙার কথা বলেছে। এনসিপিও পুরোনো রাজনীতি অবসানের কথা বলে কার্যত দ্বিদলীয় বৃত্ত ভাঙারই কথা বলেছিল। এখন তো আবারও আমরা দ্বিদলীয় বৃত্তেই ঢুকলাম। আপনি কী মনে করেন?
হাসনাত কাইয়ুম: এটি দুর্ভাগ্যজনক। আমাদের রাজনৈতিক ইতিহাসে যখনই শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো আন্দোলন হয়েছে তখনই নতুন একটি শক্তি ক্ষমতায় এসেছে। ১৯৪৭-এ কৃষক-প্রজা পার্টি নাই হয়ে গেছে, ১৯৫৪-এ মুসলিম লীগ শূন্যে পরিণত হয়েছে, ১৯৭০-এ আওয়ামী লীগের উত্থান হয়েছে। এমনকি ১৯৯০-এ ছাত্রদল ছাড়া যার বড় কোনো শক্তি ছিল না, সেই বিএনপি ক্ষমতায় আসে। এবার সেই ধারায় ছেদ ঘটল। মানুষ যাদের সামনে দেখতে চেয়েছে তারা নেতৃত্বদানের চেয়ে লেজ হতে চেয়েছে। আন্দোলনে জনগণের মধ্যে পুরোনো দুই বা তিন দলকে সরিয়ে যতটুকু পরিসর তৈরি হয়েছিল, তাকে ধরে না রেখে পরিস্থিতিকে এমন দিকে ঠেলে দেওয়া হলো, যার ফলে এ প্রশ্ন সামনে চলে আসে যে একাত্তরকে ধারণ করলে বিএনপিকে ভোট দিতে হবে, আর ’২৪-কে ধারণ করলে এনসিপি-জামায়াত জোটকে ভোট দিতে হবে। বাস্তবে লড়াইটা হয়েছিল ’৭১-এর ধারাবাহিকতায় ’৯০ ও ’২৪-কে ধারণ করার; অর্থাৎ ’৭১-এর এক্সটেনশন হিসেবেই ’২৪ ঘটেছিল। কিন্তু এই দ্বিদলীয় বা বিভাজনের রাজনীতির মাধ্যমে সেটিকে নাই করে দেওয়া হলো। এটিকে আমরা বড় ধরনের একটি ষড়যন্ত্র হিসেবে দেখি। এনসিপি বুঝে না বুঝে এর অংশীদার হয়েছে।
সমকাল : আপনি এর আগের সাক্ষাৎকারে সংস্কার নিয়ে বলতে গিয়ে নতুন সংবিধানের দাবির বিপরীতে দাঁড়িয়ে বিদ্যমান সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছিলেন। শেষ পর্যন্ত যা হলো, যেমন–গণভোট, সংবিধান সংস্কার পরিষদ–এগুলো তো একপ্রকার নতুন সংবিধানেরই সঙ্গে মিলে। বিতর্কটা এ জায়গায় গেল কেন?
হাসনাত কাইয়ুম: যে কোনো সফল গণআন্দোলনের পর এস্টাব্লিশমেন্ট তাকে ভন্ডুল করতে উঠেপড়ে লাগে। এটি করা যায় আন্দোলনের আকাঙ্ক্ষা নিয়ে আগ্রাসী মনোভাব দেখিয়ে, যেটিকে হঠকারিতাও বলে, আবার পেছন থেকে টেনে ধরে। ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা বলেছিলাম, যে কোনো বড় আন্দোলনের পর অনুকূল পরিস্থিতি অল্প সময় থাকে, মাগরিবের ওয়াক্তের মতো–দ্রুত কাজা হয়ে যায়। অতএব সেভাবেই কর্মসূচি নিতে হবে। কিন্তু নানা বুদ্ধিজীবী মহল, দেশি-বিদেশি অনেক শক্তি, যারা পরিবর্তন চায় না, দেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করুক তা চায় না, তারা ছাত্রনেতাদের একটা অংশকে বেশি বেশি প্রশংসা ও প্রলুব্ধ করে এ পথে ঠেলে দেয়। আরেকটি অংশ যারা স্থিতিশীলতা বেশি চেয়েছে, তারা এখানকার এস্টাব্লিশমেন্টের সঙ্গে, বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সঙ্গে আপস করে অভ্যুত্থানকে পেছন থেকে টেনে ধরে। এ দুই শক্তির টানাটানির কারণেই যা করার কথা ছিল তা আমরা করতে পারিনি। এখানে অপ্রয়োজনীয়ভাবে সংবিধানের মূলনীতি পরিবর্তনের আলোচনা তোলা হয়েছে। আমরা বলেছি, এ ধরনের দার্শনিক আলোচনার কোনো শেষ নেই, সময়ও এটা নয়। তবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে কথা তুললেন, তা এমনিতেও আসত।
সমকাল: কীভাবে?
হাসনাত কাইয়ুম : যেমন–বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এটি করে ফেলল। কিন্তু কোনো এক সময়ে আদালতে এ নিয়ে প্রশ্ন উঠলে তা জটিলতা সৃষ্টি করত। বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলে তা বাতিলও হতে পারত। প্রস্তাবিত সংস্কার নিয়ে এ পরিস্থিতি যাতে না হয়, সে জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলেছি। জনগণের ইচ্ছাই যেহেতু সবার ওপরে, আপনি যদি এ সংস্কারের বিষয়ে জনগণের ম্যান্ডেট নেন তাহলে আদালত তাতে হাত দিতে পারেন না। এ কারণেই গণভোটের বিষয়টি এসেছে।
সমকাল: এখন তো বিষয়টি সংসদে গেল। সেখানে এনসিপি গণপরিষদের কথা বলছে, জামায়াতও বলছে। জামায়াতের কণ্ঠই বেশি জোরে শোনা যাচ্ছে। তাদের যে ইতিহাস বিশেষ করে ’৭১ প্রশ্নে, জনপরিসরে এমন ধারণাও আছে, ’৭১-এর অর্জিত সংবিধানকে জামায়াত নতুন কিছু দিয়ে রিপ্লেস করতে চায়। ফলে এ গণপরিষদ ইস্যু কতটা গুরুত্ব পাবে?
হাসনাত কাইয়ুম: জামায়াত একটা বড় শক্তি, সত্য; তবে তাদের রাজনীতির সঙ্গে এ ইস্যুর কোনো সম্পর্ক নেই। ৫ আগস্টের আগে কোনোদিন তারা এমন দাবি করেনি, যদিও তারা এখন এটির মালিক সেজেছে। এ কাজ তারা অত্যন্ত ধূর্ততার সঙ্গে করেছে। এখানে বিএনপির অবিমৃষ্যকারিতাও আছে। দলটি যাঁকে দিয়ে ঐকমত্য কমিশনে বিষয়টি ডিল করিয়েছে, তিনি আমলাতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে তা করেছেন। সংবিধানকে আপনি অনেকভাবেই ব্যাখ্যা করতে পারেন। তবে বিষয়টি রাজনৈতিক, যাদের কাছে সংবিধান হলো একটি রাজনৈতিক বন্দোবস্তের বিষয়। বিএনপির পক্ষ থেকে যিনি ঐকমত্য কমিশনে এসেছেন, তিনি বিষয়টিকে ডিল করতে গিয়ে মানুষ কী চায় তার চেয়েও বেশি প্রকরণগত আলোচনা বানিয়ে ফেলেছেন। সেই সঙ্গে আমাদের চতুরতা এবং জামায়াতের ধূর্ততা মিলে বিষয়টি এ জায়গায় এসে গেছে। আপনি তো ৫ আগস্টেই সংবিধানের বাইরে চলে গেলেন। এরপর চেষ্টা হয়েছে নিরাপদে সংবিধানে ঢোকার। তার মানে একবার আমি সংবিধানের ব্যত্যয় ঘটিয়েছি, একই সঙ্গে আবার আমি সংবিধানকে এমন করতে চাই, যাতে ভবিষ্যতে ওই ধরনের ব্যত্যয় না ঘটাতে হয়। অর্থাৎ একটি দায়িত্বশীল রাজনীতির মধ্য দিয়ে একটি বন্দোবস্তে পৌঁছা–ভবিষ্যৎ প্রজন্ম যেন এর সুফল পায়। সেটি না করে একেকজন তার অহম, দলীয় স্বার্থ ইত্যাদি চরিতার্থ করতে গিয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছে।
সমকাল: এর দায় কি আপনি সবাইকে দিচ্ছেন?
হাসনাত কাইয়ুম : এখানে তিনটি পক্ষ মূলত দায়ী। জামায়াত একটি হঠকারিতা করেছে, তার সুবিধামতো চলতে চেয়েছে। এনসিপি আরেকটি হঠকারিতা করছে; বিপ্লবী সংবিধান, নতুন সংবিধান ইত্যাদি চেয়েছে। কমিশনে সংখ্যাগরিষ্ঠ দল একটি সংস্কার চেয়েছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠের কথা বিবেচনায় না নিয়ে জামায়াত-এনসিপির সঙ্গে তার অহমের দ্বন্দ্ব হিসেবে এটিকে নিয়েছে। তারা এটি কমিশনে সমাধান না করে কথিত বিশেষজ্ঞ প্যানেলের কাছে দিয়েছে। ওই প্যানেল আরেকটি চতুরতা করেছে। আবার বিএনপি গণভোটের ব্যালটে কী লেখা হয়েছে, তার সবকিছু মেনে এখন বলছে তারা সেটা মানে না। এখন মনে হচ্ছে দায়টা বিএনপির, বস্তুত দায় তিন পক্ষের।
সমকাল: সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এখনও বিতর্ক হচ্ছে। এর সমাধান কীভাবে হতে পারে?
হাসনাত কাইয়ুম: সংসদের বাইরে আসার সুযোগ নেই। আমি আশা করি, সংসদেই বিষয়টি সমাধান হবে। এখনও বিএনপির হাতে সময় আছে। তাকে আরও ইতিবাচক হতে হবে। সে যে সংস্কার চায় সেগুলোকে টেকসই করতে হলেও বিরোধীপক্ষের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে হবে। জামায়াতকে আমি দায়িত্বশীল মনে করি না। ঐকমত্য কমিশনে তারা বহুবার দায়িত্বহীন কাজ করেছে। তার ডিএনএর মধ্যেই এ সমস্যা আছে। জন্মের পর থেকেই, ’২৪-এর আন্দোলন ছাড়া, দলটি এমন আচরণ করে আসছে। তবে বিএনপিকে সবকিছু ম্যানেজ করার দক্ষতা দেখাতে হবে। যদি না পারে তাহলে বিপর্যয়ের শঙ্কা থাকবে; দেশে-বিদেশে সে রকম শক্তিও আছে।
সমকাল: আপনাদের রাজনীতি কোন ধারায় এগোবে?
হাসনাত কাইয়ুম: আমরা তো এখন কোনো জোটে নেই। আমরা মনে করি, বিএনপি ও জামায়াত জোটের বাইরে এখানে রাজনৈতিক শক্তি হিসেবে দুটো ধারা আছে। একটি হলো অভ্যুত্থানে সক্রিয় ছিল এমন অনেক তরুণ-তরুণী এনপিএ, আপ বাংলাদেশ ইত্যাদি নামে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এগুলো একটি রূপ পেতে তিন-চার বা ছয় মাস সময় লাগবে। আবার বিএনপির সঙ্গে নির্বাচন করে বা করতে চেয়ে ব্যর্থ হয়েছে, তারা শেষ পর্যন্ত কোথায় যাবে–তা জানতেও অন্তত ছয় মাস লাগবে। আমাদের ক্ষেত্রে বক্তব্য হলো, আমরা প্রথম পর্যায়–প্রচার পর্ব শেষ করেছি, এখন দ্বিতীয় পর্যায়–আন্দোলন ও নেতৃত্ব গড়ে তোলার পর্যায়ে যেতে চাই।
সমকাল : সরকার সম্পর্কে কী বলবেন?
হাসনাত কাইয়ুম: আমি আশাবাদী থাকতে চাই। এখনই কোনো মন্তব্য করতে চাই না। তবে বাংলাদেশে দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে যারাই ক্ষমতায় এসেছে তারাই বিপর্যয়ের মধ্যে পড়েছে। এ অভিজ্ঞতা বিএনপিরও আছে। তারপরও তারা প্রথম দিনেই দুই-তৃতীয়াংশের বড়াই করেছে।
সমকাল : আওয়ামী লীগ বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে বেশ কানাঘুষা আছে। আপনি কী মনে করেন?
হাসনাত কাইয়ুম : আমার মনে হয়, এ বিষয়ে বিএনপি কোনো নির্দিষ্ট অবস্থান ঠিক করেনি, অথবা অবস্থান নেবে না–এটিই তাদের অবস্থান। পরিস্থিতি সেটিই বলছে, না হলে ৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে তারা যা করল, এর ব্যাখ্যা কী? ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এটি কী ধরনের আচরণ? অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল পুলিশের বদলে তারা আদালতকে ব্যবহার করছে দমনমূলক কাজে। বিএনপিও কি সে পথে হাঁটছে? আওয়ামী লীগ করলেই একজনকে গ্রেপ্তার করতে হবে? যে আওয়ামী লীগ না, যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সেই মানুষ যদি মনে করে ৭ মার্চের ভাষণকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমি ব্যবহার করব, সে মানুষকে তা শোনালো–এটি অপরাধ হয় কীভাবে? জুলাইয়ে এত রক্ত ঝরল তো শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করার জন্যই। সেটিই যদি না পাই, তাহলে এত রক্তের অর্থ কী?
সমকাল : আপনাকে ধন্যবাদ।
হাসনাত কাইয়ুম : সমকালকেও ধন্যবাদ।
