ইতিহাসের দিকে তাকালেই বোঝা যায়, শুধু প্রতিনিধিত্ব বাড়লেই সমতা প্রতিষ্ঠিত হয় না। সাম্প্রতিক কয়েক দশকে করপোরেট নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়লেও নির্বাহী পর্যায়ের মোট পদে এখনো পুরুষদেরই আধিপত্য। নারীদের প্রায়ই মানবসম্পদ ব্যবস্থাপনা ও আইন বিভাগের মতো তথাকথিত ‘নারীবান্ধব’ নেতৃত্বের দায়িত্বে সীমাবদ্ধ রাখা হয়। অন্যদিকে সব নেতৃত্বকেই মূল্যায়ন করা হয় আচরণের একটি সংকীর্ণ মানদণ্ডের ভিত্তিতে। ‘করপোরেট পুরুষ’ বা ‘কোম্পানি ম্যান’-এর আদর্শ যখন ব্যবস্থাপনার কাঠামোর মধ্যেই প্রোথিত, তখন নারী ও পুরুষ উভয়কেই এমন একটি নেতৃত্বের মডেলের ভিত্তিতে বিচার করা হয়, যা তাদের অধিকাংশের বাস্তবতা ও অভিজ্ঞতাকে বিবেচনায় রেখে তৈরি হয়নি। প্রতিষ্ঠানগুলো যদি সত্যিই সমতা প্রতিষ্ঠায় আন্তরিক হয়, তাহলে নেতৃত্বের পদে নারীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের প্রচলিত ধারণা ও কাঠামো নিয়েও প্রশ্ন তুলতে হবে।

প্রচলিত করপোরেট নেতৃত্বের ছাঁচে নারীদের কীভাবে নিজেদের মানিয়ে নিতে উৎসাহিত করা যায়, সেই প্রশ্নের পরিবর্তে এখন ভাবতে হবে, কীভাবে ‘কোম্পানি ম্যান’-এর পুরনো ধারণা থেকে বেরিয়ে আসা যায়। কারণ করপোরেট নেতৃত্বের ভবিষ্যৎ এ পুরুষকেন্দ্রিক নেতৃত্বের মডেল পরিত্যাগের ওপর নির্ভর করতে পারে।

[দ্য কনভারসেশনের এক নিবন্ধে]

ক্লেয়ার রাইট : সিনিয়র লেকচারার, স্কুল অব ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি