বর্তমানে রাজধানী ঢাকায় ভাড়াটিয়াদের জীবন ভীষণ চাপের মধ্যে রয়েছে। কেননা শুধু বাসা ভাড়া বাবদই আয়ের বড় অংশ চলে যাচ্ছে। \r\nঅনেকেই আয়ের অর্ধেকের বেশি খরচ করেন মাথা গোঁজার একটি জায়গার জন্য। সমীক্ষায় দেখা গেছে, গত ২৫ বছরে ভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। অথচ মানুষের আয় সেই হারে বাড়েনি। ফলে সাধারণ মানুষের জীবন এমেই কঠিন হয়ে পড়ছে। বেশির ভাগ ক্ষেত্রে বাসার অবস্থাও ভালো না। পানি নেই, গ্যাস নেই, স্যানিটেশন খারাপ- তবু ভাড়া বাড়ে। অনেক মালিক বিনা নোটিসে ভাড়া বাড়ান। লিখিত চুক্তি না থাকায় ভাড়াটিয়ারা প্রতিবাদ করতে পারেন না। কারণ নতুন বাসায় গেলে খরচ আরও বাড়বে। অগ্রিম, জামানত, পরিবহন সবমিলিয়ে নতুন সংকট তৈরি হয়। এ বিষয়ে আইন আছে কিন্তু প্রয়োগ নেই। উত্তর সিটি কিছু উদ্যোগ নিলেও দক্ষিণ সিটি এখনো নিষ্ক্রিয়। এত বড় একটি শহরে ভাড়াটিয়াদের জন্য কার্যকর নীতি না থাকা দুঃখজনক। সরকার ও সিটি করপোরেশনের উচিত ভাড়া নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা। লিখিত চুক্তি বাধ্যতামূলক করা এবং ভাড়া রেজিস্ট্রেশন চালু করা। বাসাভাড়ায় স্বচ্ছতা আনা এখন সময়ের দাবি।