আপোসহীন দেশনেত্রী গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া অবশেষে আপোস করতে বাধ্য হলেন মৃত্যুর সঙ্গে। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, ইসলাম ও বাংলাদেশি জাতীয়তাবাদের নিশান বরদার, জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে রইলেন নতুন বাংলাদেশ গড়ার নেপথ্য অনুপ্রেরণা। যতদিন বাংলাদেশ থাকবে ততোদিন এই আপোসহীন দেশনেত্রী বাঙালি জাতির স্মৃতিতে, স্মরণে, মননে ও সংগ্রামে এক অবিসংবাদিত বাতিঘর হয়ে থাকবেন জাতীয় ঐক্যের প্রবাদ-প্রতীক হিসেবে। জাতি যুগ যুগ ধরে তাঁকে ধারণ করবে শ্রদ্ধার উচ্চ শিরোপায়।\r\nইতিহাসে সত্যিই এ এক বিরল সাহসী ও দেশপ্রেমিক পরিবার, যে পরিবারের পিতা একজন দেশবরেণ্য, বিশ্ব-নন্দিত রাষ্ট্রনায়ক এবং মুক্তিযুদ্ধে বীর সেক্টর কমান্ডার।

এই পরিবারের মা দেশনেত্রী এবং গণতন্ত্রের জননী, তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাদের জ্যেষ্ঠপুত্র তারুণ্যের অহংকার,আগামীর রাষ্ট্রনেতা, যিনি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়াবাদী দল -এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশি জাতীয়াবাদ রাষ্ট্র-দর্শনের বলিষ্ঠ প্রবক্তা। ইতিহাসের বাঁকে বাঁকে দেশ ও জাতির যে কোনো সংকট ও ক্রান্তিকালে এই দেশপ্রেমিক পরিবারটিই জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং ভবিষ্যতের জাতীয় নেতা ও জননন্দিত রাষ্ট্রনায়ক তারেক রহমানের কথা বলছি।\r\nপাকিস্তানি শাসকেরা যখন এদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে ২৫ মার্চ রাতে গণহত্যা চালিয়ে আমাদের নির্মূল করতে চেয়েছিল, দেশ যখন নেতৃত্বহীন, ব্যারাকে বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেছে, ক্ষুব্ধ সমগ্র জাতি, শেখ মুজিব বন্দি হওয়ার কারণে দেশের সংকটময় মুহূর্তে অনুপস্থিত, সেই সংকটকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন অসীম সাহসী ও দেশপ্রেমিক মেজর জিয়াউর রহমান। সেই ঐতিহাসিক ঘোষাণায় উদ্বুদ্ধ হয়ে গোটা জাতি সাহস করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তিনি নিজেও যোগ দেন মুক্তিযুদ্ধে।