মেগাসিটি ঢাকায় যানজটমুক্ত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর মেট্রোরেল এক সময় নগরবাসীর স্বপ্নের বাহন ছিল। কিন্তু আজ তা পরিণত হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা ও হতাশার প্রতীকে। প্রায়ই কারিগরি ত্রুটি-বিচ্যুতি, বৈদ্যুতিক গোলযোগ ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যাচ্ছে প্রায়ই। সর্বশেষ, পল্লবী ও মিরপুর ১১-এর মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর ডিশের কেবল পড়ায় মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অব্যবস্থাপনার করুণ চিত্র। মেট্রোরেলে আরও বহুবিধ সমস্যা রয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, মেট্রোরেলের সংকেত ও টেলিযোগাযোগ কাজে ১০ ধরনের ত্রুটি ও ঘাটতি পেয়েছে কর্তৃপক্ষ। বৈদ্যুতিক কাজের মধ্যে ত্রুটি ও ঘাটতির সংখ্যা ১৬ ধরনের। উড়ালপথ ও অবকাঠামো নির্মাণসংক্রান্ত পুরকৌশল কাজে পাওয়া গেছে ১০ ধরনের ত্রুটি ও ঘাটতি। আর মেট্রোরেলের ট্রেন এবং এর সঙ্গে যুক্ত ব্যবস্থায় মোট ত্রুটি ও ঘাটতি পাওয়া গেছে ৯ ধরনের। মোট ৬৩ পৃষ্ঠার প্রতিবেদনে ৪৫ ধরনের ত্রুটি ও ঘাটতির তালিকা পাওয়া যায়। মেট্রোরেল প্রকল্প নেওয়া হয় ২০১২ সালে। তখন ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। সর্বশেষ ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। মেগা প্রকল্পে এমন দুর্বল মান নিয়ন্ত্রণ কোনোভাবেই কাম্য নয়। অধিক উদ্বেগজনক বিষয় হলো নিরাপত্তাহীনতা। গত ২৬ অক্টোবর ফার্মগেটে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়; এটি দেখিয়ে দেয় যে, প্রকল্পের মূল কাঠামোতেও গুরুতর ত্রুটি রয়েছে। এর আগে একই স্থানে একই ধরনের ঘটনা ঘটেছিল।
অথচ ডিএমটিসিএল আগে থেকেই ২৭৪টির মতো বিয়ারিং প্যাডে ৫ শতাংশ বিচ্যুতির কথা জানত। এটি অবহেলা নয়, বরং দায় এড়ানোর স্থুলকৌশল। মেট্রোরেল কেবল আধুনিক অবকাঠামো নির্ভর একটি গণপরিবহন নয়, এটি রাজধানীবাসীর দৈনন্দিন নাগরিক জীবনের অন্যতম অনুসঙ্গ। এর প্রতিটি ত্রুটি-বিচ্যুতি জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে, নষ্ট করে মানুষের কর্মঘণ্টা। সময় এসেছে ‘উদ্বোধন-নির্ভর’ সস্তা রাজনৈতিক প্রকল্পের অপসংস্কৃতি থেকে বের হয়ে আসার। মেট্রোরেলের নির্মাণ ব্যয় আশপাশের দেশের চেয়ে পাঁচ গুণ বেশি। ফলে ত্রুটিপূর্ণ স্থাপনা আমরা কেন মেনে নেব? জাতীয় স্বার্থে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। এখন সময় এসেছে জবাবদিহি নিশ্চিত করার। সরকারের উচিত একটি স্বাধীন প্রযুক্তি-নিরীক্ষা কমিটি গঠন করে পুরো প্রকল্প পুনর্মূল্যায়ন। রক্ষণাবেক্ষণ ব্যয় ও নিরাপত্তা ব্যবস্থার জন্য জরুরি সংস্কার পরিকল্পনা নেওয়া প্রয়োজন। রাষ্ট্রের নীতিনির্ধারকদের ‘গুণমান ও নিরাপত্তা-নির্ভর’ উন্নয়ন সংস্কৃতির দিকে অগ্রসর হতে হবে। নয়তো মেট্রোরেল হয়ে উঠবে রাষ্ট্রের কাছে ব্যয়ের বোঝা। আমরা মেট্রোরেলকে বোঝা নয়, নগরবাসীর সমৃদ্ধির চাকা হিসেবে দেখতে চাই।
