তারেক রহমান গত ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই প্রথমে যে কাজটি করেন তা হচ্ছে, ১০ জানুয়ারি গণমাধ্যমের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়। দেশের প্রতিষ্ঠিত প্রথম সারির পত্রপত্রিকা, টিভি চ্যানেল, অনলাইনের সম্পাদক ও সাংবাদিকসহ কলামিস্টরা এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমিও সেখানে উপস্থিত ছিলাম। অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল ১১টায়। তারেক রহমান ১০ মিনিট আগেই অনুষ্ঠানস্থলে হাজির হন। বিশাল হল রুমে ঢুকে নিজস্ব নিরাপত্তাবলয় উপেক্ষা করে তিনি স্ব স্ব আসনে থাকা প্রত্যেক সাংবাদিকের সঙ্গে হেঁটে হেঁটে হাত মেলান, কুশল বিনিময় করেন। তারপর নিজের আসনে গিয়ে বসেন। সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়ের পালা শুরু হয়। দেশের বিশিষ্ট সম্পাদকরা ডায়াসে গিয়ে শুভেচ্ছা বক্তব্য দিতে শুরু করেন।
তবে তাদের বক্তব্যে শুধু তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ছিল গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তার বিষয়সহ দেশের সার্বিক বিষয়। বহু বছর পর এমন দৃশ্য দেখা গেল যে, সাংবাদিকরা কোনো দ্বিধা ছাড়া, চাটুকারিতা ছাড়া কোনো নেতার উদ্দেশ্যে কথা বলছেন। এর মধ্যে বিএনপি আমলে সাংবাদিকতা কেমন ছিল এবং স্বৈরাচার শেখ হাসিনার দেড় দশকের বেশি সময়ে সাংবাদিকতার রূপ কেমন ছিল, তা তাদের বক্তব্যে উঠে আসে। তাদের বক্তব্যে অপ্রিয় অনেক কথা উঠে এলেও তারেক রহমান তা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন এবং হাততালি দিয়ে স্বাগত জানিয়েছেন। শুধু তাই নয়, মাঠে যেসব সাংবাদিক কাজ করেন, তারা নিজ থেকে সরাসরি তারেক রহমানকে প্রশ্ন করেন এবং সাংবাদিকতার বাস্তবচিত্র তুলে ধরেন। তাদের আগে থেকে ধরিয়ে দেয়া নির্দিষ্ট কোনো প্রশ্ন ছিল না। অনুষ্ঠানের শুরুতেই শঙ্কায় ছিলাম, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান না আবার হাসিনার সময়ের সংবাদ সম্মেলনের মতো চাটুকারিতা ও তেলমারার সংবাদ সম্মেলন হয়ে যায়। না, সে ধরনের কিছু দেখা গেল না। বরং একজন সাংবাদিক যখন তারেক রহমানকে ‘মাননীয়’ বিশেষণ যুক্ত করে কথা বলা শুরু করেন, সঙ্গে সঙ্গে তিনি তাকে থামিয়ে দিয়ে বিনয়ের সঙ্গে বলেন, দয়া করে আমাকে ‘মাননীয়’ বলে সম্বোধন করবেন না। সাংবাদিকদের সব কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং নোট করেন।
দুই. প্রায় আড়াই ঘন্টা ধরে তারেক রহমান সাংবাদিকদের কথা শোনার পর বক্তব্য দিতে দাঁড়ান। তিনি প্রায় ৩২ মিনিট বক্তব্য দেন। যখন বক্তব্য দিতে দাঁড়ান, তখন কৌতূহল ছিল, কী বলবেন তিনি! বেশ ধীরস্থির এবং বিনয়ের সাথে ৩২ মিনিটের বক্তব্যে যা বললেন, তা ছিল, আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে কি করবে, তার কিছু অংশ। তিনি নিজেও বলেছেন, আমি যে প্ল্যানের কথা বলেছিলাম এগুলো তার কিছু অংশ। তার বক্তব্যে তিনি দেশের ভবিষ্যত রাজনীতি, অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রযুক্তি, পরিবেশ, তরুণ প্রজন্মের চিন্তাধারা, নারীদের কর্মসংস্থানসহ সার্বিক বিষয় সংক্ষেপে তুলে ধরেছেন। তার পুরো ৩২ মিনিটের বক্তব্যে কোনো দ্বিধা ছিল না, অনর্গলভাবে পরিকল্পনাগুলো বলে গেছেন।
সবার শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই তাহলে আপনারা আমাদেরকে নানা আলোচনা-সমালোচনার মাধ্যমে সাহায্য করবেন। শুধু সমালোচনার জন্য সমালোচনা না। সেটা যেন গঠনমূলক হয়, মানুষের সমস্যাকেন্দ্রিক হয় সেই অনুরোধ আপনাদের প্রতি থাকবে। এ কথাও বলেছেন, ক্ষমতায় যেতে পারলে সাংবাদিকদের সুবিধা-অসুবিধা ও নিরাপত্তার বিষয়গুলো অগ্রাধিকার দেবেন। শুভেচ্ছা বক্তব্য দিতে দাঁড়িয়ে দৈনিক আমার দেশ প্রত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, জনাব তারেক রহমান, আপনি সতের বছর দেশে ছিলেন না। এই সতের বছরে আপনি দেশের কিছুই জানেন না।
তার এমন বক্তব্যে উপস্থিত অনেকে বিস্মিত হলেও তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, বিগত শাসনামলে মাহমুদুর রহমান যেভাবে রক্তাক্ত হয়েছিলেন, সেই রক্তাক্ত ছবি এখনো আমার চোখে ভাসে। তিনি মাহমুদুর রহমানের কথার জবাব এভাবেই দিয়েছেন। যদিও মাহমুদুর রহমানের এই বক্তব্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউই বিষয়টি ভালোভাবে নেননি। অনেকে বলেছেন, একজন মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তথ্যপ্রযুক্তির এই যুগে যেখানে মুহূর্তে সব খবর জানা যায়, সেখানে তারেক রহমান দেশের খবর জানবেন না বা জানেন না, এ ধরনের মন্তব্য করা সমীচীন হয়নি। মতপ্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে, তবে এমন মতপ্রকাশ করাই শ্রেয় যা দায়িত্বশীল এবং বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ।
আবার অন্যের মতকে সহনশীলতার সাথে গ্রহণ করাই গণতান্ত্রিক মানসিকতার পরিচায়ক। এতে গণতন্ত্রে বহুমত, বহুপথের বিকাশ ঘটে। তারেক রহমান অনুষ্ঠানে সাংবাদিকদের সব কথাই নীরবে শুনেছেন, যেভাবে শুনতেন তার মা অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া। শোনা শেষে যেটুকু বলার দরকার সেটুকুই বলতেন। তারেক রহমানও তাই বলেছেন। একজন জাতীয় নেতার বলা এমনই হওয়া উচিৎ। অবশ্য মানুষ তাকে জাতীয় নেতা হিসেবে অভিহিত করলেও তিনি নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিবেচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাটি বেশ কয়েকবার বলেছেন। আমি একজন ‘রাজনৈতিক কর্মী’, বিএনপির ‘একজন সদস্য’ হিসেবে নিজেকে অভিহিত করেছেন। তিনি একটি বড় রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং ক্ষমতায় যেতে পারেন, এমন মনোভাব তার কথাবার্তায় ছিল না। বরং যখন বক্তব্য দেন, তখন এটাই মনে হচ্ছিল, দলের পক্ষ থেকে একজন সাধারণ সদস্যর মতো বক্তব্য তুলে ধরছেন। তারেক রহমান তার বক্তব্যে পুরো বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরে ভবিষ্যতের চিত্র এঁকেছেন।
তিন. তারেক রহমান তার বক্তব্যে ‘আমি’ শব্দটি ব্যবহার করেননি। যদিও তিনি দেশে ফিরে বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। দলের একজন সদস্য বা রাজনৈতিক কর্মী হিসেবে যে কউ এ কথা বলতে পারেন। দল যদি তার এ পরিকল্পনা যৌক্তিক মনে করে গ্রহণ করে, তখন সেই ‘প্ল্যান’ আর নিজের থাকে না, সেটা দলের হয়ে যায়। তারেক রহমানের ‘প্ল্যান’ যৌক্তিক মনে করে বিএনপি গ্রহণ করায় তা ‘উই হ্যাভ আ প্ল্যান’-এ পরিণত হয়েছে। ফলে তারেক রহমান তার বক্তব্যে ‘আমি’ শব্দটি ব্যবহার না করে ‘আমরা’ শব্দটি ব্যবহার করেছেন এবং দলের পক্ষ থেকে ‘আমাদের পরিকল্পনা’ হিসেবে দল ক্ষমতায় গেলে কী করবে তার কিছু পরিকল্পনা তিনি তুলে ধরেছেন। তিনি খাতওয়ারি উন্নতি করে দেশের অর্থনীতি কীভাবে শক্তিশালী করা যায়, তার কিছু পরিকল্পনা তুলে ধরেন।
এ পরিকল্পনায় তার চিন্তাধারার প্রকাশ ঘটেছে। আমাদের এক নম্বর রফতানি খাত গার্মেন্ট নিয়ে বলতে গিয়ে তিনি এর সম্প্রসারণের কথা বলেছেন। বিদ্যমান গার্মেন্ট খাতকে আরও কীভাবে সম্প্রসারিত করে রফতানি এবং কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, এ পরিকল্পনা তুলে ধরেছেন। এর মধ্যে শতভাগ রফতানি করা কারখানার কথা বলেছেন। এসব কারখানাকে বন্ডেড সুবিধা নিশ্চিত করার কথা বলেছেন, যাতে দ্রুত রফতানি বৃদ্ধি করা যায়। দেশের আরেকটি বৃহৎ খাত রেমিট্যান্স। জনশক্তি রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহৎ খাত এটি। ক্ষমতায় গেলে এ খাত নিয়ে তার সরকার কী করবে, তা সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, দেশ থেকে এখন প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষ বিদেশ যাচ্ছে।
আমরা যদি ২-৩ বছরের মধ্যে এই মানুষগুলোর সাথে ভ্যালু এড করে তাদেরকে বাইরে পাঠাতে পারি, তাহলে যারা আগে ১০০ ডলার আর্ন (উপার্জন) করত, তারা ১৫০ থেকে ২০০ ডলার পর্যন্ত উপার্জন করতে পারবে। এ পরিকল্পনার অংশ হিসেবে তিনি বলেন, যেসব অদক্ষ মানুষ বিদেশ যাচ্ছে, তাদেরকে খাত ওয়ারি ট্রেনিং দিয়ে দক্ষ করে তুললে এবং যে দেশে যাবে সে দেশের ভাষা শিখিয়ে দিলে তাদের কাজ পাওয়া সহজ হয়ে যাবে। তাদের আয় দ্বিগুণ-তিনগুণ হয়ে যাবে। তারেক রহমান বলেন, ইতোমধ্যে আমাদের টিম কোন দেশে ওয়ার্কার শর্টেজ বা শ্রমিক সংকট আছে, সেটা নিয়ে কাজ শুরু করেছে। আমাদের প্ল্যান আছে, সেসব দেশের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের শ্রম বাজার আরও বড় করার। নেক্সট ২-৩ বছরের মধ্যে শ্রম বাজারকে ডাবল করে ফেলা।
বলার অপেক্ষা রাখে না, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বড় দুটি খাত গার্মেন্ট ও জনশক্তি রফতানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন। এ খাত দুটি অর্থনীতিতে কী ভূমিকা পালন করছে, তা নতুন করে বলার কিছু নেই। তারেক রহমান দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তোলার পরিকল্পনার কথা বলেছেন। এজন্য ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড প্রচলন করবেন বলে জানিয়েছেন। তিনি এ পরিকল্পনার ব্যাখ্যা করে বলেছেন, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি। আমরা হিসাব করে দেখেছি, বাংলাদশে ৪ কোটি পরিবার আছে। প্রত্যেক পরিবারের নারী সদস্যদেরকে আমরা মান্থলি (মাসিক) আড়াই হাজার টাকা দেয়ার চিন্তা করছি। তিনটি কাজে পরিবারের নারী এই অর্থ ব্যয় করবেন।
সন্তানের শিক্ষা, স্বাস্থ্য এবং বাকি যে অর্থ বাঁচিয়ে সঞ্চয় করবেন, তা দিয়ে নিজে উদ্যোক্তা হয়ে কিছু একটা করবেন। তিনি বলেছেন, আমাদের মাথায় আছে, এ ধরনের সোশ্যাল সেফটি নেট কার্ড বিতরণ করতে গিয়ে অনেক দুর্নীতির আশ্রয় নেয়া হয়। এটা প্রতিকারের ব্যবস্থা করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাইকে এই কার্ড দেব। তবে সবাইকে এক সাথে দিতে পারব না। প্রান্তিক-হত দরিদ্র মানুষদের আগে দেয়া শুরু করব। আবার অনন্তকাল এই কার্ড দেব না। একেকটা পরিবারকে ৫-৭ বছরের জন্য দেব। আমরা আশা করছি, ৫-৭ বছর এই সাপোর্ট পেলে অনেক পরিবার দারিদ্র্যের কষাঘাত থেকে বের হয়ে আসবে। গ্রামের অর্থনীতি গতিশীল হবে, যা আল্টিমেটলি দেশের অর্থনীতিকে গতিশীল করবে।
শিক্ষিত নারীদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেছেন, মেয়েদের একটা বড় অংশ শিক্ষিত হবার পরও অর্থনৈতিক কর্মকা-ের সাথে যুক্ত হচ্ছে না। তাদেরকে অর্থনৈতিক কর্মকা-ে যুক্ত করার জন্য আমাদের আলাদা প্ল্যান আছে। তরুণ বেকারদের নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে বলেন, আমরা বেকারদের জন্য, তরুণদের জন্য ¯েপশাল প্ল্যান করছি। আমরা মনে করছি, বিশাল তরুণ জনগোষ্ঠীকে যদি কাজে লাগানো না যায়, তাহলে ৭১, ৯০, ২৪ কোনটার চেতনা বাস্তবায়ন করা সম্ভব না। আপনারা দেখেছেন, লাস্ট কয়েকদিনে ইউরোপের অনেকগুলো দেশের রাষ্ট্রদূত আমার সাথে দেখে করতে এসেছেন। আমি তাদেরকে বলেছি, আমাদের ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোকে আধুনিকায়ন করতে আপনাদের সহযোগিতা লাগবে। আমরা এই ট্রেইনিং সেন্টারগুলোকে যুগোপযোগী করবো, অনেকগুলো অপ্রয়োজনীয় কোর্স বাদ দেব।
অনেকগুলো ভাষার ট্রেনিং যুক্ত করবো, আইটি কোর্স যুক্ত করবো। ফ্যাসিস্ট সরাকারের আমলে আইটি পার্কের নামে কিছু বিল্ডিং বানানো হয়েছে, যেগুলোতে এখন অসামাজিক কার্যকলাপ, কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দেয়া ছাড়া আর কিছু হচ্ছে না। আমরা সেগুলো নিয়ে ভিন্ন প্ল্যান করছি। যারা ফ্রিল্যান্সার আছেন, আইটি উদ্যোক্তা আছেন, তাদেরকে এই পার্কগুলোতে ¯েপস দেয়ার চিন্তা করছি, যাতে তারা ব্যবসাটাকে ফ্লারিস (সম্প্রসারণ) করতে পারেন। বিদেশ থেকে দেশে টাকা আনা সহজ করতে পেপালসহ অন্যান্য ফিনান্সিয়াল সাপোর্ট টিমের সাথে আমরা যোগাযোগ রাখছি। দেশের কৃষিখাতের প্রাণ কৃষকদের উন্নয়নে তারেক রহমান পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, দেশে দেড় কোটি কৃষক আছেন, যারা ২০ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছেন। তাদের অবস্থা খুবই খারাপ।
এই কৃষকের সুরক্ষা দিতে আমরা প্ল্যান নিয়েছি। তাদেরকে ‘কৃষক কার্ড’ দেয়া হবে। এর মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবেন, ন্যায্যমূল্যে বীজ ও সার পাবেন। কৃষি রিলেটেড সকল সেবা হয়রানিমুক্তভাবে সহজে পাবেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়কে গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, ঢাকা শহরে পানির যে অবস্থা দাঁড়াচ্ছে, তাতে আগামী ২০ বছরের মধ্যে ঢাকা শহরে তীব্র পানি সংকট দেখা দেবে। সেটা নিয়ে আমরা ভাবছি। আমাদের টিম কাজ করছে। নদীগুলো কিভাবে দূষণমুক্ত করা যায়, কিভাবে মানুষের পানির নিরাপত্তা নিশ্চিত করা যায়, এগুলো নিয়ে আমাদের প্ল্যান রয়েছে। দেশের স্থিতিশীলতার জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা।
তারেক রহমান এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তার বক্তব্যে আমাদের যে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি তার পরিবর্তনের কথা বলেছেন। তিনি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, পুরনো রাজনীতিকে কেন পরিবর্তন করা জরুরি। তিনি বলেন, লন্ডনে যাওয়ার পর ২০১০ সালে আমি তৎকালীণ লেবার পার্টি চিফ আর কনজারভেটিভ পার্টি চিফের মধ্যে একটা ডিবেট দেখেছিলাম। তারা নিজেরা কি নিয়ে ডিবেট করছিল, জানেন? লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস কিভাবে আরও ভালো করা যায় সেটি নিয়ে। তখন লন্ডনে ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যেত। তারা ডিবেট করছিল, কিভাবে এটিকে ১৮, ১৫ বা ১২ মিনিটের মধ্যে নিয়ে আসা যায়। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এধরনের ডিবেট বেশি জরুরি। অথচ আমাদের সকল ডিবেট বিভিন্ন পাল্টা রাজনৈতিক বক্তব্যের মধ্যে আটকে যাচ্ছে। আমাদের মধ্যে রাজনৈতিক অনেক মতপার্থক্য থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু সেটা যেন বিদ্বেষে রূপ না নেয়। তিনি বলেন, আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা, অন্য পাশে ২০২৫ সালের একটি জানাজা, তৃতীয় পাশে ২০২৪ এর ৫ আগস্ট। এই ঘটনাগুলোকে সামনে রাখলেই বোঝা যায়, আমাদেরকে আর ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যাবার কোন সুযোগ নেই। বাংলাদেশকে আগাতে হলে আমাদেরকে প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, বরং সহযোগিতা আর সহমর্মিতার সাথে এক সাথে কাজ করে যেতে হবে।
চার. তারেক রহমানের ৩২ মিনিটের বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি যেন পুরো বাংলাদেশের ভবিষ্যৎ রচনার পরিকল্পনা করেছেন। একজন প্রকৃত জনদরদী ও দেশপ্রেমিক নেতার মধ্যে দেশ ও মানুষের কল্যাণে যে চিন্তা ও পরিকল্পনা থাকে, তার মধ্যে সেই প্রতিরূপ দেখা গেল। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার চিন্তা-চেতনায় যেমন ছিল শুধু দেশ ও দেশের মানুষ, এই একই চিন্তা ও চেতনা, তারেক রহমান ধারণ করেছেন। বাংলাদেশের মানুষ একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের মধ্যে যে গুণগুলো দেখতে চায়, তারেক রহমান সেভাবেই নিজেকে উপস্থাপন করেছেন। কারো প্রতি কোনো বিদ্বেষ বা প্রতিহিংসামূলক বক্তব্য নয়, তিনি যে প্রত্যেককে একই ছাতার নিচে এনে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো নেশন’ গড়তে চান, তা তার বক্তব্যে বোঝা গেছে। তার চিন্তা ও পরিকল্পনায় উঠে এসেছে শুধু মানুষের সমস্যা ও সমাধানের উপায়। বিপুল সমস্যায় জর্জরিত একটা দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই ভাবনায় তিনি ডুবে আছেন। দেশ ও জনগণের কল্যাণে তার এই মাইন্ডসেট তাকে অন্য সব রাজনৈতিক নেতার চেয়ে আলাদা করে দিয়েছে। darpan.journalist@gmail.com
