পাবলিক পরীক্ষা ও পরীক্ষার ফল নিয়ে কিছু হলে এর মাশুল দিয়ে যেতে হয় লাখ লাখ পরীক্ষার্থী, শিক্ষার্থী, অভিভাবক তথা গোটা জাতিকে। বছরের পর বছর অনেকটা পৌনঃপুনিকভাবে জাতির অপরিমেয় অর্থ, মেধা ও সময়ের অপচয় ঘটে চলেছে। বিষয়টি নিয়ে সত্যিকার অর্থে কারও কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না।

স্বাধীনতা লাভের পর বিগত ৫৫ বছরে অনুষ্ঠিত এসএসসি-এইচএসসি ও এসবের সমমানের মতো একেকটি পাবলিক পরীক্ষায় পাসের হারে ব্যাপক ও অবিশ্বাস্য রকমের উত্থান-পতনের ঘটনা ঘটেছে। অতীতে যেমনই হোক, বিএনপির নেতৃত্বাধীন ‘জোট সরকার’ (২০০১-২০০৬) দায়িত্ব নিয়েই পাবলিক পরীক্ষার ওপর বিশেষ জোর দেয়। প্রথম পরীক্ষাতেই ব্যাপক কড়াকড়ি। ফল প্রকাশ হলে দেখা যায় ২০০২ সালের এসএসসি পরীক্ষায় সাতটি বোর্ডে অংশগ্রহণকারী ১০ লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে ছয় লাখই ফেল। পাসের হার গড়ে ৪০.৬৩। বোর্ডভিত্তিক পাসের হার– যশোর ৫০.৭২, ঢাকা ৪৩.৮০, সিলেট ৪১.৯৭, রাজশাহী ৩৯.৯৪, চট্টগ্রাম ৩৭.৮০, বরিশাল ৩৬.৩৯ এবং কুমিল্লা বোর্ডে ২৯.২৪। কারণ যা-ই থাক; এখানে যশোর বোর্ডের (৫০.৭২) বিপরীতে কুমিল্লা বোর্ডের (২৯.২৪) চিত্র আসলেই দুর্ভাগ্যজনক। আরও একটি লক্ষণীয় বিষয়, বিভাগভিত্তিক (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা) ফল। যশোর বোর্ডে পাসের হার বিজ্ঞানে ৭৪.৬৩, মানবিকে ৪০.৯৬ ও ব্যবসায় শিক্ষায় ৫৭.১০ শতাংশ। অন্যদিকে কুমিল্লা বোর্ডে পাসের হার বিজ্ঞানে ৩৬.৩৯, মানবিকে ২৯.৬৫ ও ব্যবসায় শিক্ষায় ২৯.৭৩ শতাংশ। গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশের দ্বিতীয় বছরে কে কে কিংবা কোন বোর্ডের কতজন জিপিএ ৫ পেল, তা এখানে গুরুত্বপূর্ণ নয়। প্রশ্ন হলো, বোর্ডভিত্তিক বা বিভাগভিত্তিক (মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান) এমন ফলকে বিপর্যয় ছাড়া আর কী বলা যায়? বিপর্যয় বলা গেলে এর জবাবই বা কী?

২০০২ সালেরই এইচএসসি পরীক্ষা। এ পরীক্ষার ফলকে বিপর্যয় না মহাবিপর্যয় বলব? গড়ে পাস ২৭.১৯ শতাংশ। সাতটি বোর্ডে মোট পরীক্ষার্থী ৫ লাখ ৮৫ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে অংশগ্রহণ করে ৫ লাখ ৩৮ হাজার ২৯৫ জন। পাস করে এক লাখ ৪৫ হাজার ৮১৮; ফেল তিন লাখ ৯২ হাজার ৪৭৭ জন। বোর্ডভিত্তিক পাসের হার– ঢাকা ৩৬.৫৭, চট্টগ্রাম ২২.৩৫, রাজশাহী ১৮.১৮, যশোর ৩৮.৮৫, কুমিল্লা ১৭.১৩, বরিশাল ২২.৫৮ এবং সিলেট বোর্ডে ২৮.৬৯ শতাংশ। সর্বোচ্চ যশোর বোর্ডের (৩৮.৮৫) তুলনায় কুমিল্লা বোর্ডে (১৭.১৩) পাসের হার অর্ধেকেরও কম; এমন পরিস্থিতি কি ভাবা যায়? নাকি এটা স্বাভাবিক কোনো বার্তা? ২০০২ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সংবাদে একটি জাতীয় দৈনিক উল্লেখ করে– ‘নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থায় পরীক্ষার্থীদের মধ্যে প্রায় এক লাখ বহিষ্কৃত হয় এবং পরীক্ষা চলাকালে আরও ৪০ হাজারের মতো পরীক্ষা বর্জন করে (সূত্র: দৈনিক যুগান্তর, ১৯ সেপ্টেম্বর ২০০২)।’

বিএনপির পর আওয়ামী লীগ আর আওয়ামী লীগের পর বিএনপি; মাঝে সময় সময় তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কথা বাদ দিলে বিগত ৩৫ বছর ধরে তা-ই তো আমরা দেখে আসছি। বক্ষ্যমাণ নিবন্ধে শতাব্দীর শুরুতে ‘ক্রান্তিকালীন’ দুটি সরকারের আমলে (২০০১-২০০২) অনুষ্ঠিত চারটি পরীক্ষার কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের শাসন-দুঃশাসনের ১৬ বছরসহ মোট ১৯ বছর পর বিএনপি নতুন করে সরকার গঠন করে। ২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল এখন পর্যন্ত প্রকাশ হয়নি। ২ জুলাই শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গঠিত সরকারের আমলে বড় পরিসরের দুটিই প্রথম পাবলিক পরীক্ষা। এ নিয়ে পরীক্ষার্থী-অভিভাবক, এমনকি শিক্ষকদের মনে উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি আশা-আকাঙ্ক্ষারও শেষ নেই।

বিমল সরকার: অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক