স্বাধীনতার ৫৪ বছরেও মহান মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের সঠিক মূল্যায়ন হয়নি। মেজর জলিলই একমাত্র সেক্টর কমান্ডার যাকে অদ্যাবধি মুক্তিযুদ্ধে অসামান্য অবাদের জন্য কোনো রাষ্ট্রীয় খেতাব বা পদক দেয়া হয়নি। তিনিই স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি। এনিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশিশ্চমাঞ্চলের প্রতিটি মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের মাঝে অনেক আফসোস ও ক্ষোভ থাকলেও তার কি ‘অপরাধ’ ছিল তা পরিষ্কার করেনি ৫৪ বছরের কোনো সরকারই।
সাধারণ মানুষের অভিযোগ, ১৭ ডিসেম্বর খুলনা মুক্ত হবার পরে ভারতীয় সেনাবাহিনী ও তার এ দেশীয় দোসর, এক শ্রেণির লুটেরা খুলনা শহরসহ যশোর শিল্পঞ্চলের পাটকল এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মেশিনারী লুটে নেয়ার প্রতিবাদ করাই ছিল মেজর জলিলের অপরাধ।
১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমি থেকে দু’ বছরের কঠোর প্রশিক্ষণ শেষে কমিশন লাভ করেছিলেন বরিশালের উজিরপুরের ছেলে এম এ জলিল। এরপরে পাকিস্তানেরর বিভিন্ন সেননিবাসে কর্মরত থাকার পরে মেজর পদে পদোন্নতি লাভ করেন এম এ জলিল। মায়ের অসুস্থতার খবরে ১৯৭১’র ১৪ ফেব্রুয়ারি দু’ মাসের ছুটি নিয়ে চলে আসেন উজিরপুরে।
কিন্তু ইতোমধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। কোনো কিছুই স্বস্তি দিতে পারছিল না মেজর জলিলকে। ২০ মার্চ তাকে অবিলম্বে কর্মস্থলে যোগদেয়ার জন্য বিশেষ জরুরি টেলিগ্রাম আসে। কিন্তু তিনি প্রথমবারের মতো সামরিক কমান্ড অস্বীকার করেন। বরিশাল থেকেই গোটা দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণসহ পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়। তার নেতেৃত্বেই ১৯৭১ সালের ৭ এপ্রিল খুলনার গল্লামারীতে তৎকালীন রেডিও পাকিস্তানের খুলনা কেন্দ্রে হামলা চালিয়ে কয়েকজন পাক সেনাকে হত্যা এবং তাদের অস্ত্রসস্ত্র লুট করে মুক্তিবাহিনী। সেখান থেকে তিনি সুন্দরবন হয়ে ভারতে যান অস্ত্র সংগ্রহে। ভারত থেকে ফেরার পথে সুন্দরবনে পাকবাহিনীর গান বোটের গোলার আঘাতে তার মোটর লঞ্চ সম্পূর্ণ ভস্মিভূত হয়। প্রাণপণ লড়াই করে সেখান থেকে কোনমতে ভারতে ফেরত যান। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর সাথে সাক্ষাৎ করেন। ইতোমধ্যে নুরুল ইসলাম মঞ্জুর সপরিবারে ভারতে পৌঁছে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে শুরু করেন। মেজর জলিলকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২টি জেলা নিয়ে গঠিত ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়।
সেই থেকে প্রাণপণ লড়াই করে ১৪ ডিসেম্বর সাতক্ষীরা প্রবেশ করে ১৫ ডিসেম্বর খুলনায় পৌঁছলেও পাকবাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। ১৯৭১’র ১৭ ডিসম্বের খুলনায় পাকসেনারা আত্মসমর্পণের পরে ২০ ডিসেম্বর রাতে খুলনা থেকে বিআইডব্লিউটিএ’র একটি জাহাজযোগে রওয়ানা হয়ে পরদিন বরিশালে পৌঁছান মেজর জলিল। বীরের বেশে মেজর জলিল তার প্রিয় বরিশালে ফিরে এলে বিপুল সংবর্ধনা দেয়া হয়। ২১ ডিসেম্বর বরিশাল মহানগরীর ঐতিহাসিক হেমায়েত উদ্দিন খেলার মাঠে এক বিশাল জনসভায়ও ভাষণ দেন মেজর জলিল। সেদিনের ঐ জনসভায় বরিশাল সর্বস্তরের মানুষ উল্লাসে ফেটে পড়েন তাদের প্রিয় যোদ্ধাকে কাছে পেয়ে।
বরিশালে পৌঁছার আগেই খুলনা-যশোরে মিত্র বাহিনীর নির্বিচারে লুটপাটের প্রতিবাদ করেন তিনি। মেজর জলিল মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত ছুটে যান খুলনা-যশোরে। ভারতীয় বাহিনীর লুটপাট বন্ধে সব শিল্প কবারখানা থেকে শুরু করে খুলনা-যশোর হয়ে বেনাপোল সড়ক অবরোধ করে খুলে নেয়া মেশিনারী বোঝাই গাড়ির বহর আটকে দেন। এমনকি তখন খুলনা নিউজপ্রিন্ট মিলের গেস্টহাউজে অবস্থানরত ভারতীয় বাহিনীর অধিনায়ক মেজর জেনারেল দানবীর সিং’কে তিনি কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘লুটেরাদের দেখামাত্র গুলির হুকুম দিয়েছি আমি। ভারতীয় সেনাবাহিনীকে লুটতরাজ করা হতে বিরত রাখুন’।
এমনকি পরিকল্পিত এ লুটপাট বন্ধে ‘খুলনার বিভিন্ন জায়গায় এবং যশোর ও সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় লুটেরা বাহিনীর সাথে বেশ কিছু বদানুবাদ ও সংঘর্ষের কথাও উল্লেখ করেছেন মেজর জলিল তার ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ বইয়ে। এমনকি ২০ ডিসম্বরের পরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জনসভায়ও মেজর জলিল ভারতীয় বাহিনীর লুটপাট সম্পর্কে জনগণকে সচেতন থাকার আহবান জানান। মেজর জলিল তার লেখা বইটিতে উল্লেখ করেছেন, ‘ভারতীয় সেনা বাহিনী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, অবিলম্বে মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করবে এবং সকল অস্ত্র জমা করে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হবে’।
কিন্তু তিনি ভারতীয় বাহিনীর এ ষড়যন্ত্রের বিরুদ্ধেও সবাইকে সোচ্চার করেছিলেন। সেদিন তিনি শেখ মুজিবের হাতেই কেবল মুক্তিযোদ্ধারা তাদের অস্ত্র সমর্পণ করবে বলেও ঘোষণা দেন। এমনকি ভারতীয় বাহিনীর এ পরিকল্পিত ও ন্যাক্কারজনক লুটপাটের বিষয়টি সেদিন মেজর জলিল তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, ভারতের পূর্বাঞ্চলীয় সর্বাধিনায়ক লেফ্টেনেন্ট জেনারেল জগজিৎ সিং অরোরাকে জানিয়ে জরুরি চিঠিও দিয়েছিলেন।
কিন্তু ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ভারত-বাংলাদেশের যৌথবাহিনী অ্যামবুশ করে মুক্তিযুদ্ধের এই সেনা নায়ককে আটক করে। প্রথমে তাকে যশোর সেনানিবাসে পাকবাহিনীর পরিত্যক্ত একটি টর্চার সেলের অন্ধকার প্রকষ্ঠে আটক রাখা হয়। পৌষের হীমশীতল ঠান্ডায় সারারাত ঘুটঘুটে অন্ধকারে অমানবিক এবং নিমর্ম শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে তিনি রাত কাটাতে বাধ্য হন ।
মেজর জলিলের গ্রেপ্তারের পর বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। এমনকি ’৭২-এর মার্চে বরিশাল টাউন হলে এক জনসভায় মজলুম জননেতা মাওলানা ভাসানীও মেজর জলিলের গ্রেপ্তারকে ‘সম্পূর্ণ অগণতান্ত্রিক’ বলে আখ্যা দিয়েছিলেন। তার মুক্তির দাবি সম্বলিত পোস্টারে পোস্টারে ছেয়ে যায় সমগ্র দক্ষিণাঞ্চল, যার একটি পোস্টারের ভাষা ছিল এরকম, ‘হায়নার হিং¯্র ছোবল থেকে মেজর জলিলকে ছিনিয়ে আনবই’।
গ্রেপ্তারের কিছুদিন পরে মেজর জলিলকে ঢাকায় নিয়ে সোহরাওয়ার্দি উদ্যানের পাশে একটি অস্থায়ী সেনা ছাউনিতে আটক রাখা হয়। সেখানে সামরিক আদালতে বিচারে মুক্তিযুদ্ধের এ বীর সেনানী নির্দোষ প্রমাণিত হলে ১৯৭২’র ৭ জুলাই মুক্তি লাভ করলেও তিনি আর সামরিক ছাউনিতে ফেরত যাননি। ঐ বছরই ৩১ অক্টোবর মেজর জলিল আ স ম রব ও শাহজাহান সিরাজসহ জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ গঠন করেন। তিনি ছিলেন ঐ দলের প্রতিষ্ঠাতা সভাপতি।
১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে মেজর জলিল বরিশালে তার নিজ উপজেলা উজিরপুর থেকে নির্বাচন করে বিজয়ী হলেও রাতের আঁধারে সে ফল পাল্টে দিয়ে ভোটের পরদিন আওয়ামী লীগ প্রার্থী হরনাথ বাইন’কে বিজয়ী ঘোষণা করা হয়।
এরপর থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে জাসদের নেতৃত্বে থাকলেও তাকে পরবর্তী জীবনের বেশিরভাগ সময়ই কারান্তরালে থাকতে হয়। ১৯৭৪’র ১৭ মার্চ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচিতে পুলিশের গুলিতে বেশ কয়েকজন জাসদ কর্মী নিহত হয়। মেজর জলিল নিজেও আহত হন। সে সময় তাকে গ্রেপ্তার করা হয়। ’৭৫’র ১৫ আগস্টের পট পরিবর্তনের পরে ৮ নভেম্বর তিনি মুক্তি লাভ করেন। ২৩ নভেম্বর পুনরায় তাকে গ্রেপ্তার করা হয়। এমনকি সামরিক ট্রাইবুনালে কর্নেল তাহেরের সাথে মেজর জলিলেরও ফাঁসির হুকুম হয়। তবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে যাবজ্জীবন কারাদ-াশে দেয়া হয়। সাড়ে ৪ বছর কারাভোগের পরে ১৯৮০ সালের ২৬ মার্চ তিনি মুক্তিলাভ করেন।
১৯৮৪ সালের ৩ নভেম্বর মেজর জলিল জাসদ থেকে পদত্যাগ করে ১৬ দিন পরে ‘জাতীয় মুক্তি আন্দোলন’ নামে একটি দল গঠন করেন। তিনি মাওলানা হাফেজ্জী হুজুরের নেতৃত্বে সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠনেও সক্রিয় ভূমিকা রাখেন। কিন্তু ১৯৮৫ সালে তাকে একমাস গৃহবন্দি করা হয়। এমনকি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় ১৯৮৭ সালের ৩০ ডিসম্বর থেকে ’৮৮ সালের মার্চ পর্যন্ত পুনরায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখে সরকার।
মেজর জলিল বেশ কয়েকটি আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে যোগ দিতে একাধিকবার পাকিস্তান, লিবিয়া, লেবানন, ইরান ও বৃটন সফর করেন। ১৯৮৮ সালের ১১ নভেম্বর মেজর জলিল পাকিস্তানের ইসলামাবাদ যান। সেখানে ১৬ নভেম্বর হৃদরোগ আক্রান্ত হলে তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ১৯ নভেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন। ২২ নভেম্বর মুক্তিযুদ্ধের এ বীর সেনানীর লাশ ঢাকা আনার পর পূর্ণ সামরিক মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
লেখক: বরিশাল ব্যুরো চিফ, দৈনিক ইনকিলাব।
