বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের পরিবর্তন সবসময়ই গুরুত্বপূর্ণ। তবে কিছু কিছু পরিবর্তন সময়ের গণ্ডি ছাড়িয়ে ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণ করে দেয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান পদে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ তেমনই একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এটি কেবল একটি দলের নেতৃত্ব হস্তান্তর নয়; বরং দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনাও বটে।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এই সিদ্ধান্ত রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে দল পরিচালনার অভিজ্ঞতা, নেতাকর্মীদের আস্থা এবং ভবিষ্যৎ রাজনীতির প্রয়োজন- সবকিছু মিলিয়েই এই সিদ্ধান্ত এসেছে। ফলে তারেক রহমানের নেতৃত্ব গ্রহণ বিএনপির অভ্যন্তরীণ ঐক্য যেমন দৃঢ় করেছে তেমনি জাতীয় রাজনীতিতেও নতুন আলোচনা ও প্রত্যাশার জন্ম দিয়েছে।
তারেক রহমান কোনো আকস্মিকভাবে উঠে আসা নেতা নন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শে বেড়ে ওঠা একজন রাজনীতিক। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী দর্শন, বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নকেন্দ্রিক রাষ্ট্রচিন্তার ভিত্তি স্থাপন করেছিলেন, তা বিএনপির রাজনীতির মূল শক্তি। বেগম খালেদা জিয়া সেই দর্শনকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রূপ দিয়েছেন আপসহীন নেতৃত্বের মাধ্যমে। এই দুই ধারার সমন্বয় তারেক রহমানের রাজনৈতিক মানসগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিএনপির দুঃসময়ে তারেক রহমানের নেতৃত্ব বিশেষভাবে আলোচিত। রাজনৈতিক দমন-পীড়ন, মামলা, গ্রেপ্তার ও সাংগঠনিক দুর্বলতার মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রাখা সহজ কাজ ছিল না। তবু দূরে থেকেও তিনি দলকে দিকনির্দেশনা দিয়েছেন, তৃণমূল সংগঠনকে সক্রিয় রাখার চেষ্টা করেছেন। আন্দোলন-সংগ্রামের কৌশল নির্ধারণে নেতৃত্ব দিয়েছেন। অনেক নেতাকর্মীর কাছে তারেক রহমান এই সময়ের "সংকটকালীন নেতা"। যিনি প্রতিকূল পরিস্থিতিতেও দলকে টিকিয়ে রেখেছেন।
তারেক রহমানের রাজনৈতিক চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে "আগামীর বাংলাদেশ"। এটি কেবল একটি স্লোগান নয়; বরং একটি রাষ্ট্রদর্শন। তাঁর মতে, আগামীর বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে গণতন্ত্র কার্যকর থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানবাধিকার নিশ্চিত করা হবে।
ভোটাধিকারকে তিনি নাগরিক মর্যাদার মূল ভিত্তি হিসেবে দেখেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন। এই বিশ্বাস তার রাজনৈতিক বক্তব্যে বারবার প্রতিফলিত হয়েছে।
তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেন। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- সব প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনগণের সেবায় নিয়োজিত করাই তাঁর ভাবনায় আগামীর বাংলাদেশের প্রধান শর্ত। তাঁর মতে, শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে পারে না।
অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক দর্শনের কথা বলেন। তাঁর মতে, উন্নয়ন তখনই অর্থবহ, যখন তার সুফল সমাজের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, উদ্যোক্তা, নারী ও তরুণ সমাজ সবাই যেন সমান সুযোগ পায়, সেটিই হওয়া উচিত রাষ্ট্রের লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং প্রবাসী আয়ের সঠিক ব্যবহারের বিষয় তাঁর অর্থনৈতিক ভাবনার গুরুত্বপূর্ণ অংশ।
তরুণ সমাজ তারেক রহমানের রাজনৈতিক চিন্তায় বিশেষ স্থান দখল করে আছে। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ; তাদের শক্তিকে কাজে লাগাতে পারলেই দেশ এগিয়ে যাবে। এমনটাই তাঁর বিশ্বাস। রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়ানো, নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং সৃজনশীলতা ও উদ্ভাবনকে উৎসাহিত করা আগামীর বাংলাদেশের জন্য অপরিহার্য বলে তিনি মনে করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান তারেক রহমানের রাজনৈতিক অবস্থানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষের দেশ। এখানে বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতিই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হওয়া উচিত। তাঁর মতে, সাম্প্রদায়িকতা রাষ্ট্রকে দুর্বল করে, আর সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা একটি মানবিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে সহায়তা করে।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করা নিঃসন্দেহে একটি কঠিন দায়িত্ব। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায়। সেই উত্তরাধিকার কাঁধে নিয়ে তারেক রহমানের সামনে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ। তবে দলীয় চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনার সঞ্চার করেছে।
একজন তারেক রহমান কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন; তিনি আগামীর বাংলাদেশের এক সম্ভাবনাময় রাজনৈতিক প্রতীক। তাঁর নেতৃত্ব কতটা সফল হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে- এসব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, তারেক রহমানের নেতৃত্ব গ্রহণ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অধ্যায় সফল হলে তা শুধু বিএনপির নয়, বরং গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে সমগ্র বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ অর্জন হয়ে উঠতে পারে।
