ষাটের দশকে (৩০ মার্চ, ১৯৬৭) মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস মুভমেন্ট নেতা মার্টিন লুথার কিং জুনিয়র এসসিএলসি (সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্স)-তে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, ‘দ্য ইভিলস অব ক্যাপিটালিজম আর এজ রিয়েল এজ দ্য ইভিলস অব মিলিটারিজম অ্যান্ড দ্য ইভিলস অব রেসিজম’-অর্থাৎ পুঁজিবাদের দানব সামরিকতন্ত্র ও বর্ণবাদের মতই ভয়াবহ বাস্তব। সাম্প্রতিক সময়ের প্রতিটি যুদ্ধ এবং পরাশক্তির সামরিক আগ্রাসন মূলত এই তিনটি বিষয়ের দ্বারা আবর্তিত হতে দেখা যাচ্ছে।
সর্বশেষ ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন, বোমা হামলা ও কমান্ডো অপারেশন করে সে দেশের প্রেসিডেন্ট মাদুরু ও তার স্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে যাওয়ার ঘটনা পর্যন্ত নানা নামে ও অজুহাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পশ্চিমা সামরিক আগ্রাসনের নেপথ্যে ইভিল ক্যাপিটালিজমের কালোহাত স্পষ্ট। পশ্চিমা সমাজতাত্ত্বিক ও ও দার্শনিকরা সভ্যতার সংঘাতের যে ধারণা উপস্থাপন করেছিলেন তার পেছনে ধর্মীয়-সাংস্কৃতিক ইতিহাস-ঐতিহ্যের এক জাত্যাভিমানি সংঘাতের যোগসাজশ থাকলেও এখনকার যুদ্ধ যুদ্ধ খেলার মূল প্রেরনাই হচ্ছে, অর্থনৈতিক আধিপত্য টিকিয়ে রাখার মধ্য দিয়ে সামরিক আধিপত্য বাঁচিয়ে রাখার প্রাণান্ত প্রয়াস।
সাবেক মার্কিন কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন, ‘কন্ট্রোল অয়েল অ্যা- ইউ কন্ট্রোল ন্যাশনস, কন্ট্রোল ফুড অ্যা- ইউ কন্ট্রোল দ্য পিপল’। একদিকে মার্টিন লুথার কিংয়ের মত প্রভাবশালী মানবাধিকার অ্যাক্টিভিস্ট, অন্যদিকে হেনরি কিসিঞ্জারের মত আধিপত্যবাদের ন্যারেটিভ সৃষ্টিকারী রাজনীতিক-কূটনীতিকদের পারস্পরিক বিপরীতমুখী সহাবস্থানের মধ্য দিয়ে আড়াইশ বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মুখোশে মার্কির পুঁজিতান্ত্রিক সামরিকতন্ত্র টিকে আছে। তবে শক্তির অন্যায্য প্রতিযোগিতা ও প্রয়োগের মধ্য দিয়ে কোনো সভ্যতা দীর্ঘদিন টিকে থাকতে পারেনা। এ ক্ষেত্রে মার্কিন সা¤্রাজ্যবাদ যেন তার প্রান্তসীমায় এসে দাঁড়িয়েছে। অবক্ষয় ও ভাঙ্গণ প্রথমে নিজ সমাজে ও পরিবারগুলোতে শুরু হয়।
অত:পর তা প্রতিবেশি সমাজ ও রাষ্ট্রের উপর ভর করে একটি বৃহত্তর আঞ্চলিক দ্বন্দ্ব সংঘাতের জন্ম দেয়। উৎপাদনশীল অর্থনীতি, প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি সামাজিক-রাজনৈতিক ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নিশ্চয়তা না থাকলে সমাজে নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার দ্বন্দ্ব ক্রনিক আকারে দেখা দেয়। তবে ¯œায়ুযুদ্ধোত্তর বিশ্বে পশ্চিমা সা¤্রাজ্যবাদের দ্বারা সৃষ্ট সংকট অনেকটাই কৃত্রিম ও আরোপিত। নতুন মিলিনিয়ামের শুরুতে নাইন-ইলেভেনের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর আগ্রাসন ও যুদ্ধ চাপিয়ে দেয়ার ঘটনাবলী মূলত সোভিয়েত সমাজতান্ত্রিক সা¤্রাজ্যবাদের পতনের পর এককেন্দ্রিক বিশ্বব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাসট্রিয়াল কমপ্লেক্সের বিশাল বিনিয়োগ অনেকটা হুমকির মুখে পড়ার প্রেক্ষাপটে অস্ত্র ব্যবসার নতুন ক্লায়েন্ট তৈরীর পাশাপাশি নিরাপত্তার জুজু দেখিয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তার জন্য তেলসম্পদ লুন্ঠনের ব্লুপ্রিন্ট। সন্ত্রাস বিরোধি যুদ্ধের নামে মধ্যপ্রাচ্যে দুই দশক ধরে পশ্চিমা সামরিক আগ্রাসন ও একের পর এক দেশ দখলের মধ্য দিয়ে এসব দেশের তেল সম্পদ লোপাটের সহজ রাস্তা খুলে গেলেও যুদ্ধের খরচের তুলনায় তা খুব বেশি লাভজনক ছিল না। তবে অস্ত্র কারবারি ও ওয়ার কন্ট্রাক্টরদের রমরমা মুনাফার সুযোগ এনে দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের জনগনের ট্যাক্স ও সম্পদে ভাগ বসিয়ে এই মুনাফা বাণিজ্য টিকে আছে।
মার্কিন সেনা, নৌ ও বিমান বাহিনী ৬ মাস ধরে বিরামহীন প্রস্তুতি ও অব্যাহত যুদ্ধের হুমকির পর ৩ জানুয়ারি ২০টি বিমানঘাটি থেকে শতাধিক যুদ্ধবিমান দিয়ে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদও নিরাপত্তা চৌকিগুলোতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যায় মার্কিন সামরিক বাহিনী।ধরে নিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ এনে বিচারের আয়োজন শুরু করেছে মার্কিন বিশেষ আদালত। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে বিশ্বের নানা প্রান্তে যখন তোলপাড় আলোচনা-সমালোচনা, নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে; তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন করে বলেছেন, এখন থেকে তারাই ভেনিজুয়েলা শাসন করবে।
মূলত ভেনিজুয়েলার বিপুল তেলসম্পদ লুন্ঠনের উদ্দেশ্যেই মার্কিনীদের এই আগ্রাসন ও দখলদারিত্বের মূল লক্ষ্য বলে মনে করার সুস্পষ্ট ভাব-লক্ষণ প্রকাশ পাচ্ছে। স্বাধীন-সার্বভৌম ভেনিজুয়েলায় বিতর্কিত আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্লজ্জভাবে বলেছেন, ‘উই উইল রান ভেনিজুয়েলা’ এবং ‘ইউ উইল টেক ইট্স অয়েল’। উল্লেখ্য, ভেনিজুয়েলায় বিশ্বের সর্বোচ্চ পরিমান তেলসম্পদের মজুদ রয়েছে। সেখানকার তেলক্ষেত্রগুলোতে মার্কিন তেলকোম্পানিগুলোর বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাবনার কথা বলে তিনি আসলে ভেনিজুয়েলার তেল সমস্পদের উপর মার্কিনীদের স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছেন।
কোনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা যেমন সে দেশের অমূল্য জাতীয় সম্পদ, এগুলো রক্ষায় যথাযথ সামরিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একইভাবে স্থল ও সমুদ্র সীমান্ত, তেল-গ্যাস, খনিজ, কৃষিসহ প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রয়োজনেও যথাযথ সামরিক-রাজনৈতিক ও কূটনৈতিক প্রস্তুতি ও সক্ষমতা নিশ্চিত করা জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সামরিক-অর্থনৈতিক পরাশক্তি যদি ইরাক, সিরিয়া, আফগানিস্তানের পর ভেনিজুয়েলার মত দেশের সম্পদ লুন্ঠনে তার সামরিক শক্তি ব্যবহার করে, তা বিশ্বব্যবস্থার অকার্যকারিতা ও মাৎস্যন্যায় বা ‘মাইট ইজ রাইট নীতির’ বহি:প্রকাশ ঘটায়। যদিও গত তিন দশকে বিশ্বের কোথাও মার্কিন সামরিক আগ্রাসন তাদের সামরিক-রাজনৈতিক বিজয় বা সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে পারেনি।
যে সব দেশে তারা সামরিক আগ্রাসন ও দখলদারিত্ব চালিয়েছে, সেখানেই চরম মার্কিন বিদ্বেষী জাতীয়তাবাদী শক্তির অভ্যুত্থান ঘটেছে। ইরাক, আফগানিস্তান তার বাস্তব প্রমান। সামরিক আগ্রাসন চালিয়ে জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশে দেশে হাজার হাজার মানুষের মৃত্যু ও হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য বহনকারি জনপদ ধ্বংসের একেকটি ন্যাক্কারজনক গণহত্যার দৃষ্টান্ত সৃষ্টি করেছে মার্কিনীরা। গত কয়েক শতাব্দীতে পশ্চিমা সভ্যতা ও জ্ঞান-বিজ্ঞান নতুন নতুন প্রযুক্তি ও ভোগের সম্ভার এবং ব্যাপক বিদ্ধংসী মারনাস্ত্র নির্ভর অর্থনীতির উপর নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করেছে। এর মানে হচ্ছে, অপেক্ষাকৃত সুপিরিয়র প্রযুক্তি ও সুপিরিয়র সামরিক-অর্থনৈতিক শক্তির হাতেই তার পরাজয় ও সমাপ্তি নিহিত রয়েছে। ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে মার্কিন আদালতে বিচারের সম্মুখীন করার মত ঘটনায় মার্কিন বিরোধি পরাশক্তি রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরান তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছে। পাল্টা হুমকি ও উত্তেজনার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। এই ঘটনা বিশ্বকে একটি নতুন বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
গত তিন দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ঔদ্ধত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে দেশে দেশে সার্বভৌমত্বের মর্যাদা লঙ্ঘনের এমন অনেকগুলো ঘটনা ঘটেছে, যেখানে পশ্চিমা দেশগুলো, জাতিসংঘ এবং অপরাপর পরাশক্তি রাষ্ট্রগুলো শুধু ব্লেইম করেই নিরব দশর্কের ভূমিকা পালন করেছে। কারাকাসে হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করতে গিয়ে অন্তত অর্ধশত ভেনিজুয়েলান নিরাপত্তা রক্ষিসহ সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরো অনেক বেশি। গত বছর জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একের পর এক বেপরোয়া নির্লজ্জ পদক্ষেপ ও পরিকল্পনার কথা জানান দিয়েছেন। উল্লেখ্য, হামাস-ইসরাইল যুদ্ধের বীজ ট্রাম্প তার আগের মেয়াদে বপন করে গিয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বসম্প্রদায়ের ইসরাইল-ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রকেন্দ্রিক সমাধানের প্রতিশ্রুতি থেকে বেরিয়ে গিয়ে তিনি অন্ধভাবে ইসরাইলের সম্প্রসারণবাদী নীতিকে সমর্থন করেই ক্ষান্ত হননি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনিই প্রথম জেরুজালেমকে ইসরাইলের অংশ বলে স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরের মধ্য দিয়ে ইসরাইলের দখলবাজি ও গ্রেটার ইসরাইল গঠনের পরিকল্পনাকে সমর্থন দিয়ে ফিলিস্তিনিদের উচ্ছেদ, ভূমি দখল ও হামাসের নতুন প্রতিরোধ যুদ্ধের সূচনাকে অনিবার্য করে তুলেছিলেন।
নিজেকে একজন জায়নিস্ট হিসেবে স্বীকার করে ৪৬তম প্রেসিডেন্ট জো-বাইডেন হামাস-ইসরাইল যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরাইলের প্রধান সামরিক-অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিরক্ষক হিসেবে ঘোষণা দিয়েছিলেন। সেই যুদ্ধে ইরানকে টেনে এনে বৃহত্তর একটি আঞ্চলিক যুদ্ধের সুত্রপাত ঘটিয়ে ইসরাইলের সমুহ বিপদ ও ধ্বংসযাত্রা নিশ্চিত হওয়ার প্রেক্ষাপটে পুনরায় ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প ইরান ও হামাস-ইসরাইল যুদ্ধবিরতিতে মধ্যস্থতার ভান করে ক্রেডিট নিয়ে শান্তিতে নোবেল পুরষ্কারের দাবি তুলেছিলেন। সেই সাথে গাজা থেকে হামাসকে হটিয়ে সেখানেদারিত্ব কায়েম ও পুনগর্ঠিত গাজায় মার্কিন মালিকানা প্রতিষ্ঠারও ঘোষণা দিয়েছিলেন। এর পেছনেও আছে গাজা উপকূলে অনুমিত বিশাল জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ লুন্ঠনের ব্লু-প্রিন্ট। একই ধরণের দখলদারিত্বের ব্লু-প্রিন্ট সামনে রেখেই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে কারাকাসে দখলদারিত্ব কায়েম করে কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল পাচারের প্রকাশ্য ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়ার অন টেররিজমের সময় মিথ্যা অজুহাতে ইরাক দখল করে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ধরে বিচারের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছিল, ইরাকের তেলসম্পদ লুন্ঠন এবং পরবর্তী টার্গেট হিসেবে ইরানকে ঘিরে ফেলার জন্য। সে সব দখলদারিত্বের ঘটনা ও ন্যারেটিভ সমকালীন সভ্যতা ও বিশ্বব্যবস্থার উপর কলঙ্কজনক অধ্যায় যুক্ত করেছে।
প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে মাদক পাচারের দায়ে অভিযুক্ত করে বিচারের সম্মুখীন করার ঘটনা বিশ্ব বিবেক স্তম্ভিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা এ ধরণের ঘটনা এটিই নতুন নয়। ল্যাটিন আমেরিকার দেশ পানামার প্রেসিডেন্ট জেনারেল ম্যানুয়েল নোরিয়েগাকে মার্কিন সামরিক বাহিনী প্রায় একই কায়দায় অভিযান চালিয়ে ধরে নিয়ে মাদকের অভিযোগে অভিযুক্ত করে বিচারের সম্মুখীন করা হয়েছিল। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মত জেনারেল নোরিয়েগাও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত ছিল। পরাশক্তির সাথে ব্যক্তি পর্যায়ের কৌশলগত ও স্বার্থের মৈত্রী দ্বিপাক্ষিক আন্তরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে তেমন কাজে আসে না। এটা বার বার প্রমানিত হয়েছে।
ইউরোপ-আমেরিকার সরাসরি প্ররোচনার কারণে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ডনবাস অঞ্চল দখল করে নেয়ার পর এখন তারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কিকে পরিত্যাগ করতে চলেছে। কিন্তু ষাটের দশকের শুরুতে কিউবার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনার সময় মিসাইল প্রোগ্রামসহ কিউবার পক্ষে সোভিয়েত ইউনিয়নের শক্ত অবস্থান ক্ষুদ্র রাষ্ট্র কিউবার নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব নিশ্চিত করেছিল। ফিদেল ক্যাস্ত্রোর মত সাহসী-বিপ্লবী নেতৃত্বের প্রতি কিউবানদের দঢ় আস্থা ও জাতীয় ঐক্যের কারণে সেটি সম্ভব হয়েছিল। নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় চীন-রাশিয়ার মত পরাশক্তিগুলো আগের মত নিরব দর্শকের ভ’মিকায় থাকলে এমন ঘটনা আরো ঘটতে থাকবে।
অন্যদিকে বছরের পর বছর ধরে ফিলিস্তিনে গণহত্যা ও আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে অভিযুক্ত হওয়ার পরও ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতার করে জবাবদিহিতা নিশ্চত করার কোনো উদ্যোগ নেই। এর মধ্য দিয়ে চলমান বিশ্বব্যবস্থা ও মানব সভ্যতার এক গভীর সংকট আবারো ধরা পড়েছে। এই সংকট হঠাৎ করেই দেখা দেয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সভ্যতার এই সংকট আঁচ করে ১৯৪১ সালে রবীন্দ্রনাথ তাঁর ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ‘ সভ্যতার সংকট’ শিরোনামে এক অভিভাষণ লিখেছিলেন। সেখানে তিনি পশ্চিমা পুঁজিবাদের প্রতিক্রিয়া, ভারতবর্ষের উপর দুইশ বছরের দখলদারিত্ব, সম্পদ লুন্ঠন ও দু:শাসনের কথা তুলে ধরেছিলেন। জীবনের একেবারে শেষ প্রান্তে এসে, মৃত্যুর মাত্র কয়েকমাস আগে রবীন্দ্রনাথের এমন উপলব্ধি ঘটেছিল। অথচ এ দেশের মুসলমান ঘরের একজন অশিক্ষিত কিশোরও ইংরেজের দু:শাসনের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার ছিলেন। মার্টিন লুথার কিং পুঁজিবাদ, সামরিকতন্ত্র ও বর্ণবাদকে বিশ্বের জন্য অভিশাপ হিসেবে বর্ণনা করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিজেপির নেতৃত্বাধীন ভারতবর্ষ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি জাতিবিদ্বেষ, বর্ণবাদ ও সামরিকতন্ত্রের দ্বারা আচ্ছন্ন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিবেশি ও নাগরিকরা ফ্যাসিবাদের মত একদেশদর্শী ও বর্ণবাদী শাসকদের দ্বারা কলঙ্কিত ও নিরাপত্তাহীন হয়ে পড়েছে। দেশের মানুষের মধ্যে মানবিক-গণতান্ত্রিক মূল্যবোধ ও আঞ্চলিক-আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া উন্মাদ শাসকদের শায়েস্তা ও প্রতিরোধের কোনো পথ নেই।
bari_zamal@yahoo.com
