বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটেল ইনডেক্সের ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে একজন শিক্ষার্থী দশ বছর দুই মাস শিক্ষাজীবন শেষে অর্থাৎ একাদশ শ্রেণিতে যা শিখেছে, তা আন্তর্জাতিক মান অনুযায়ী ৬ বছরের (ষষ্ঠ শ্রেণীর) দক্ষতার সমান। অর্থাৎ, দশম-একাদশ শ্রেণির শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ষষ্ঠ শ্রেণির দক্ষতা অর্জন করতে পারেনি। এর আগের ২০১৭ সালের প্রতিবেদনে এই দক্ষতার স্তর ছিল ৬ বছর ৫ মাস বা সপ্তম শ্রেণির সমান। এ থেকে স্পষ্ট যে, বাংলাদেশে শিক্ষার মানের অবনমন ঘটেছে। অথচ দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হলো মাধ্যমিক শিক্ষা, যেখানে তরুণ প্রজন্মের ভিত্তি গড়ে ওঠে। বাস্তবে গত দশ বছর ধরে মাধ্যমিক শিক্ষার মানের ক্রমানুবতি ঘটেছে। জাতীয় উন্নয়নের জন্য যা রীতিমতো উদ্বেগজনক।
\r\nপ্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার পর মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। যেখানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা হয়েছে। মানের অবনতির প্রধান কারণ বিগত দশ বছরে শিক্ষাক্ষেত্রে নেওয়া উদ্যোগগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যে, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে কোন ইতিবাচক ভূমিকা রাখেনি। প্রধানত অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ শিক্ষার্থীদের শিখন- শেখানোর জন্য গুণমান উন্নয়নে কোন সহায়ক ছিল না। ছিল না কোন মনিটরিং। এছাড়াও করোনাকালের দীর্ঘ বিরতি, অটো পাস, সংক্ষিপ্ত সিলেবাস ইত্যাদি শিক্ষার মানের অবনমনে বড় ভ মিকা রেখেছে। \r\nদেশের বিপুল জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করার প্রধান হাতিয়ার মানসম্মত শিক্ষা।
দক্ষ মানব সম্পদের মাধ্যমে দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন সম্ভব। এজন্যই জনসংখ্যার সংখ্যাগত দিকের চেয়ে গুণগত দিকটি অধিক তাৎপর্যপূর্ণ। মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অন্যতম একটি অন্তরায় হলো শিক্ষকদের বিষয় জ্ঞানের দীনতা। শিক্ষকদের বুনিয়াদি ও বিষয় জ্ঞানে পারদর্শী করতে না পারলে মানসম্মত শিক্ষা কখনো সম্ভব নয়। এ জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। দায়বদ্ধতা ও জবাবদিহির দুর্বল ব্যবস্থার জন্য শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির যে প্রশিক্ষণ দেওয়া হয়, তার সুফল পাওয়া যাচ্ছে না। দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিক্ষিতের হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা একান্ত প্রয়োজন। শিক্ষানীতিতে মানসম্মত শিক্ষার জন্য করণীয় বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু বাস্তবায়নে নেই জোরালো পদক্ষেপ। ১৯৯৬ সালে সরকার মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি দেওয়া শুরু করে, যা পরবর্তীতে উচ্চশিক্ষা পর্যন্ত চালুর ফলে নারী শিক্ষায় কিছুটা অগ্রগতি হয়েছে। শিক্ষা মানব সম্পদ উন্নয়নের অপরিহার্য উপাদান হলেও শিক্ষা ক্ষেত্রে অর্থায়ন হতাশাব্যঞ্জক। বাস্তবে শিক্ষা খাতে প্রয়োজন অধিক বিনিয়োগ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে কম। শিক্ষার মানোন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো একান্ত প্রয়োজন। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৭ শতাংশ শিক্ষায় বরাদ্দ রাখা দরকার। সরকার এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেবে বলেই প্রত্যাশা।
