জ্যেষ্ঠ তিন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যার মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান সম্পর্কেও তথ্য রয়েছে। এই বার্তার মধ্য দিয়ে তারা কৌশলগত জোটের চেয়ে বেশি কিছু উন্মোচন করেছে। তারা একটি নতুন ধরনের যুদ্ধের বন্দোবস্তও তুলে ধরেছে।

এটি এমন এক যুদ্ধ, যেখানে সম্মুখ সারির সংঘাত অনুপস্থিত। ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র দিয়ে নয়; বরং রাডার, স্যাটেলাইট ও নিশানা বানিয়ে যুদ্ধ করা। আজ উপসাগরীয় অঞ্চলে উভয়পক্ষের যুদ্ধক্ষেত্র তড়িৎ চৌম্বকীয় বর্ণালিতে রূপ নিয়েছে। সর্বোপরি, তারা একে অপরকে অক্ষম করে দেওয়ার জন্য লড়াই করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গোয়েন্দা তথ্য ভাগাভাগির অভিযোগটি অস্বীকার করেছেন। পুতিন এখনও এই দাবি অস্বীকার করেই চলেছেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে ইরানি ড্রোন ও গোলাবারুদ পেয়েছে। তারা দেখেছে যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে দেশটির বিভিন্ন জায়গা নিশানা করে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র তাদের গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যার মধ্যে পুতিনের বাসভবনের কাছাকাছি অবস্থানও রয়েছে। মস্কোর পক্ষে এসব মাথায় রেখে হিসাব করা কঠিন কাজ নয়। জটিল সমস্যার সমাধানে গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুতিন কেবল এটি ব্যবহার করছেন।

সাবেক সিআইএ অফিসার ব্রুস রিডেল একবার দেখেছিলেন, আধুনিক যুদ্ধে স্থানাঙ্ক প্রায়ই বুলেটের চেয়ে বেশি মূল্যবান। যে জানে শত্রু কোথায়, সে জিতবে। এই স্বতঃসিদ্ধ ধারণাটি এখন উপসাগরজুড়ে কার্যকর হতে দেখা যাচ্ছে। রাশিয়ার গোয়েন্দা পাইপলাইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সম্পদের অবস্থান নির্ণয় করতে সাহায্য করেছে ইরানকে, যা তেহরান একা অর্জন করতে পারেনি। ইরান কেবল সামরিক গোয়েন্দা উপগ্রহের একটি সীমিত নক্ষত্রপুঞ্জ দিয়ে যুদ্ধ পরিচালনা করে, যা খোলা পানির ওপর দিয়ে দ্রুতগতিতে চলমান নৌসম্পদের অবস্থান নির্ণয় করতে পুরোপুরিভাবে সক্ষম নয়। বেইজিংয়ের ভূমিকা নীরব। কিন্তু তাদের এই নীরবতাও কম গুরুত্বপূর্ণ নয়। চীন বছরের পর বছর ধরে ইরানের ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রের স্থলদৃশ্য পুনর্গঠনে কাজ করেছে। যেমন–দেশটি ইরানে উন্নত রাডার সিস্টেম রপ্তানি করেছে, মার্কিন জিপিএস থেকে চীনের এনক্রিপ্ট করা বেইডু-৩ নক্ষত্রমণ্ডলে ইরানি সামরিক নেভিগেশন স্থানান্তর করেছে। এ ছাড়া ইরানি বাহিনীর জন্য সংকেত গোয়েন্দা তথ্য এবং ভূখণ্ডের মানচিত্র চিহ্নিত করার জন্য চীন সম্প্রসারিত স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করেছে। অবসরপ্রাপ্ত ইসরায়েলি বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমোস ইয়াদলিন এ ব্যাপারে বলেছিলেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। ইরান যদি শনাক্তকরণ ও লক্ষ্যবস্তু বানাতে গিয়ে মিনিটও কমিয়ে আনতে পারে, তবে এটি আকাশে দ্রুত সময়ে আঘাত হানতে সহযোগিতা করে। চীন মিনিট কমানোর চেয়েও বেশি কিছু করেছে। এটি পুরো হামলার চেইনে নতুন করে আকার দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিষ্ক্রিয় নয়। তারা হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা দল ইরানি নেতৃত্বের গতিবিধি ট্র্যাক করছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ড নোডের ম্যাপিং করছে। এ ছাড়া অপারেশনস রোয়ারিং লায়ন অ্যান্ড এপিক ফিউরির প্রথম পর্যায়ে ইরানি রাডার অবকাঠামো দ্রুত ও নির্ভুলভাবে ধ্বংস করছে, যা তেহরানের প্রতিরক্ষামূলক ব্যবস্থা আসলে কতটা ভঙ্গুর তা প্রকাশ করে। ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল এইতান বেন-এলিয়াহু যেমন উল্লেখ করেছেন, রাডার ধ্বংস করা কেবল একটি মেশিনকে ধ্বংস করার জন্য নয়; এটি শত্রুকে অন্ধ করে দেয়। যুদ্ধের প্রথম ঘণ্টাগুলোতে তারা অনেক রাডার মুছে ফেলেছিল।

তবুও আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নায়েনি দাবি করেছেন, ইরান এই অঞ্চলজুড়ে প্রায় ১০টি উন্নত মার্কিন রাডার সিস্টেম ধ্বংস করেছে। এই বিবৃতি আংশিকভাবে সঠিক হলেও কীভাবে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল, উপসাগরীয় রাজধানী ও তার বাইরে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে তার আংশিক ব্যাখ্যা তুলে ধরে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সিবিএসের ৬০ মিনিটের অনুষ্ঠানে রাশিয়ার গোয়েন্দা সহায়তা সম্পর্কে সরাসরি জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, ‘আমরা সবকিছু ট্র্যাক করছি।’ এটি হয় একটি আশ্বাস বা সতর্কতা। সম্ভবত উভয়ই। রাডার রশ্মি এখন ক্ষেপণাস্ত্রের মতোই ভয়াবহ। গোয়েন্দা তথ্য নির্ধারণী ভূমিকা পালন করে। এই সংকেত যুদ্ধে ইরান এমন সমতার জন্য লড়াই করছে, যা এর আগে কখনও ছিল না এবং প্রথমবারের মতো তারা এমন সহযোগী পেয়েছে, যারা এই সহায়তা দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ এখন কেবল তেহরানের ওপর আক্রমণের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি নিশ্চিত করা যে, যখন ট্রিগারে একবার হাত চালানো হবে তখন ইরানই অন্ধভাবে গুলি চালাতে থাকবে। প্রশ্নটি আর এখানেই থেমে নেই যে উপসাগরীয় অঞ্চলে অগ্ন্যুৎপাত হবে কিনা। এটি ইতোমধ্যেই ঘটেছে। প্রশ্ন হলো, চূড়ান্তভাবে ধোঁয়া উঠলে কে স্পষ্টভাবে দেখতে পাবে।

জসিম আল-আজ্জাউই: বিশ্লেষক এবং সাংবাদিক; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম