জন্ম ও মৃত্যুনিবন্ধন- এই দুটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে নাগরিক পরিচয়, অধিকার ও মর্যাদার ভিত্তি। জন্ম সনদই একজন মানুষের আইনি অস্তিত্বের প্রথম দলিল। এটি ছাড়া স্কুলে ভর্তি, স্বাস্থ্যসেবা, ভোটাধিকার বা পেনশন- কিছুই নিশ্চিত করা সম্ভব নয়। আবার মৃত্যুনিবন্ধনও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি না থাকলে উত্তরাধিকার, সরকারি ভাতাসহ অনেক অধিকার সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। ফলে জন্ম ও মৃত্যুনিবন্ধন নাগরিক জীবনে অতি প্রয়োজনীয় একটি বিষয় হলেও এ নিয়ে বিড়ম্বনা এবং ভোগান্তি একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিদ্যমান আইনের দুর্বলতা এবং শিথিল বাস্তবায়নই ক্রমবর্ধমান দুর্ভোগের মূল কারণ। জন্ম এবং মৃত্যুনিবন্ধন সাধারণভাবে কাগুজে আনুষ্ঠানিকতা মনে হলেও, বাস্তবে এটি একটি মানুষের মৌলিক অধিকারের চাবিকাঠি। জন্ম সনদ না থাকলে একটি শিশু স্কুলে ভর্তি হতে পারে না। বয়স প্রমাণের অভাবে একটি মেয়ের বাল্যবিবাহ ঠেকানো কঠিন হয়ে যায়। স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষাসহ প্রায় ১৯টি গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হতে পারে একজন নাগরিক। মৃত্যু সনদও সমান গুরুত্বপূর্ণ। এটি পরিবারের ক্ষতিকে আইনগত স্বীকৃতি দেয়, অধিকার রক্ষা করে এবং রাষ্ট্রকে বলে দেয় কোন রোগে, কি কারণে মানুষ মারা যাচ্ছে, যার ওপর দাঁড়িয়ে গড়ে ওঠে জনস্বাস্থ্য নীতি।