অশালীন বয়ান উপমহাদেশীয় রাজনৈতিক অপসংস্কৃতির অন্যতম নেতিবাচক দিক। আর যদি হয় সামনেই নির্বাচন তাহলে তো কথাই নেই! প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাড়ি-নক্ষত্র উগড়ে ফেলার উপক্রম হয়। রাজনৈতিক দলগুলোর অতীত নিয়ে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, অসহিষ্ণু আচরণ এবং সহিংসতার প্রবণতা ক্রমেই সীমা অতিক্রম করছে, যা নির্বাচনী মাঠের স্বতঃস্ফূর্ত আয়োজনকে বিষাদে পরিণত করতে পারে যে কোনো সময়। ফলে নাগরিক সমাজ যথেষ্ট উদ্বেগজনক অবস্থায় দিন কাটাচ্ছে। নির্বাচন কমিশনের তথাকথিত ‘নমনীয়তা’ যেন দলগুলোকে করছে লাগামহীন! নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।

তার দায়িত্ব নিরপেক্ষভাবে আইন প্রয়োগ, কারও প্রতি অনুকম্পা বা চাপের কাছে নতি স্বীকার না করা। দেশ স্বাধীনের পর থেকেই এই ভূখ-ে উন্নত রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি, যা চব্বিশের জুলাই-আগস্টের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে ছিল প্রত্যাশিত। রাজনৈতিক সংস্কৃতি কোনো দিনও নৈতিক মানদ-ে উত্তীর্ণ হবে না, যদি না রাজনীতিবিদরা চান। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি রাষ্ট্রের নৈতিক ভিত্তি, আইনের শাসন ও নাগরিক আস্থার পরীক্ষাও বটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেসব ঘটনা ও অভিযোগ সামনে আসছে, তাতে এই মৌলিক প্রক্রিয়াটিই ক্রমশ প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে জনমানসপটে। আসন্ন নির্বাচনে ঋণখেলাপি কিংবা দ্বৈতনাগরিকত্ব-সংক্রান্ত অভিযোগ থাকা সত্ত্বেও প্রার্থীদের মনোনয়ন বৈধ করার অভিযোগ রয়েছে। যা প্রমাণ করে যে, কমিশন তার সাংবিধানিক অবস্থান যেন ভুলে যাচ্ছে। কোনো প্রার্থীর ক্ষেত্রে ‘ব্যাংকের টাকা পরে দিয়ে দেবেন’Ñ এমন মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, এটি আইনের শাসনের প্রতি সরাসরি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন।

আইন সবার জন্য সমান না হলে নির্বাচন কখনই গ্রহণযোগ্য হতে পারে না। নির্বাচনে সহনশীল আচরণ বলতে শুধু প্রার্থীদের ভদ্রতা বোঝায় না; এর সঙ্গে জড়িয়ে আছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আচরণও। নির্বাচন কমিশন যদি প্রভাবশালী প্রার্থী বা রাজনৈতিক দলের চাপের কাছে নতি স্বীকার করে, তাহলে সেটি অসহিষ্ণুতারই আরেক রূপ, যেখানে দুর্বলের জন্য আইন আর পেশিশক্তিধরের জন্য সর্ববিধ সুবিধা একসঙ্গে কাজ করে। এই প্রবণতা অব্যাহত থাকলে নির্বাচন হবে কেবল আনুষ্ঠানিকতা, গণতন্ত্র হয়ে উঠবে মেকি খোলস। রাজনৈতিক দলগুলোর আচরণও কম উদ্বেগজনক নয়। যে কোনোভাবে জয়লাভের আকাক্সক্ষা রাজনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠেছে। দল বদল, ত্যাগী নেতাদের উপেক্ষা, তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগÑ সবকিছু মিলিয়ে রাজনীতি ক্রমেই নীতি-নৈতিকতা হারাচ্ছে। সহনশীল রাজনীতির অর্থ ভিন্নমতকে স্বীকৃতি দেওয়া, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। বাস্তবে দেখা যাচ্ছে, সহনশীলতার জায়গা দখল করছে ক্ষমতার দম্ভ ও পেশিশক্তির প্রদর্শনসহ অস্ত্রের ঝনঝনানি।

এবারের নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার চালানোর আশঙ্কাও যোগ করেছে নতুন মাত্রা। ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। নারী প্রার্থীদের ক্ষেত্রেও সহনশীলতা ও অন্তর্ভুক্তির অভাব স্পষ্ট। জুলাই জাতীয় সনদে ৫ শতাংশ নারী মনোনয়নের অঙ্গীকার থাকলেও বাস্তবে তা মানা হয়নি। এটি শুধু একটি প্রতিশ্রুতি ভঙ্গ নয়, এটি রাজনীতিতে নারীর অংশগ্রহণকে ইচ্ছাকৃতভাবে সংকুচিত করার শামিল।