এই সরকার ক্ষমতায় আছে আর সর্বোচ্চ ৩ মাস। কাজেই তাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য বিব্রতকর হতে পারে। অবশ্য এ প্রসঙ্গে একথাও আমি অকুণ্ঠ চিত্তে স্বীকার করি যে, ড. ইউনূসের সরকার অন্তর্বর্তী বা ইন্টারিম সরকার হলেও কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার নয়। অনুরূপভাবে ১৯৯০ সালে তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দিনের অন্তর্বর্তী সরকারের মতোও এই সরকার নয়। বিচারপতি সাহাবুদ্দিনের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিলো ৯০-এর গণঅভ্যুত্থানের পর ৩ জোটের রূপরেখা অনুযায়ী। সেখানে বিচারপতি সাহাবুদ্দিনকে সুপ্রিমকোর্ট থেকে ৩ মাসের জন্য আনাই হয়েছিলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য। এজন্য বিচারপতি সাহাবুদ্দিনের নিকট ওয়াদা করা হয়েছিলো যে, ইলেকশনের পর প্রধান বিচারপতি রূপে তাকে সুপ্রিম কোর্টে পুনরায় ফেরত নেওয়া হবে। আর সেই কাজটি করার জন্য সংবিধানে ১১ নম্বর সংশোধনী পাস করতে হয়েছিলো।
ড. ইউনূসের সরকার কিন্তু ঐ রকম অন্তর্বর্তী সরকার নয়। ইউনূসের অন্তর্বর্তী সরকার কোন ধরনের সরকার, সেটি নিয়ে দেশে অনেক বাদানুবাদ হয়েছে। অবশেষে কয়েকদিন আগে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এক সর্বসম্মত রায়ে বিবাদটির চূড়ান্ত ফয়সালা করেছেন। সুপ্রিমকোর্টের ঐ রায় অনুযায়ী সংবিধানের ১০৬ অনুচ্ছেদ মোতাবেক তৎকালীন আপিল বিভাগের সুপারিশ মোতাবেক যেহেতু ইউনূস সরকার গঠিত হয়েছে তাই এটি একটি সাংবিধানিক সরকার। আবার যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই বিপ্লবে প্রকাশিত দেশের সর্বস্তরের জনসাধারণের অভিপ্রায় মোতাবেক এই সরকার গঠিত, তাই এই সরকার একশত ভাগ বৈধ। বলা হয় যে, জনগণের সার্বভৌম ইচ্ছার চেয়ে বড় কোনো আইন হতে পারে না। তাই এই সরকার সব সংবিধানের চেয়েও বড় আইনী সরকার।
সুতরাং, দেশ সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার তার যে অধিকার আছে সে সম্পর্কে আমি বিন্দুমাত্রও প্রশ্ন তুলছি না। আমি যেটি বলছি সেটি হলো নৈতিকতার প্রশ্ন। যে বিষয়টি নিয়ে এই প্রসঙ্গের অবতারণা আমি করছি সেটি হলো, ভারতের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়ন নিয়ে সম্প্রতি যে জল্পনা-কল্পনা চলছে সে সম্পর্কে কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ অনৈতিক। অনৈতিক আমি এই কারণে বলছি যে, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ইলেকশনের পর যে নতুন সরকার আসবে তারা ৫ বছরের জন্য ক্ষমতায় আসবে। স্বাভাবিকভাবেই জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা নতুন করে অনেক কিছুই করতে চাইবে।
জুলাই গণঅভ্যুত্থানের যেমন একটি পটভূমিকা রয়েছে তেমনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনেরও একটি পটভূমিকা রয়েছে। বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। আজ যাদের বয়স ১৮ থেকে ৩৫ তাদের সংখ্যা ৪ কোটিরও বেশি। এই বিপুল তরুণ ও যুবক ভোটার বিগত ১৭ বছরে ভোট দিতে পারেনি। অন্যান্য এজ গ্রুপের মানুষও ভোট দিতে পারেনি। তবে তরুণ ও যুবকদের কথা আলাদা করে বলছি এই জন্য যে, ওদের অনেকেই ১৭ বছর আগে ভোটার হয়নি। তার পর যখন তারা ভোটার হয়েছে তখন তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি।
ভোটাধিকার বঞ্চিত বাংলাদেশের জনগণের বিপুল অংশের মন-মানসিকতার সঠিক ধারণা আমরা জানি না। আগামী ফেব্রুয়ারিতে ব্যালট বাক্সের মাধ্যমে তারা তাদের চিন্তা ধারা জানাবে। সেই চিন্তাধারা অনুযায়ী নতুন নির্বাচিত সরকার নীতি নির্ধারণ করবে। সেজন্যই বলেছি যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের এমন কোনো নীতি গ্রহণ করা উচিত না, যেটি আসন্ন নির্বাচিত সরকারের সিদ্ধান্তের বা চিন্তাধারার সাথে সাংঘর্ষিক হতে পারে।
॥দুই॥ গত ২/৩ সপ্তাহ হলো ভারতের সাথে সম্পর্ক নিয়ে নতুন কিছু কথা শোনা যাচ্ছে। গত ৪ ডিসেম্বর ভারতের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক ‘দি টাইমস অব ইন্ডিয়ার’ খবরে বলা হয়েছে যে, বাংলাদেশ-ভারত সম্পর্কে নাকি নতুন পটভূমি খুঁজছে ঢাকা। এইকথা বলেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এমন এক সময়ে বাংলাদেশের হাইকমিশনার এই মন্তব্য করলেন, যার মাত্র কয়েক দিন আগে ঢাকার তরফ থেকে বলা হয়েছিলো যে, বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক একটি বিষয়ে আটকে থাকবে না।
অন্যদিকে স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ঐ পোস্টে তিনি লিখেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত ভারত।’
টাইমস অব ইন্ডিয়ার আলোচ্য রিপোর্টে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘এমন এক নতুন পটভূমি তৈরির চেষ্টা হচ্ছে, যেখানে আমরা নিজেদের ভবিষ্যৎ ভাগাভাগি করে নিতে পারব। কথাটা বলা যত সহজ, বাস্তবায়ন তত সহজ নয়। তবে এটা সম্ভব। আমাদের কিছু ভিন্নমত ও সংবেদনশীল বিষয় আছে। কিন্তু এটাই সম্পর্কের স্বাভাবিক চরিত্র। আমরা যদি পটভূমির কেবল একটি দিক নিয়ে ব্যস্ত থাকি, তাহলে পুরো বিষয়টির প্রতি সুবিচার করা হবে না।’
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট মোতাবেক, রিয়াজ হামিদুল্লাহ বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক অর্গানিক (ওতপ্রোতোভাবে জড়িত)। ‘আপনারা যদি বাংলাদেশের আমদানিকাঠামো এবং বন্দর ও লজিস্টিকস খাতে নতুন সক্ষমতা যোগ হওয়ার যে সম্ভাবনা তৈরি হচ্ছে, তা খেয়াল করেন, তাহলে ভবিষ্যতের দিকনির্দেশনাগুলো বুঝতে পারবেন।’
টাইমস অব ইন্ডিয়ায় এই রিপোর্ট প্রকাশের পর ৫ দিন অতিক্রান্ত হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের তরফ থেকে কোনো রূপ প্রতিবাদ করা বা প্রতিক্রিয়া দেখানো হয়নি। ফলে ধারণা করা যায় যে, বাংলাদেশের হাই কমিশনার এসব কথা বলেছেন। প্রশ্ন হলো, হাই কমিশনার কি নিজ থেকেই ঐসব কথা তাৎক্ষণিকভাবে বলেছেন? নাকি সরকার কর্তৃক আদিষ্ট হয়ে বা সরকারের সম্মতিক্রমে বলেছেন?
একথা সকলেই জানেন যে, বাংলাদেশে একটি ভারতপ্রেমী মহল রয়েছে, যে ভারতের সব রকম অন্যায় আবদার এবং প্রভূত্ব নত মস্তকে মেনে নেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। মহলটি সুযোগ খোঁজে, কোন ফাঁকে ভারতের পক্ষে দুটো কথা বলা যায়। অথবা কোন ফাঁকে বাংলাদেশকে আবার ভারতের কাছে ঠেলে দেওয়া যায়।
বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে কয়েকদিন আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠক নিয়ে চায়ের পেয়ালায় ঝড় তোলা হয়েছিলো। আসলে দিল্লিতে একটি ৪ জাতি বৈঠক হয়েছে, যার অন্যতম সদস্য বাংলাদেশ। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্যই খলিলুর রহমান দিল্লি গিয়েছিলেন। ঐ সন্মেলনের বাইরে বাংলাদেশের সাথে আরো কিছু ঘনিষ্ঠ কথা বলার জন্য ভারত সরকারই চেয়েছিলো যে, খলিলুর রহমান যেনো একদিন আগেই দিল্লি আসেন। সেই মোতাবেক খলিলুর রহমান একদিন আগেই দিল্লি গিয়েছিলেন এবং অজিত দোভালের সাথে কথা বলেছেন। খলিলুর রহমান সেখানে ভারতের কাছে নত শির হননি। বরং দুই দেশের সম্পর্কের পূর্বশর্ত হিসেবে সার্বভৌম সমতার কথা পুনরুল্লেখ করেছেন।
॥তিন॥ আগামী ৩ মাস পর যে সরকার ক্ষমতায় আসবে সে কী নীতি অনুসরণ করবে সেটি আমরা জানি না। কিন্তু এখন যে দুটি জ¦লন্ত ইস্যু রয়েছে সে সম্পর্কে কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই। এর একটি হলো, বাংলাদেশের বৈধ আদালত কর্তৃক শেখ হাসিনার মৃত্যুদ-। মৃত্যুদ-প্রাপ্ত একজন আসামিকে ভারতে রেখে, তাকে সেখান থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক তৎপরতার সুযোগ দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে যাবেন সেটি একান্তভাবে নির্ভর করবে তার ইচ্ছার ওপর। এই ধরনের ছেলে ভুলানো কথা জয়শঙ্কর কাদেরকে বোঝাচ্ছেন? শেখ হাসিনা কি ফাঁসির দড়িতে মাথা ঢুকানোর জন্য স্বেচ্ছায় বাংলাদেশে আসবেন? শেখ হাসিনা ছাড়া আরো একজন ফাঁসির আসামি রয়েছেন। তিনি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে কি দিল্লি ফেরত দেবে?
একথা কে না জানে যে, গত বছরের ৫ আগস্টের পর ভারত তার সীমান্ত খুলে দিয়েছিলো। আর সেই অবারিত সীমান্ত দিয়ে লক্ষাধিক আওয়ামী নেতাকর্মী ও সমর্থক ভারতে ঢুকে গেছেন। সেখান থেকেই তারা মাঝে মাঝে বাংলাদেশে আসেন, ককটেল বিস্ফোরণ ঘটান এবং বাসে আগুন লাগান। এসব ঘটনার পর রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন পটভূমি আবিষ্কার করলেন কীভাবে? আর যদি সরকারের নীরব সমর্থন নিয়ে বলে থাকেন তাহলে ড. ইউনূসকে সেই অধিকার কে দিলো?
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়Ñ সেটি হলো, সাবেক বিডিআর প্রধান মেজর জেনারেল (অব.) আ.ল.ম ফজলুর রহমানের স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দফতরে সেনাবাহিনীর ৫৭ জন চৌকস অফিসারসহ ৭৪ জন মানুষের নারকীয় হত্যাকা-। ফজলুর রহমান কমিশনের রিপোর্টে দ্ব্যার্থহীন ভাষায় বলা হয়েছে যে, এটি ছিলো একটি সুপরিকল্পিত গণহত্যা। এই গণহত্যায় মূল সমন্বয়ক ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এই হত্যাকা-ে সম্মতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যাকা- ঘটানোয় সক্রিয় মদদ দিয়েছিলেন আওয়ামী নেতা শেখ সেলিম, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী নেতা জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী নেতা মির্জা আজম প্রমুখ। এই জেনোসাইড বন্ধে সেনাবাহিনী কর্তৃক কোনো পদক্ষেপ গ্রহণ না করে যমুনায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসার কারণে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন-উ-আহমেদও এই হত্যাকা-ে জড়িত ছিলেন।
ফজলুর রহমান কমিশন সর্বসম্মতভাবে ঘোষণা করেছে যে, ভারত এই হত্যাকা-ে সরাসরি জড়িত। এ ব্যাপারে সে ৯২৭ জন ঘাতক পাঠিয়েছিলো। ৩৬০ পৃষ্ঠার এই রিপোর্টের ছত্রে ছত্রে শেখ হাসিনা, জেনারেল মঈন, হাসিনার সামিরক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকী এবং ভারতের জড়িত থাকার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য এবং ভারতের ওপর নির্ভরশীল থাকার জন্য হাসিনা এবং ভারত এই নারকীয় হত্যাকা- ঘটিয়েছে। ফজলুর রহমান কমিশনের রিপোর্ট মোতাবেক, বিডিআর ম্যাসাকারের বিচার এবং ভারতের কৈফিয়ত তলব করার আগে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের প্রশ্নই ওঠে না। ইতোমধ্যেই রাওয়া ক্লাবে প্রাক্তন সেনা অফিসারদের এক সমাবেশে কমিশনের রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তি এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার দাবি জানানো হয়েছে। আরো দাবি করা হয়েছে যে, ভারতের জড়িত থাকার ব্যাপারে কূটনৈতিক লেভেলে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সেটিও অবিলম্বে গ্রহণ করতে হবে।
এসব পদক্ষেপ গ্রহণের আগে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের প্রশ্ন ওঠা উচিত নয়। অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যেটি পরবর্তীতে নির্বাচিত সরকারকে বিপন্ন করতে পারে।
Email:journalist15@gmail.com
