মহাবিশ্বের অন্তহীন শূন্যতায় পৃথিবী নামক গ্রহে রয়েছে প্রাণের স্পন্দন। আর প্রাণ বাঁচিয়ে রাখার মূলে আছে এক পরম এক নিয়ামক; তার নাম বায়ুমণ্ডল। এটি কেবল কিছু গ্যাসের সমষ্টি নয়, এটি একটি সুশৃঙ্খল এবং স্তরবিন্যস্ত প্রতিরক্ষা ব্যবস্থা। যা পৃথিবীর পরিবেশকে সুন্দর রাখতে সহায়তা করে। কিন্তু বর্তমানের অতি-ভোগবাদী সভ্যতা আজ বায়ুমণ্ডলের প্রতিটি স্তরকে এমনভাবে ক্ষতবিক্ষত করছে যা আমাদের অস্তিত্বকেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।\r\nট্রপোস্ফিয়ার ভূ-পৃষ্ঠ থেকে ১৮ কিমি পর্যন্ত বিস্তৃত। যেখানে ধীরে ধীরে বিষ জমছে। এই স্তরটি আমাদের প্রাণের প্রধান আধার। এখানে মেঘ জমে, বৃষ্টি হয়, আমরা শ্বাস নেই। কিন্তু বর্তমানে আমরাই এই স্তরটিকে বানিয়েছি এক বিশাল ভাগাড়।
জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড এবং মিথেন ট্রপোস্ফিয়ারের স্বাভাবিক তাপমাত্রার হারকে ব্যাহত করছে। স্বাভাবিকভাবে প্রতি ১০০০ মিটার উচ্চতায় ৬.৪ সেলসিয়াস তাপমাত্রা কমার কথা। কিন্তু গ্রিনহাউস গ্যাসের চাদর আজ সেই প্রাকৃতিক নিয়মকে ভেঙে দিচ্ছে। ফলে ভূ-পৃষ্ঠের উত্তাপ ওপরে যেতে পারছে না। ফলশ্রুতিতে জলবায়ু হয়ে উঠছে চরমভাবাপন্ন। হিমালয়ের বরফ গলছে দ্রুতগতিতে, যার ফলে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। ফলে নোনা জল ঢুকে পড়ছে চাষের জমিতে। নষ্ট হচ্ছে জমির উর্বরতা শক্তি। তেমনি বাতাসও আজ আর জীবনের বার্তা বয়ে আনে না, বরং বয়ে আনে বিষাক্ত অ্যারোসল।\r\nস্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে থাকা ওজোন স্তরটি আমাদের জন্য এক অতিপ্রাকৃত ছাতা।
২০-৪০ কিমি উচ্চতায় থাকা এই ওজোন গ্যাস সূর্যের প্রচণ্ড অতি-বেগুনি রশ্মিকে শুষে নেয়। কিন্তু বিংশ শতাব্দী থেকে আমাদের ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন (ঈঋঈ) এই ছাতাটিকে ফুটো করে দিয়েছে। যার দরুণ এই ছিদ্র দিয়ে অতি-বেগুনি রশ্মি সরাসরি নিচে নেমে এসে আমাদের ডিএনএর গঠন বদলে দিচ্ছে। এটি মানুষের ত্বকের ক্যান্সার ঘটাচ্ছে, গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে পঙ্গু করে দিচ্ছে, ফসলের মারাত্মক ক্ষতি সাধন করছে। \r\nমেসোস্ফিয়ার পৃথিবীর জন্য এক অদম্য বর্ম। এটি মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কাগুলোকে ঘর্ষণের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আমাদের বাঁচায়। ট্রপোস্ফিয়ারের মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে মেসোস্ফিয়ার অস্বাভাবিকভাবে শীতল হয়ে উঠছে। বিজ্ঞানীরা এখানে নৈশদ্যুতি মেঘ বা নকটিলুসেন্ট ক্লাউডের আধিক্য দেখছেন।
এটি বায়ুমণ্ডলের ওপরের স্তরের রাসায়নিক পরিবর্তনের এক অশনিসংকেত। পৃথিবীর উচ্চতর এই ভারসাম্য নষ্ট হলে উল্কাপাতের ঝুঁকি বাড়বে এবং বায়ুমণ্ডলের প্রাকৃতিক ঘনত্বও বদলে যাবে। যা সুন্দর পৃথিবীর জন্য মারাত্মক হুমকি।\r\nইন্টারনেটের ব্যবহার ছাড়া আজ আমাদের বিভিন্ন কাজের কল্পনা করাই কঠিন। অথচ এই ইন্টারনেটের প্রাণভোমরা হলো থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার। এই স্তরের আয়নিত কণাগুলো বেতার তরঙ্গ প্রতিফলিত করে বলেই দূরবর্তী যোগাযোগ সম্ভব হয়। অথচ বর্তমানে ক্রমবর্ধমান রকেট উৎক্ষেপণ এবং কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ এখানকার তড়িৎ-চৌম্বকীয় পরিবেশে হস্তক্ষেপ করছে। যদি উচ্চ উচ্চতায় বায়ুর ঘনত্ব ও আয়ন বিন্যাস মানবসৃষ্ট কারণে বদলে যায়, তবে বিশ্বজুড়ে জিপিএস এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা মুহূর্তে অচল হয়ে পড়তে পারে।
সভ্যতা এক নিমিষেই আদিম যুগে ফিরে যাওয়ার উপক্রম হবে।\r\nপৃথিবীর চৌম্বকক্ষেত্র দ্বারা নিয়ন্ত্রিত ম্যাগনেটোস্ফিয়ার আমাদের সূর্য থেকে আসা চার্জযুক্ত কণার হাত থেকে রক্ষা করে। এটি ১০,০০০ কিমি দূর পর্যন্ত বিস্তৃত এক অদৃশ্য ঢাল। কিন্তু মহাকাশে মানুষের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং পারমাণবিক পরীক্ষার চিন্তা এই স্তরের ভ্যান অ্যালেন বিকিরণ বলয় -কে ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি এই ঢাল ছিদ্র হয়ে যায়, তবে সৌরবায়ু সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলকে ঝরিয়ে দেবে। যেমনটা কোটি কোটি বছর আগে মঙ্গলের ক্ষেত্রে ঘটেছিল। ম্যাগনেটোস্ফিয়ার দুর্বল হওয়া মানে হলো পৃথিবীর প্রাণসত্তাকে সরাসরি মহাজাগতিক আগুনের মুখে ঠেলে দেওয়া।\r\nবায়ুমণ্ডলের দূষণ কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়। এক দেশের চিমনি দিয়ে বের হওয়া ধোঁয়া অন্য দেশের আকাশকে বিষাক্ত করে। কারণ ধোঁয়াকে কখনো সীমারেখায় আটকে রাখা যায় না। আমরা যখন প্লাস্টিক পুড়িয়ে ডাইঅক্সিন তৈরি করি বা বনভূমি উজাড় করে কার্বন শোষণের পথ বন্ধ করি, তখন আমরা আসলে বায়ুমণ্ডলের প্রতিটি স্তরের ওপর যুদ্ধ ঘোষণা করি।\r\nপরিশেষে বলা যায়, আকাশ কোনো শূন্যস্থান নয়; এটি একটি জীবন্ত সত্তা। ট্রপোস্ফিয়ার থেকে ম্যাগনেটোস্ফিয়ার পর্যন্ত প্রতিটি স্তর একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমাদের উচিত অতিদ্রুত জীবাশ্ম জ্বালানি ত্যাগ করে পরিবেশবান্ধব শক্তির দিকে ফিরে যাওয়া। ওজোন স্তর মেরামতের জন্য আন্তর্জাতিক নীতিগুলো আরও কঠোরভাবে পালন করা প্রয়োজন। এই আকাশ আমাদের একার নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আমানত। সেই নীল আকাশকে ধূসর করে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। আর সচেতনতা কেবল বক্তব্য ভাষণে নয়, কাজে ও তার প্রতিফলন ঘটাতে হবে। নইলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা থেকে যাবে।
