ফাঁদ–শব্দটি কারও একটা চক্রান্ত, একটা কূটকৌশল, একটা ফন্দি বা কারও একটা অদৃশ্য জালের কথা যেমন মনে করিয়ে দেয়, তেমনি মনে পড়ে প্রাণী ধরার জালের কথাও। পশুপাখি ধরার জন্য তারের বানানো এমন একটি ফাঁস, যা দিয়ে হরিণ বা বাঘ ধরা হয়। পাখিও শিকার করা হয়। সম্প্রতি ফাঁদ নিয়ে একটি ঘটনা মিডিয়াতে বেশ প্রচারিত হয়েছে। সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদে একটি বাঘিনী আটকে পড়ে। খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের রেসকিউ সেন্টার বাঘিনীটিকে উদ্ধার করে। ট্রানকুইলাইজার গান দিয়ে ইনজেকশন পুশ করে বাঘিনীকে অচেতন করা হয়। তারপর ফাঁদ থেকে তাকে উদ্ধার করা হয়। চার-পাঁচ দিন ধরে বাঘিনীটি আটকে ছিল। এর সামনের বাঁ পা ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হাড় ভাঙেনি। ক্ষত শুকানোর জন্য চিকিৎসা চলছে।

বাঘিনীর চিকিৎসা, ভালো থাকা নিয়ে আমরা এতটাই চিন্তিত ছিলাম, যে কারণে বাঘিনীটি আটকে পড়ল, সেই হরিণ ধরার ফাঁদের কথা আমরা ভুলেই গেলাম! হরিণ ধরার ফাঁদ সুন্দরবনে কেন? এটা কি স্বাভাবিক ঘটনা? ফাঁদ দিয়ে হরিণ শিকার হবে, এটাই কি স্বাভাবিক? নাকি এর পেছনে একটি শক্তিশালী চক্র রয়েছে। সেই চক্রের সঙ্গে আমরা পেরে উঠছি না। হরিণ শিকারের ফাঁদে যে এলাকায় আটকে ছিল বাঘিনী, সেখানে বন বিভাগ তল্লাশি চালায়। ওই এলাকা থেকে দুটি এবং নজরুলের এলাকা থেকে ছয়টি ফাঁদ উদ্ধার করা হয়। শরকির খাল থেকে জয়মণি ঠোঁটা পর্যন্ত পায়ে হেঁটে তল্লাশি করে বন বিভাগ মোট আটটি ফাঁদ উদ্ধার করে। ২০২৪ সালে বন বিভাগ একটি অভিযানে ছয় বস্তা ফাঁদ উদ্ধার করেছিল।

বাংলাদেশেও বন্যপ্রাণীর অবৈধ ব্যবসার মূল কারণ বন্যপ্রাণীর মাংস বিক্রি। হরিণের মাংস বিক্রির খবর প্রায়ই পত্রিকায় পাওয়া যায়। বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক একটি সংস্থার প্রতিবেদনের তথ্যমতে, ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে ৫১টি বাঘ হত্যা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ২০১৪ সাল পর্যন্ত বছরে গড়ে দুটি করে বাঘ হত্যা করা হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে প্রকাশিত একটি খবরে বলা হয়, গত তিন মাসে সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৬৪১ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় শিকারিদের কাছ থেকে হরিণের মাথা, চামড়া, মৃত হরিণ, হরিণের পা, ফাঁদ, নৌকা ও ট্রলার জব্দ করা হয়। বাগেরহাট শরণখোলা উপজেলার শরণখোলা গ্রামের জেলে ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের সদস্য জামাল গাজী ওই খবরে বলেন, শরণখোলা উপজেলায় প্রায় ১০০ হরিণ শিকারি আছে। অনেক প্রভাবশালী ব্যক্তি ওদের সঙ্গে জড়িত। সুন্দরবনের মধ্যে হরিণ জবাই করে মাংস প্রস্তুত করে তা বিক্রির জন্য লোকালয়ে নিয়ে আসে শিকারিরা।

২০২৫ সালের মার্চ মাসের একটি খবরে প্রকাশ করা হয়, সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে দলছুট হরিণ শিকার করা হয়। শিকারিরা পোষা কুকুর হরিণের পেছনে লেলিয়ে দেয়। কুকুরের ধাওয়া খেয়ে হরিণেরা কাদায় আটকে গেলে পায়ে রশি বেঁধে ওপরে টেনে তোলা হয়। যেভাবেই হরিণ শিকার করা হোক না কেন, সেটা শাস্তিযোগ্য অপরাধ। ফাঁদ পেতে রাখলে তাতে হরিণ আটকে থাকুক আর না থাকুক, সেটাও অপরাধ। এই ফাঁদ যেন কেউ ব্যবহার করতে না পারে। বন বিভাগের তদারকি বাড়াতে হবে। ফাঁদগুলো এমন থাকে যে কোনো প্রাণী সেখানে আটকে গেলে সে নড়াচড়া শুরু করে। প্রাণীটি যতই নড়াচড়া করে ততই ফাঁদে কষে যায়। আমাদেরও শিকারিদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে হবে যেন শিকারিরা ফাঁদে আটকে যায়। যত সে নড়াচড়া করবে ততই যেন সে কষে যায়।

ড. বিভূতি ভূষণ মিত্র: পরিবেশবিষয়ক লেখক