সিরাজগঞ্জ শহরের সাম্প্রতিক সহিংসতা এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি গত কয়েক মাস ধরে চলমান। মহল্লাভিত্তিক আধিপত্য বিস্তার, উঠতি বয়সী বখাটে যুবকদের লাগামহীন দাপট এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল প্রতিরোধ ব্যবস্থার সরাসরি ফল এগুলো। শহরের একের পর এক মহল্লা যেন অঘোষিত সংঘর্ষক্ষেত্রে পরিণত হয়েছে। যার চূড়ান্ত পরিণতি ঘটেছে প্রকাশ্য দিবালোকে এক তরুণ শিক্ষার্থীর নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে।
গত ২৮ ডিসেম্বর রোববার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদকে শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে এক নম্বর পুলিশ ফাঁড়ির অদূরে চাপাতি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ২৫-৩০ জন কিশোর-তরুণ প্রকাশ্যে হামলা চালিয়ে নির্বিঘ্নে সরে যায়। পুলিশ ফাঁড়ির এত কাছে এমন নৃশংসতা শুধু একজন শিক্ষার্থীর প্রাণই কেড়ে নেয়নি, বরং গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতা নগ্ন করে দিয়েছে।
এ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট নতুন নয়। গত তিন মাস ধরে পৌর এলাকার ধানবান্ধি, একডালা, ভাঙ্গাবাড়ী, দিয়ার ধানগড়া বা সরদারপাড়া, নয়ন মোড়, পুটিয়া, হোসেনপুর, বাগানবাড়ি, মালশাপাড়াসহ বিভিন্ন মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ চলছে।
স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় যৌন হয়রানির ঘটনা নিয়ে গত ১৫ ডিসেম্বর কাটাখাল খালের ওপর বড়পুল (ইলিয়ট ব্রিজ) এলাকায় ভাঙ্গাবাড়ী ও ধানবান্ধি মহল্লার বখাটে শিক্ষার্থীদের মধ্যে প্রকাশ্য মারামারির ঘটনাও ঘটে। দুই নম্বর পুলিশ ফাঁড়ির অদূরে সরকারি সালেহা ইসহাক বালিকা বিদ্যালয়ঘেঁষা ওই এলাকায় এমন সংঘর্ষ ছিল স্পষ্ট সতর্ক সংকেত, যা কার্যকরভাবে আমলে নেওয়া হয়নি।
এই সহিংসতার কেন্দ্রে রয়েছে উঠতি বয়সী কিশোর-তরুণরা। যাদের হাতে থাকার কথা বই, কলম, তাদের হাতে আজ ছুরি, চাপাতি, লাঠি। স্কুল- কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ দ্রুত রূপ নিচ্ছে গ্যাং সংঘর্ষে। বখাটেপনা এখানে আর সামাজিক শৃঙ্খলার প্রশ্নে সীমাবদ্ধ নেই; এটি এখন সরাসরি জননিরাপত্তার জন্য হুমকি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে রাখা’র কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। একের পর এক সংঘর্ষের পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও আগাম প্রতিরোধের অভাব স্পষ্ট। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল ও রাজনৈতিক ছত্রছায়ার কারণে অনেক বখাটে ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এই প্রশ্রয়ই সহিংসতাকে আরও বেপরোয়া করে তুলছে। শিক্ষার্থী রিয়াদ হত্যাকাণ্ডের পর সিরাজগঞ্জবাসী আতঙ্কিত। অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সাধারণ মানুষ প্রশ্ন করছেন, নিজ শহরেই কি আমরা আজ নিরাপদ? এ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও ক্ষয়ে যাবে।
এখন সময় এসেছে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নেওয়ার। মহল্লাভিত্তিক আধিপত্যের রাজনীতি ভাঙতে হবে; কিশোর গ্যাং চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে; শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। নচেৎ সিরাজগঞ্জে আজ যে রক্ত ঝরেছে, তা আগামী দিনে আরও ভয়াবহ চিত্রের পূর্বাভাস হয়ে উঠবে– এই সতর্কতা উপেক্ষার সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, দেখাশোনার দায়িত্ব অভিভাবকদের। সিরাজগঞ্জ সাধারণত শান্তির শহর। কারণ এখানকার মানুষ শান্ত ও সহজ-সরল জীবন যাপন করে। এই শান্তি যেন বিনষ্ট না হয়, সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বখাটেপনাকে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।
আমিনুল ইসলাম খান রানা: সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, সমকাল
