শীতে শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়ে। ফলে সর্দি, কাশি, জ্বর, হাঁপানি, অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো সমস্যা বেড়ে যায়। শীতের বাতাস সাধারণত শুষ্ক এবং ধুলাবালি বেশি থাকে। বিশেষ করে হাঁপানি ও অ্যালার্জির রোগীরা এ সময়ে বেশি কষ্ট অনুভব করেন। শিশুদের ক্ষেত্রে ঠান্ডা বাতাস দ্রুত সর্দি-কাশির কারণ হতে পারে, আর বয়স্কদের ক্ষেত্রে ঠান্ডা তাদের দীর্ঘস্থায়ী রোগকে আরও জটিল করে তুলতে পারে। তাই শীত এলেই বাড়তি সতর্কতা প্রয়োজন।\r\nশিশুদের জন্য উষ্ণ কাপড় ব্যবহার গুরুত্বপূর্ণ, তবে অতিরিক্ত ঢেকে রাখাও ঠিক নয়। এতে শরীরে ঘাম জমে উল্টো ঠান্ডা লেগে যেতে পারে। বাইরে বের হলে টুপি, মোজা ও উষ্ণ জ্যাকেট পরানো উচিত। বয়স্কদের ক্ষেত্রেও একইভাবে ঠান্ডা থেকে সুরক্ষিত থাকা জরুরি।
যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাঁপানির মতো রোগ আছে, তারা অবশ্যই নিয়মিত ওষুধ খেতে হবে এবং হঠাৎ তাপমাত্রার পরিবর্তন এড়িয়ে চলতে হবে। \r\nশীতের সময় ত্বকের আলাদা যত্ন প্রয়োজন হয়। বাতাস শুষ্ক থাকায় ত্বকের আর্দ্রতা দ্রুত কমে যায়; ফলে ত্বক রুক্ষ, চুলকানিযুক্ত বা ফেটে যেতে পারে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে শরীর ভেতর থেকে আর্দ্রতা ধরে রাখতে পারে। গোসলের পর ময়েশ্চারাইজার বা নারকেল/সরিষার তেল ব্যবহার করলে ত্বকের নরমভাব বজায় থাকে। ঠোঁট ফাটলে লিপবাম উপকারী। অনেকেই শীতে খুব গরম পানি দিয়ে গোসল করতে পছন্দ করেন, কিন্তু এতে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে তাই এ অভ্যাস পরিহার করা ভালো।\r\nস্বাস্থ্য ভালো রাখতে শীতের খাবারের তালিকায় সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভিটামিন-সি সমৃদ্ধ ফল যেমন কমলা, মাল্টা ও পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শাকসবজি, ডিম, মাছ ও ডাল শরীরকে গরম ও শক্তিশালী রাখে। গরম স্যুপ, ডালসুপ বা আদা–মধুর পানীয় এ সময়ে খুব উপকারী। এগুলো শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি সর্দি-কাশির ঝুঁকিও কমায়। যাদের দীর্ঘস্থায়ী রোগ আছে, তাদের চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী খাদ্যাভ্যাস বজায় রাখা উচিত।\r\nশীতকালে সূর্যের আলোতে বিশেষ করে ভিটামিন-ডি থাকে, যা আমাদের হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকাল টাইমে প্রথম সূর্য উদিত হওয়ার পর থেকে মৃদু রোদে ভিটামিন ডি বেশি থাকে। তাই শীতে মাঝে মাঝে রোদে বসা স্বাস্থ্যসম্মত। শীতের দীর্ঘ রাত ও কম সূর্যালোক অনেকের মেজাজেও প্রভাব ফেলে। অনেকেই অলসতা, ক্লান্তি বা মনখারাপ অনুভব করেন। এ সময় পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, নিয়মিত হাঁটাহাঁটি করা, হালকা ব্যায়াম করা ও পর্যাপ্ত ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য খুব জরুরি। সকালের একটু রোদ শরীরের জন্য যেমন ভালো, তেমনি মানসিকভাবেও ইতিবাচক প্রভাব ফেলে।\r\nশীত যেমন উপভোগের ঋতু, তেমনি স্বাস্থ্য-সচেতনতার সময়ও। সামান্য যত্ন, উষ্ণ পোশাক, সুষম খাদ্য, ত্বকের পরিচর্যা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে শীতেও সুস্থ থাকা সম্ভব। সচেতনতা ও প্রস্তুতিই শীতকালকে করে তুলতে পারে নিরাপদ, আরামদায়ক ও উপভোগ্য।\r\nকক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার থেকে
