যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার শীর্ষ বৈঠক হয়েছে গত ১৯ অক্টোবর। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিন নেতার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হিসেবে এটি ছিল ঐতিহাসিক ঘটনা। টালমাটাল বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণও। কিন্তু প্রায় ৯০ মিনিটের বৈঠক বিশ^বাসীকে আশাহত করেছে। ভূরাজনীতির রুশ কৌশলবিদ আলেকজান্ডার ডুগিন এবং মস্কোর নীতিনির্ধারকরা বৈঠকের আগেই এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ‘ইয়াল্টা সম্মেলনের’ (১৯৪৫) মতো ঐতিহাসিক প্রতীক হিসেবে উপস্থাপন করেন। ওইসব সম্মেলন বা চুক্তিতে বিশ্বের পরাশক্তিগুলো ভবিষ্যতের বিশ্বব্যবস্থা নির্ধারণের নামে কার্যত বিশ্বকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। ডুগিন সেই শঙ্কার কথাই বলেন। তার কথা কোনোরকম সন্দেহ ছাড়াই পছন্দ করে ফেলি। কারণ শুধু ইয়াল্টা সম্মেলন বা ভার্সাই চুক্তি না, গত ৫০০ বছরে পাশ্চাত্য তথা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলো বহুবার এ ধরনের কাজ করেছে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের পর ওই বছরের ১১ ফেব্রুয়ারি ক্রিমিয়ার ইয়াল্টা শহরে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিন। তারা পরাজিত জার্মানিকে চার টুকরা করে একেকজন একটা করে টুকরা গ্রাস করেন। এক টুকরা পায় ফ্রান্স। সম্মেলনে স্ট্যালিন পোল্যান্ডসহ নাৎসি দখলমুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে সেখানে সোভিয়েতপন্থী কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করেন, যা কার্যত দখলেরই নামান্তর। যাই হোক, কথা হলো ট্রাম্প পুতিন, শি বৈঠকে সুনির্দিষ্ট বা আইনি বাধ্যবাধকতাপূর্ণ কোনো সমঝোতা চুক্তি হয়নি। বৈঠক শেষে তিন নেতা ‘শান্তির লক্ষ্যে রাষ্ট্রপ্রধানদের যৌথ ঘোষণা’ প্রকাশ করেন। ঘোষণাপত্রে চারটি আকাক্সক্ষার উল্লেখ আছে : পারমাণবিক ঝুঁকি হ্রাস, বৈশ্বিক জ্বালানি প্রবাহ স্থিতিশীল রাখা, আন্তর্জাতিক আদালতের এখতিয়ারে রাশ টানা এবং জাতিসঙ্ঘের সংস্কার। যেহেতু এসব বাস্তবে পরিণত করার কোনো ম্যাকানিজম নেই, তাই এসব ঘোষণাকে আকাক্সক্ষার প্রকাশ বলাই যুক্তিযুক্ত। তবে পরমাণু ঝুঁকি কমানোর বিষয়ে তিন পরাশক্তির সংলাপের অঙ্গীকারকে কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখছেন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরানে বেআইনি হামলা, তাইওয়ান নিয়ে উত্তেজনা বা ক্ষ্যাপাটে বাণিজ্য যুদ্ধের মতো জ্বলন্ত ইস্যুতে কোনো সমাধান আসেনি। অন্য দিকে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা আশঙ্কা করেছিল, এই বৈঠক বিশ্বকে নতুন করে বড় শক্তিগুলোর ‘প্রভাববলয়’ ভাগাভাগির দিকে ঠেলে দিতে পারে। বিশ্ব গণমাধ্যমে এমনও জল্পনা দেখা যায়, যেখানে মানচিত্রে দাগ কেটে দেখানো হয়, বিশ্বের কোন অঞ্চলের মালিকানা কে পেতে যাচ্ছে।
ভূরাজনৈতিক বিশ্লেষকদের মূল্যায়ন কাউন্সিল অন ফরেন রিলেশন্সের (ঈঋজ) প্রেসিডেন্ট মাইকেল ফ্রোম্যানের বিশ্লেষণে, ত্রিপক্ষীয় বৈঠকের অর্জন বাস্তবিক অর্থে খুবই সামান্য। যৌথ ঘোষণায় ইরান ও ইউক্রেন যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এড়িয়ে যাওয়া হয়েছে। সাবেক মার্কিন কূটনীতিক ও বিশ্লেষক, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (ওওঝঝ) মাইকেল কার্পেন্টার বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাস্তব ফলাফল পাওয়ার চেয়ে কিছু ‘নাটকীয়তা ও নিজেকে তুলে ধরা’। মধ্যবর্তী নির্বাচনে গোহারার পর এটি দরকার ছিল। আগে এ ধরনের শীর্ষ সম্মেলনের আগে মাসব্যাপী প্রস্তুতি নিয়ে সুনির্দিষ্ট চুক্তির ক্ষেত্র তৈরি করা হতো। এবার তা হয়নি। কার্পেন্টারর মতে- ইউক্রেন প্রসঙ্গ বাদ দিয়ে তিন পারমাণবিক শক্তিধর দেশের বৈঠক যুক্তরাষ্ট্রের মিত্র ও মাঝারি শক্তিধর দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন করবে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (ঈঝওঝ) ডেপুটি ডিরেক্টর, টমাস গ্লিন হ্যানলি এই বৈঠককে পুতিনের বড় কূটনৈতিক জয় হিসেবে অভিহিত করেন। তার মতে, রাশিয়ার অর্থনীতি তুলনায় অনেক দুর্বল হলেও ট্রাম্প ও শির পাশে সমমর্যাদায় বসতে পারাই পুতিনের বড় অর্জন। আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনৈতিক বিশ্লেষকদের এসব মতামত সামনে রেখে এক কথায় বলা যায়, বৈঠকের ঘোষণাপত্র পারমাণবিক ঝুঁকি কমানোর বার্তা দিলেও, চলমান যুদ্ধগুলো থামাতে বা বৈশ্বিক স্থিতিশীলতা ফেরাতে এ বার্তা কতটা কার্যকর হবে তা নিয়ে গভীর সংশয় আছে। তাই নিছক কূটনৈতিক ও প্রতীকী তাৎপর্য ছাড়া এটির আর কোনো গুরুত্ব নেই। সুতরাং ট্রাম্প পুতিন শির বৈঠক প্রসঙ্গ সরিয়ে রেখে এই সুযোগে আমরা জেনে নিতে পারি, উপনিবেশবাদী বর্বর পাশ্চাত্য শক্তিগুলো কিভাবে গত ৫০০ বছর ধরে সুপরিকল্পিতভাবে বিশ্বকে বানরের পিঠা ভাগাভাগির মতো ভাগ করে নিজেদের উদরপূর্তির আয়োজন সম্পন্ন করেছে এবং এখনো করে যাচ্ছে। ইতিহাস জানা ভবিষ্যতের সতর্কতার জন্য জরুরি। ডুগিনের বিশ্ব ভাগাভাগির মন্তব্যের সূত্র ধরে আমরা পুরনো ইতিহাসের ধূসর পৃষ্ঠাগুলোয় সামান্য চোখ বুলিয়ে নিতেই পারি।
ইউরোপ যেভাবে বিশ্ব ভাগ করেছিল আলেকজান্ডার ডুগিন যেভাবে পরাশক্তিগুলোর মাধ্যমে বিশ্ব ভাগাভাগির কথা বলেন, ইতিহাসে ঠিক তেমনটিই কিন্তু ঘটেছে অসংখ্যবার। ইউরোপীয় শক্তিগুলো বিশ^ মানচিত্রে রীতিমতো দাগ কেটে বিশ্বকে নিজেদের উপনিবেশে ভাগ করে নেয়।
স্পেন ও পর্তুগাল ১৪৯৪ সালে স্পেন ও পর্তুগাল আটলান্টিক মহাসাগরে একটি কাল্পনিক উত্তর-দক্ষিণ রেখা টেনে অ-ইউরোপীয় বিশ্বকে দুই ভাগ করে। এক ভাগ স্পেনের, এক ভাগ পর্তুগালের। রেখার পশ্চিম পাশ (আমেরিকার অধিকাংশ) পায় স্পেন এবং পূর্ব পাশ (ব্রাজিল, আফ্রিকা ও এশিয়ার বাণিজ্য পথ) পায় পর্তুগাল। এই অপকর্মটি বৈধতা পায় পোপ ষষ্ঠ আলেকজান্ডারের মধ্যস্থতায় সম্পাদিত তর্দেসিলাস চুক্তিতে। এই চুক্তি কেন দরকার ছিল? ১৪৯২ সালে পর্তুগিজ নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর নতুন ভূখণ্ডের মালিকানা নিয়ে স্পেন ও পর্তুগালের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। এই দ্বন্দ্ব নিরসনের জন্য স্পেনের তর্দেসিলাস শহরে দুই দেশ এই চুক্তি স্বাক্ষর করে এবং বিশ্ব ভাগ করে নেয়। তর্দেসিলাস চুক্তির ৩৫ বছর না পেরুতেই ওই দু’টি দেশ আবারো নতুন চুক্তি করে। সেটি হলো সারাগোসা চুক্তি। এবারে ভাগবাঁটোয়ারা করা হয় পৃথিবীর আরেক প্রান্তের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। দেশ দু’টি এবার পূর্ব গোলার্ধে আরেকটি সীমারেখা টানে, যার মাধ্যমে মলাক্কান দ্বীপমালা যা মসলা দ্বীপপুঞ্জ, (কবি জীবনানন্দের ভাষায় দারুচিনি দ্বীপ) ও এশিয়ার নিয়ন্ত্রণ ভাগ হয়।
সপ্তবর্ষীয় যুদ্ধ ও প্যারিস চুক্তি ১৭৬৩ সালে ব্রিটেন, ফ্রান্স ও স্পেন উত্তর আমেরিকা ও ভারতের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ যুদ্ধের পর এই চুক্তির মাধ্যমে ব্রিটেন কানাডা ও ভারতের বিশাল অংশের একচ্ছত্র আধিপত্য লাভ করে।
বার্লিন সম্মেলন, আফ্রিকা দখল ‘আফ্রিকা দখলের লড়াই’ বিশ্বের ইতিহাসে ইউরোপীয়দের সৃষ্ট এক গভীর কালো অধ্যায়। ১৮৮১ থেকে ১৯১৪ সালের মধ্যে সাতটি পশ্চিম ইউরোপীয় শক্তি অত্যন্ত দ্রুততার সাথে আফ্রিকা মহাদেশে আক্রমণ, দখল এবং উপনিবেশ স্থাপন করে। ১৯১৪ সালের মধ্যে দেশগুলো শুধু ইথিওপিয়া এবং লাইবেরিয়া ছাড়া আফ্রিকার প্রায় ৯০ শতাংশ ভূখণ্ড নিজেদের কবজায় নিয়ে নেয়। এ সময় আফ্রিকার মূল্যবান প্রাকৃতিক ও খনিজ সম্পদ এবং গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল নিয়ে ইউরোপীয়রা পরস্পরের সাথে সঙ্ঘাতে জড়িয়ে পড়ে। ফলে শুধু দখল করেই তারা ক্ষান্ত হয়নি। দখল চিরস্থায়ী করতে নিজেদের মধ্যে এমন এক চুক্তিতে পৌঁছায়, যাতে সবাই শান্তিপূর্ণভাবে নিজ নিজ দখলী এলাকায় চিরকাল অবাধে লুটতরাজ চালিয়ে যেতে পারে। এ কাজটি করেন জার্মানির প্রতিষ্ঠাতা চ্যান্সেলর বিখ্যাত অটো ফন বিসমার্ক। তার ডাকে ১৪টি ইউরোপীয় দেশ বার্লিন সম্মেলনে যোগ দেয়। সেখানে আফ্রিকার কোনো প্রতিনিধির উপস্থিতি ছাড়াই ইউরোপীয়রা গোটা আফ্রিকা মহাদেশ নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সম্মেলনে ‘কার্যকর দখল’ (ঊভভবপঃরাব ঙপপঁঢ়ধঃরড়হ) নামে একটি নীতি গ্রহণ করা হয়। এই নীতি অনুযায়ী কোনো ইউরোপীয় দেশ আফ্রিকার কোনো অঞ্চলে প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেই সেটি তাদের উপনিবেশ হিসেবে স্বীকৃত হবে। সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, ব্রিটেন নেয় মিসর, সুদান, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া ও ঘানা (গোল্ড কোস্ট); ফ্রান্স নেয় আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, পশ্চিম আফ্রিকা (মালি, সেনেগাল, আইভরি কোস্ট) ও মাদাগাস্কার; জার্মানির ভাগে পড়ে ক্যামেরুন, নামিবিয়া, তানজানিয়া, টোগো। বেলজিয়ামের ভাগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। পর্তুগালের দখলে আসে অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গিনি-বিসাউ, ইতালির দখলে লিবিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া আর স্পেনকে দেয়া হয় পশ্চিম সাহারা, নিরক্ষীয় গিনি। এই ভাগাভাগির দীর্ঘমেয়াদি প্রভাব আফ্রিকানদের জীবনে ছিল মারাত্মক। তারা যেমন নিকৃষ্টতম শোষণের কবলে পড়ে নিঃস্ব হয়েছে তেমনি নারকীয় দমন-পীড়নের শিকার হয়ে লাখে লাখে মারা গেছে।
ব্রিটেন ও ফ্রান্সের গোপন চুক্তি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে উসমানীয় (অটোমান) সাম্রাজ্যের পতনের আগেই ব্রিটেন ও ফ্রান্স ১৯১৬ সালে এক গোপন চুক্তি করে। সাইকস-পিকো চুক্তি নামে পরিচিত গোপন চুক্তির মাধ্যমে উসমানীয় খেলাফতের অধীন মধ্যপ্রাচ্যকে (ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন) নিজেদের মধ্যে ভাগ করে নেয় ব্রিটেন ও ফ্রান্স। এটি আরবদের সাথে ব্রিটেনের বিশ্বাসঘাতকতার নিকৃষ্টতম দৃষ্টান্ত। গোপন চুক্তির আগে ব্রিটেন উসমানীয় খেলাফতের বিরুদ্ধাচরণের বিনিময়ে আরবদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছিল। ব্রিটেন পরে মধ্যপ্রাচ্যে গঠন করে এক যন্ত্রণাদায়ক বিষফোঁড়া।
আজকের দিনের পরিস্থিতি কারো হয়তো মনে হতে পারে, প্রাচীন ও মধ্যযুগে দেশ দখল, প্রভাববলয় ভাগ করে নেয়া সম্ভব হলেও একবিংশ শতাব্দীতে সেটি আর সম্ভব নয়। এখন বিশ্বে জাতিসঙ্ঘের সনদ, আন্তর্জাতিক আইনের উপস্থিতি এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির (যেমন- ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান বা মধ্যপ্রাচ্যের দেশগুলো) উত্থানের কারণে কেবল দুই বা তিনজন নেতার পক্ষে আগের মতো পুরো পৃথিবী ভাগ করে নেয়া সম্ভব নয়। কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতা কি এই ধারণা সমর্থন করে? ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক রাতের শয্যা থেকে তুলে নিয়ে কারাগারে আটক করা কি রোধ করেছে জাতিসঙ্ঘ সনদ বা আন্তর্জাতিক আইন? বন্ধ থেকেছে দেশটির তেলক্ষেত্র দখল? ইউক্রেনের বিশাল এলাকা দখল করে দেশটির ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া কি রোধ করা গেছে কোনো আইনে? অথবা ইরাকে, লিবিয়ায়, আফগানিস্তানে এবং ইরানে বাইরের শক্তির আগ্রাসন? ফিলিস্তিনের গাজায় হাজার হাজার নারী শিশু বৃদ্ধসহ ৭৫ হাজার নিরীহ মানুষ হত্যার চলমান নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে কী করতে পেরেছে কোন সনদ বা আইন? উদাহরণ অগণিত। মোদ্দা কথা, বিশ্বে শক্তিমানের স্বেচ্ছাচারিতা প্রতিহতের ক্ষমতা কারো নেই। কোনো সর্বজনীন সনদ বা আন্তর্জাতিক আইন কিছুই শক্তিমানের জন্য নয়, ওগুলো দুর্বলের জন্য। জাতিসঙ্ঘ অকার্যকর। আসন্ন দশকে শক্তিমান ও দুর্বলের মধ্যকার ভারসাম্যহীনতা আরো বেড়ে যাওয়ার শঙ্কাই বেশি। লেখক : সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর, নয়া দিগন্ত
