জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতিতে কিছু পরিবর্তনের আভাস মিললেও বাস্তবতায় জনগণ এখনো এক ধরনের দ্বি-দলীয় রাজনৈতিক বৃত্তে আবদ্ধ। একসময় যেখানে আওয়ামী লীগ ও বিএনপি ছিল মুখোমুখি দুই মেরু, সেখানে বর্তমান প্রেক্ষাপটে সেই দ্বিদলীয় কাঠামো রূপ নিয়েছে বিএনপি–জামায়াতের রাজনৈতিক সমীকরণে। তবে রাজনৈতিক জোট ও মিত্রতার পরিবর্তন হলেও একটি বিষয় প্রায় অপরিবর্তিত থেকেছে, রাজনীতিতে নারীদের ‘ইস্যু’ হিসেবে ব্যবহার।

নতুন রূপান্তরিত এই দ্বি-দলীয় রাজনৈতিক বাস্তবতার বাইরে নারীরা থাকেননি। তারই প্রমাণ আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির পক্ষ থেকে ‘নারী সচেতনতা’র আড়ালে এক ধরনের ট্রাম্প কার্ড খেলানোর চেষ্টা।

যে যাই বলুক না কেন, এই মুহূর্তে দেশের রাজনীতি নারী ইস্যুকে কেন্দ্র করে বেশ জমে উঠেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনে নারীরাই হতে যাচ্ছেন অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাতিয়ার।

সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, নারী ইস্যুটি ঠিক তখনই সামনে এসেছে, যখন বিভিন্ন গণমাধ্যমে জামায়াতের নির্বাচনী প্রচারণায় নারীদের সক্রিয় অংশগ্রহণ ও তার প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়। এমন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে জামায়াতের নারী কর্মীরা নীরবে, সংগঠিতভাবে প্রতিপক্ষের ভোটব্যাংক নিজেদের দিকে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাকে রূপক অর্থে বলা যায়, ভোটব্যাংক ‘ছিনতাইয়ের’ প্রচেষ্টা।

এর প্রভাব পড়েছে বিএনপির ভেতরেও। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়, এবং সেই ধারাবাহিকতায় প্রথম বড় ভুলটিও তারা করে বসে। একটি গবেষণায় দেখা যায়, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে মোট ১২টি নারী নিপীড়নের ঘটনা সামনে এসেছে, যার মধ্যে শেষ এক সপ্তাহেই ঘটেছে ৮টি। অভিযোগের তীর গিয়ে পড়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দিকে। এমনভাবে উপস্থাপন করা হয় যেন বিএনপিই একমাত্র নারী-বিদ্বেষী রাজনৈতিক শক্তি।

ঠিক এই সময়েই ঘটে আরেকটি নাটকীয় ঘটনা। জামায়াতের আমির ডা. শফিকের এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক হওয়ার ঘটনা। সেই হ্যাক করা আইডি থেকে নারী-বিদ্বেষী পোস্ট ছড়িয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বিরোধী পক্ষ ডা. শফিক ও তার দল জামায়াতকে নারী-বিদ্বেষী প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে। শুরু হয় সাইবার যুদ্ধ, মাঠে নামে একদল তথাকথিত এক্টিভিস্ট।

তবে জামায়াতের এক্টিভিস্টরাও বসে থাকেননি। কয়েকটি সংবাদ সম্মেলন, থানায় সাধারণ ডায়েরি, এবং বিভিন্ন জায়গায় আনুষ্ঠানিক অভিযোগের পর ধীরে ধীরে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ অনেকটাই তাদের হাতে চলে আসে।

ভোটের আর মাত্র ১১ দিন বাকি। সামনে আরও কী অপেক্ষা করছে তা একমাত্র আল্লাহই ভালো জানেন।

নারী ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও পাল্টা কর্মসূচি নতুন কিছু নয়। এখন পর্যন্ত প্রায় সবাই নারীদের ব্যবহার করছে ট্রাম্প কার্ড হিসেবে। একটি জাতির জন্য এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। জুলাই বিপ্লব হয়েছে বটে, কিন্তু মানুষের চিন্তা ও চেতনার রাজ্যে এখনো প্রকৃত বিপ্লব ঘটেনি।

মোদ্দা কথা হলো আমাদের আরও সচেতন হতে হবে। একজন নারী আমাদেরই কারও মা, কারও বোন, আবার কারও সহধর্মিণী। নারীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়, পুরুষের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় বরং সমাজ গঠনে সহযোগী হিসেবে বিবেচনা করতে হবে। তাহলেই অনেক সমস্যার সমাধান সম্ভব।

তাই রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি, একই সঙ্গে জনগণকেও সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে আরও সচেতন হয়ে উঠতে হবে। তবেই একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

লেখক: প্লাবন তারিক