বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই তার দেশে ফেরার কথা শোনা যাচ্ছিল। বিএনপির নেতাকর্মী তো বটেই, দেশের মানুষও তার ফেরা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বিএনপির নেতৃবৃন্দ তাদের আশ্বাস দিচ্ছিল, শীঘ্রই তিনি দেশে ফিরবেন। তবে নির্দিষ্ট করে কোনো দিন-তারিখ বলছিলেন না। তবে তার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গণ থেকে শুরু করে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে যেমন নানা ধরনের প্রেডিকশন বা অনুমান ছিল, তেমনি তিনি ফিরবেন কিনা, এ প্রশ্নও ছিল। সর্বশেষ তারেক রহমানের মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটজনক অবস্থা নিয়ে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হলে, তার দেশে ফেরার বিষয়টি বহুলভাবে আলোচিত হয়।

সকলেরই ধারণা ছিল, তিনি হয়ত কয়েক দিনের মধ্যে মাকে দেখতে দেশে ফিরবেন। এ নিয়ে আলোচনা হচ্ছিল, আবার তার ফিরতে দেরি দেখে সমালোচনাও হচ্ছিল। এমন আলোচনা-সমালোচনার মধ্যেই তিনি তার ভেরিফায়েড ফেসবুকে তার দেশে ফেরা নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, দেশের ফেরার বিষয়টি আমার একার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। তার এই কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে ছিল। কেন ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরতে পারছেন না, এ প্রশ্ন জনমনে উঠে। তার এই পোস্টের সঙ্গে সঙ্গেই সরকারের তরফ থেকে বলা হয়, তারেক রহমানের ফিরতে সরকারের পক্ষ থেকে আইনগতসহ কোনো ধরনের বাধা নেই। দেশের ফেরার জন্য তার নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতা করা হবে। সরকারের আশ্বাস ও অবস্থান পরিস্কার করার পর তারেক রহমানের দেশে ফেরার পথ প্রশস্ত হয়ে যায়। তারপরও তার দেশে ফেরার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছিল। হওয়ারই কথা। ফ্যাসিস্ট হাসিনা সরকার তার পাসপোর্ট বাতিল করে, একের পর এক মামলা দেয়, ইন্টারপোলে ওয়ারেন্ট জারি করে। এর সাথে তার প্রতি ভারতের শত্রু ভাবাপন্ন মনোভাবও বহাল থাকে। আওয়ামী লীগ ও ভারত কিছুতেই চায় না, তিনি দেশে ফিরে রাজনীতি করুন। এছাড়া ১৭ বছর ধরে রাজনৈতিক আশ্রয় নিয়ে ইংল্যান্ডে বসবাসের নিয়মকানুনের সুরাহা করাসহ মাকে ইংল্যান্ড নিতে হলে সেখানের চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত করতে সময় লাগা স্বাভাবিক। তারেক রহমানের দেশে ফেরার বিলম্বের এই কারণগুলো একজন সচেতন মানুষের অজানা থাকার কথা নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তিনি আর দশটা মানুষের মতো নন যে, মন চাইলে যখন তখন প্লেনে চড়ে বসতে পারেন।

দুই. এটা এখন বাস্তব, তারেক রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, দলের ঊর্ধ্বে উঠে তিনি জাতীয় নেতায় পরিণত হয়েছেন। ক্যারিশম্যাটিক নেতৃত্ব দিয়ে তিনি জনগণের মন জয় করেছেন। দেশের বাইরে থেকে শুধুমাত্র ভার্চুয়ালি যুক্ত থেকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে দীর্ঘ ১৭ বছর ধরে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেয়া এবং দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রেখে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার মতো বিরল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এটা কোনোভাবেই ভাবা যায় না, সাত সমুদ্র তের নদীর ওপার থেকে কোনো নেতার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে তার নির্দেশনা মতো নির্দ্বিধায় কাজ করবে।

যে নেতার দেশে ফেরা অনিশ্চিত, কখনো ফিরতে পারবেন কিনা, তার আদেশ-নির্দেশে দল চলবে, দল ভেঙে টুকরো টুকরো হবে না, এমন আশা দূরাশাই ছিল। অথচ হাসিনা তার দেড় দশকের বেশি শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর যে স্টিম রোলার চলিয়েছে, প্রতি মুহূর্তে তাদেরকে মৃত্যু তাড়া করে ফিরেছে, সেই নেতাকর্মীদের একজনও দল ছেড়ে যায়নি। কিংবা হাসিনার সাথে তাল মিলিয়ে চলেনি। আওয়ামী লীগে যোগ দেয়নি। কেন দেয়নি? কারণ, তারেক রহমান। তিনি দলের এবং দেশের মানুষের মধ্যে এই বিশ্বাস জন্মাতে পেরেছেন, তার দ্বারাই দেশ ও জনগণের কল্যাণ হবে। তার বিকল্প নেই। তিনি নিজেকে বিকল্পহীন করে তুলতে পেরেছেন। তিনি একজন অতি সাধারণ মানুষের কথাও অত্যন্ত আগ্রহ ও মনোযোগ দিয়ে শোনেন।

আমরা যদি তার পুরো রাজনৈতিক জীবনের দিকে তাকাই তাহলে দেখব, তিনি সবসময়ই সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। তাদের প্রতিই তার বেশি আগ্রহ। একজন প্রত্যন্ত গ্রামের মানুষ, একজন কৃষক, একজন রিকশাওয়ালা, একজন গার্মেন্ট শ্রমিক, একজন স্কুল শিক্ষক, একজন শিক্ষার্থী, একজন ধর্মপ্রাণ মুসলমান, একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কী বলতে চায়, তার কী সমস্যা, তা মনোযোগ দিয়ে শোনেন। দেশের একজন নাগরিকও যাতে বলতে না পারে, কেউ আমাদের খোঁজ নেয় না, নির্বাচন এলেই কেবল নেতারা ভোটের জন্য ছুটে আসেন প্রথাগত এই রাজনীতির বাইরে গিয়ে তারেক রহমান রাজনীতি করে চলেছেন। সুদূরে থেকেও তিনি সাধারণ মানুষের কাছাকাছি রয়েছেন।

তার দলের কথাই যদি ধরি, একজন সাংবাদিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে জেনেছি, ইউনিয়ন পর্যায়ের একজন নেতার সাথেও তিনি ফোনে সরাসরি কথা বলেন। তারেক রহমানের নেতৃত্বের গুণাবলীটা এখানেই। এ কারণেই সুদীর্ঘকাল ধরে হাসিনার প্রবল আক্রমণের মুখে একজন নেতাকর্মীও তাকে এবং দল ছেড়ে যায়নি। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন, তিনি গ্রামে-গঞ্জে হেঁটে বেড়িয়েছেন। সাধারণ মানুষের কাছাকাছি থেকেছেন। হাঁটতে হাঁটতে জীর্ণশীর্ণ কৃষকের কুটিরে গিয়ে বিশ্রাম নিয়েছেন। সেই পিতার সন্তান তিনি। তিনি সেই মায়ের সন্তান, যিনি দেশের জন্য জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন। মত্যুর মুখেও আপোস করেননি। মাটি ও মানুষ ঘেঁষা একটি পরিবার, যা শুধু দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গকৃত, সেই পরিবারের সন্তান তো এমনই হওয়ার কথা।

শহীদ জিয়ার রক্ত তার ধমনীতে বহমান। সেই রক্ত কথা বলবে, এটাই স্বাভাবিক। এই রক্তে জনগণ ও দেশের সাথে বেইমানীর ইতিহাস নেই। তাদের জন্মই হয়েছে, দেশ ও জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার জন্য। মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের বিপদ-আপদ, সম্পদ এমনকি মৃত্যু দিয়েও পরীক্ষা করেন। তিনি দেখতে চান, এ পরীক্ষার মধ্যে থেকে বান্দা তাঁকে স্মরণ করে কিনা। বান্দা পাস করে গেলে আল্লাহ খুশি হন, তাকে সম্মান দান করেন। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে আল্লাহ মৃত্যু দিয়ে, মৃত্যুর মুখে ফেলে পরীক্ষার মধ্যে রেখেছেন। তাদের নেতৃত্বাধীন দল বিএনপিকে ক্ষমতায় এনেছেন, আবার ক্ষমতাচ্যুতও করেছেন। সাফল্য দিয়েছেন, ব্যর্থতাও দিয়েছেন। এর মধ্যেই তারা রয়েছেন। তারেক রহমান এখন যে পরীক্ষার মধ্যে রয়েছেন, তাতে বোঝা যায়, মহান আল্লাহর রহমত তার উপর রয়েছে। তিনি উত্তীর্ণ হবেন। পরীক্ষায় পাশের জন্য যে ত্যাগ ও সংগ্রাম করতে হয়, তিনি তা করে যাচ্ছেন এবং দেশের মানুষ তা দেখছে।

তিন. স্বাধীনতার ৫৪ বছরের শাসন ব্যবস্থার মধ্যে যত সরকার ক্ষমতায় এসেছে, তার তুলনামূলক বিচার করলে এ চিত্র ভেসে উঠে যে, শহীদ জিয়ার গড়া দল বিএনপির শাসনামল ছিল দেশের মানুষের কাছে অধিক জনপ্রিয়। এ সময়ের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সরকারে ছিল। এই তিন দলের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে সিপাহী জনতার বিপ্লব ও গণঅভ্যুত্থানে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। জাতীয় পার্টিকে স্বৈরাচার হয়ে এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হয়ে বিদায় নিতে হয়েছে। বিএনপিকে তার শাসনামলগুলোতে কখনো বিপ্লব বা গণঅভ্যুত্থানের মুখোমুখি হয়ে ক্ষমতাচ্যুত হতে হয়নি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো স্বৈরাচার, ফ্যাসিস্ট, ফেরাউনের খেতাব লাভ করেনি। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, দেশের মানুষ বিএনপির প্রতি কতটা আস্থা ও বিশ্বাস রাখে।

দেশের শাসনভার তার হাতেই নিরাপদ মনে করে। এর মূল কারণ হচ্ছে, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া শুধু দেশ ও জনগণের রাজনীতি করেছেন, গণতান্ত্রিক ধারায় দেশকে কীভাবে এগিয়ে যায়, দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায়, এটাই তাদের মূল নীতি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তাঁরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি ভারতকে কোনো ধরনের ছাড় দিয়ে চলেননি। ক্ষমতায় থাকতে ভারতের সাথে আপোস করেননি। এজন্য ভারত তাদের উপর ক্ষেপা। ওয়ান ইলেভেনে বিএনপিকে যে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তা এই ভারতের কারসাজিতেই হয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তা ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজিত ষড়যন্ত্রের অংশ ছিল। ২০১৩ সালের মার্চে ভারতের তৎকালীণ প্রধানমন্ত্রী প্রণব মুখার্জী বাংলাদেশ সফরে এলে তার সাথে বেগম খালেদা জিয়া সাক্ষাৎ করেননি। কেন করেননি? বোধকরি, এ প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন নেই। তিনি ভারতের কাছে মাথা নোয়াননি। এজন্য, ভারত বেগম খালেদা জিয়া ও বিএনপির ওপর ভীষণ রেগে আছে। সে আশা করে, ক্ষমতায় যেতে ও থাকতে বিএনপি যাতে ভারতকে হাসিনার মতো কুর্নিশ করে চলে। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে জিয়া পরিবার ও বিএনপির চরিত্রে তো কোনো আপসহীনতা নেই। তারা জনগণের আকাক্সক্ষা ধারণ করে চলেন। সেই পরিবারের সন্তান এবং দলের নেতা। ফলে ভারত তাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তাতে কি বাংলাদেশের মানুষের কিছু যায় আসে! তারা তো তাদেরকেই চায়, যার হাতে দেশ ও জনগণ নিরাপদ। তারা চায়, ভারতের আগ্রাসনবিরোধী জিয়া পরিবার ও তার উত্তরসূরী তারেক রহমানকে। দেশের নেতৃত্ব তারা এর বাইরে দেবে কেন?

চার. গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। দেশকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করার ক্ষেত্রে তারেক রহমান ছাড়া সক্ষম কোনো রাজননৈতিক নেতা এ মুহূর্তে নেই। হাসিনার ভেঙে দেয়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, অর্থনৈতিক শোচনীয় পরিস্থিতি থেকে উত্তরণ এবং গণতন্ত্রকে সুসংহত করার মতো দক্ষ, প্রাজ্ঞ, দূরদর্শী ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা নেই বললেই চলে। তারেক রহমানই সেই নেতা যিনি যুগের পর যুগ নিজেকে দক্ষ, প্রাজ্ঞ-বিজ্ঞ, দূরদর্শী নেতায় পরিণত করে জনগণের আস্থা অর্জন করেছেন। বাংলাদেশের মানুষের আত্মপরিচয় এবং বৈশিষ্ট্য ধারণ করেন। যিনি শহীদ জিয়ার জাতীয়তাবাদ, যা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবচ, তার ধারক-বাহক। দিল্লি নয়, পিন্ডি নয় ‘সবার আগে বাংলাদেশ’কে তিনি বিশ্বে প্রতিষ্ঠিত করতে চান।

দেশের ধর্ম, বর্ণ, ডান-বাম, নির্বিশেষে সকল মতপথের মানুষকে নিয়ে একটি ‘রেইনবো নেশনে’ পরিণত করতে চান। বাংলাদেশ যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এবং বিশ্বে ‘মডারেট মুসলিম কান্ট্রি’ হিসেবে পরিচিত, যেখানে উগ্রবাদের ঠাঁই নেই, সেই বাংলাদেশকে তিনি ধারণ করেন। আমরা দেখছি, পাকিস্তান একজন যোগ্য নেতার অভাবে কীভাবে ধুঁকছে। সঠিক নেতৃত্বের অভাবে গণতন্ত্র দুর্বল হচ্ছে। বাংলাদেশ এখন এমনই এক ক্রান্তিকাল অতিক্রম করছে। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানিসহ অর্থনৈতিক খাতে চরম স্থবিরতা বিরাজ করছে। মানুষের আয় কমে গেছে, বেকারত্ব হু হু করে বাড়ছে। এর মধ্যে দেশকে অশান্ত ও অস্থিতিশীল করে তুলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পতিত আওয়ামী লীগ ও ভারতসহ নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। একের পর এক ভয়াবহ ঘটনা ঘটছে। দেশ যেন এক উত্তাল সাগরের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে একজন দক্ষ ক্যাপ্টেন প্রয়োজন। দেশ এই ক্যাপ্টেনের অভাব বোধ করছে, যিনি দেশকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেবেন। তারেক রহমান সেই দক্ষ ক্যাপ্টেন, যার বিকল্প নেই এবং যিনি দেশের হাল ধরলে দেশ লক্ষ্য খুঁজে পাবে। দলের প্রয়োজনে নয়, দেশের প্রয়োজনে তাকে ভীষণ প্রয়োজন।

darpan.journalist@gmail.com